
সপ্তাহখানেক বা কয়েক দিনের জন্য ছুটিতে যেতে সবাই পছন্দ করেন। কিন্তু ছুটির দিনটি যতই ঘনিয়ে আসে, মানুষ তাদের ঘরের গাছপালা নিয়ে ততই চিন্তিত হয়ে পড়েন। মনে একটাই দুশ্চিন্তা ঘুরপাক খেতে থাকে—ফিরে এসে না জানি সতেজ, সবুজ গাছগুলোকে শুকিয়ে বা নেতিয়ে পড়া অবস্থায় দেখতে হয়। কারণ সামান্য একটু অসতর্কতাই গাছগুলোর মৃত্যুর কারণ হয়ে দাঁড়াতে পারে। এর ফলে অনেক সময় মানুষ ছুটির আনন্দ বা আগ্রহই হারিয়ে ফেলেন।
এরই পরিপ্রেক্ষিতে, মানুষ তাদের গাছপালা শুকিয়ে যাওয়া থেকে বাঁচাতে নানা রকম কাজ করেন। কেউ বাড়ি ছাড়ার আগে গাছগুলোতে অতিরিক্ত জল দিয়ে যান। আবার কেউ গাছর দেখাশোনা করার দায়িত্ব দিয়ে যান অন্য কাউকে। কিন্তু সব সময় এটা করা সহজ না। এই সমস্যার সহজ সমাধান কী? জানুন, কীভাবে আপনি আপনার গাছগুলোকে শুকিয়ে যাওয়া থেকে রক্ষা করতে পারেন।
ভেজা তোয়ালে আপনার গাছগুলোকে শুকিয়ে যাওয়া থেকে রক্ষা করতে সাহায্য করতে পারে। একটি ভেজা তোয়ালের সাহায্যে আপনি আপনার গাছগুলোকে সতেজ রাখতে পারেন। এটি অত্যন্ত সহজ একটি পদ্ধতি। এই পদ্ধতিতে গাছের টবের চারপাশে একটি সামান্য ভেজা তোয়ালে বা কাপড় জড়িয়ে রাখতে হয়। এই ভেজা তোয়ালে টবের মাটি দ্রুত শুকিয়ে যাওয়া রোধ করে এবং গাছের শিকড়ের চারপাশে মৃদু আর্দ্রতা ও শীতলতা বজায় রাখতে সাহায্য করে। এর ফলে টবের মাটি দীর্ঘক্ষণ আর্দ্র থাকে এবং গাছটি দ্রুত শুকিয়ে যায় না। এই সহজ কৌশলটি মাটির ভেতরে আগে থেকেই বিদ্যমান আর্দ্রতাকে দীর্ঘক্ষণ ধরে রাখতে সাহায্য করে, যার ফলে গাছটি শুকিয়ে যাওয়ার হাত থেকে রক্ষা পায়।
এই পদ্ধতিটি কীভাবে কাজে লাগাবেন?
আপনি যদি এই পদ্ধতিটি প্রয়োগ করে দেখতে চান, তবে ছুটিতে যাওয়ার আগে আপনাকে গাছগুলোতে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে নিতে হবে।
১. একটি পুরনো তোয়ালে বা কাপড় জলে ভিজিয়ে নিন।
২. এরপর কাপড়টা ভাল করে নিংড়ে নিন, যাতে শুধুমাত্র ভেজা বা আর্দ্র থাকে- কিন্তু তা থেকে যেন জল না ঝরে।
৩. তোয়ালেটি গাছের টবের চারপাশে জড়িয়ে দিন।
৪. টবটা একটি ট্রে-এর ওপর রাখুন এবং সরাসরি সূর্যের আলো পড়ে এমন জায়গা থেকে দূরে সরিয়ে রাখুন।
৫. মাঝারি বা বড় আকারের টবে লাগানো গাছগুলোর ক্ষেত্রে এই পদ্ধতিটি সবচেয়ে ভাল কাজ করে।
কোন ধরনের গাছের ক্ষেত্রে এই পদ্ধতিটি ব্যবহার করা উচিত নয়?
এই কৌশলটি সব ধরনের গাছের জন্য উপযুক্ত নয়। সাকুলেন্ট বা ক্যাকটাসের মতো গাছের ক্ষেত্রে এটি কাজ করবে না। একইভাবে, যেসব গাছ শুষ্ক মাটিতেই ভাল জন্মায়, তাদের ক্ষেত্রেও এই পদ্ধতিটি কার্যকর হবে না। এছাড়া, আপনি যদি মাত্র ৪-৫ দিনের জন্য কোথাও ঘুরতে যান, তবে গাছ শুকিয়ে যাওয়া রোধে এই পদ্ধতিটি দারুণ কার্যকর। কিন্তু দীর্ঘদিনের ছুটির ক্ষেত্রে এই পদ্ধতিটি খুব একটা কাজে আসবে না।