
ছটপুজো মানেই ঠেকুয়া। আর এই ঠেকুয়া ছাড়া এই উৎসব অসম্পূর্ণ। মূলত ছটপুজোর সময়েই তৈরি করা হয় এই সুস্বাদু পদ। কমবেশি প্রত্যেক বাঙালি বাড়িতেই অপেক্ষা থাকে, কখন তাঁদের বিহারি বন্ধু বা প্রতিবেশীর বাড়ি থেকে আসবে ছটপুজোর এই বিশেষ প্রসাদ। তবে আর সেই অপেক্ষা নয়। এ বার নিজের বাড়িতেই সহজ পদ্ধতিতে বানিয়ে নিতে পারবেন মুচমুচে ঠেকুয়া। রইল রেসিপি।
ঠেকুয়া তৈরির উপকরণ
আটা: ২ কাপ, সুজি: ১ কাপ,গুড় বা চিনি: ১ কাপ, (গুড় দিলে ঠেকুয়া বেশি নরম ও খাস্তা হয়), ঘি: ৩-৪ টেবিল চামচ (ময়নের জন্য), নারকেল কোরা বা কুচি: ৩ টেবিল চামচ, মৌরি: ১ চা চামচ, এলাচ গুঁড়ো: ১ চা চামচ, সাদা তেল বা ঘি: ভাজার জন্য পরিমাণমতো তিল: ১ চা চামচ
পদ্ধতি
প্রথমে একটি পাত্রে অল্প জল নিয়ে গরম করতে বসান। গ্যাসের আঁচ মাঝারি রেখে তাতে গুড় বা চিনি দিয়ে ভাল করে গলিয়ে নিন। তৈরি হয়ে যাবে হালকা একটি সিরা। খুব বেশি ঘন করার প্রয়োজন নেই। এ বার সিরাটি ঠান্ডা হতে দিন।
একটি বড় থালায় আটা, সুজি, মৌরি, এলাচ গুঁড়ো, তিল এবং নারকেল কোরা একসঙ্গে ভাল করে মিশিয়ে নিন।
এ বার মিশ্রণে ঘি দিয়ে হাতের সাহায্যে ভাল করে ময়ান দিন। ময়ন ঠিকঠাক হয়েছে কি না, তা বোঝার সহজ উপায় রয়েছে। মুঠোয় করে আটা চেপে ধরলে যদি দলা পাকিয়ে যায়, তা হলে বুঝবেন ময়ান ঠিক হয়েছে।
আটার মিশ্রণে অল্প অল্প করে তৈরি করে রাখা গুড় বা চিনির জল মেশাতে থাকুন। সব উপকরণ মিশিয়ে শক্ত একটি ডো তৈরি করে নিন।
খেয়াল রাখবেন, ডো যেন বেশি নরম না হয়। পরোটার ডোয়ের তুলনায় এটি কিছুটা শক্ত হওয়া প্রয়োজন।
ডো থেকে ছোট ছোট লেচি কেটে হাতের তালুর সাহায্যে চ্যাপ্টা করে নিন।
চাইলে সাঁচ ব্যবহার করে কিংবা ছুরির পিঠ দিয়ে ঠেকুয়ার গায়ে সুন্দর নকশা করে নিতে পারেন।
কড়াইতে সাদা তেল অথবা ঘি গরম করতে বসান। খেয়াল রাখবেন, তেল যেন অতিরিক্ত গরম না হয়ে যায়। গ্যাসের আঁচ মাঝারি রাখুন।
এ বার একে একে ঠেকুয়াগুলি তেলের মধ্যে ছেড়ে দিন। মাঝারি থেকে কম আঁচে সময় নিয়ে উল্টেপাল্টে ভাজুন। দু'পিঠ লালচে ও মুচমুচে হয়ে এলে তেল থেকে তুলে নিন। পুড়ে যাওয়ার ভয়ে তাড়াহুড়ো করবেন না।
মনে রাখবেন, ঠেকুয়া ঠান্ডা হওয়ার পরেই আসে তার আসল মুচমুচে ভাব। তাই তাড়াহুড়ো না করে ধৈর্য ধরে বাড়িতেই বানিয়ে ফেলুন ছটপুজোর এই সুস্বাদু প্রসাদ। এই প্রতিবেদনটি আনন্দ উৎসব ফিচারের একটি অংশ।