
রোজ এক আলুর তরকারি খেতে খেতে একঘেয়ে লাগছে? স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন আলু-টমেটোর ঝালঝাল তরকারি। সবচেয়ে বড় কথা, এই রান্নায় পেঁয়াজ বা রসুনের প্রয়োজন নেই। বাড়িতে থাকা কয়েকটি সাধারণ মশলা দিয়েই তৈরি হবে সুস্বাদু পদ। গরম লুচি, পরোটা কিংবা রুটির সঙ্গে এই তরকারি খেতে দারুণ লাগে। তবে রান্নার স্বাদ ও গ্রেভি বাড়ানোর জন্য রয়েছে একটি ছোট কৌশল। আলু ছুরি দিয়ে না কেটে হাত দিয়ে ভেঙে নিতে হবে। তাতেই গ্রেভি হবে ঘন ও মাখোমাখো।
উপকরণ
মাঝারি মাপের আলু ৪-৫টি, টমেটো ৩-৪টি, কাঁচালঙ্কা ২টি, আদা ১ ইঞ্চি, জিরে ১ চা চামচ, হিং ২ চিমটি, মৌরি গুঁড়ো আধ চা চামচ, হলুদ গুঁড়ো আধ চা চামচ, ধনে গুঁড়ো ১ চা চামচ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ১ চা চামচ, আমচুর গুঁড়ো আধ চা চামচ, কসুরি মেথি ১ চা চামচ। প্রয়োজনমতো নুন, ২ টেবিল চামচ তেল বা ঘি এবং ধনেপাতা নিন।
কীভাবে বানাবেন?
প্রথমে আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিন। এ বার ছুরি দিয়ে না কেটে হাত দিয়ে আলুগুলি বড় বড় টুকরো করে ভেঙে রাখুন। টমেটো কুচিয়ে নিন। আদা কুরিয়ে এবং কাঁচালঙ্কা কুচিয়ে রাখুন।
কড়াইয়ে তেল বা ঘি গরম করুন। তাতে জিরে ও হিং ফোড়ন দিন। জিরে ফুটতে শুরু করলে আদা ও কাঁচালঙ্কা দিয়ে কিছুক্ষণ নাড়ুন। এ বার আঁচ কমিয়ে হলুদ, ধনে, মৌরি এবং কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিন। মশলা পুড়ে যাওয়া আটকাতে সামান্য জল ছিটিয়ে দিতে পারেন।
এর পর টমেটো ও নুন দিয়ে ভাল করে কষান। টমেটো নরম হয়ে তেল ছাড়তে শুরু করলে ভেঙে রাখা আলু দিয়ে মিশিয়ে নিন। দু’মিনিট নাড়াচাড়া করে দেড় থেকে দু’কাপ গরম জল দিন। মাঝারি আঁচে ৫-৭ মিনিট ফুটতে দিন।
সব শেষে আমচুর গুঁড়ো, হাতে গুঁড়ো করে নেওয়া কসুরি মেথি এবং ধনেপাতা মেশান। আরও এক মিনিট ফুটিয়ে গ্যাস বন্ধ করুন। তৈরি আলু-টমেটোর তরকারি। চাইলে ঝাল ও টক স্বাদ নিজের পছন্দমতো কমবেশি করতে পারেন।