
যা গরম পড়েছে তাতে হালকা খাবার খেতেই ইচ্ছে করছে সকলের। এই সময় পোলাও, মাংস দেখলেই কেমন একটা লাগছে। তাছাড়া বেশি মশলাদার খাবার গরমে খাওয়া উচিত নয়। কিন্তু বাঙালির আবার মুখরোচক খাবার না হলে চলে না। তাই বাঙালি লাঞ্চ বা ডিনারে রাখতেই পারেন বেগুনের এই পদ। যেটা খেতেও ভাল আর বানানো সহজ। জেনে নিন দই বেগুনের রেসিপি।
উপকরণ: ৬টা বেগুন গোল গোল করে কাটা, ১ চা চামচ আদা বাটা, ২টো শুকনো লঙ্কা, ১/২ কাপ দই, কাজুবাটা, এক চা চামচ কাঁচা লঙ্কা বাটা, ১/২ চা চামচ ধনে গুঁড়ো, ১ চা চামচ গোটা কালো জিরে, ১ চামচ পাঁচফোড়ন, ১ চা চামচ গরম মশলার গুঁড়ো, স্বাদমতো নুন ও চিনি, আধ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ১ চিমটে হিং, ১/২ চামচ হলুদ আর ৪ টেবিল চামচ সর্ষে তেল।
পদ্ধতি: প্রথমে বেগুন কেটে নিয়ে তাতে নুন, হলুদ, লঙ্কা এবং অল্প চিনি মাখিয়ে পাঁচ-দশ মিনিট ম্যারিনেট করে রাখুন। এবার একটি পাত্রে টক দই ফেটিয়ে নিন। টক দইয়ের সঙ্গে মিশিয়ে নিন হলুদ, ধনে গুঁড়ো এবং স্বাদমতো নুন ও চিনি। এই কাজগুলো সেরে নিলে আপনার রান্না দ্রুত হয়ে যাবে।
কড়াইতে দু’চামচ সর্ষের তেল গরম করুন। এবার এতে ম্যারিনেট করে রাখা বেগুনগুলো ভাল করে ভেজে নিন। বেগুন ভেজে নিয়ে সেগুলো আলাদা পাত্রে তুলে রাখুন। এবার ওই কড়াইতে আরও দু’চামচ সর্ষের তেল গরম করুন। এবার এতে পাঁচফোড়ন, অল্প হিং, একটি গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিন। এরপর একে একে আদা বাটা, কাজু বাদাম বাটা, কাঁচা লঙ্কা বাটা ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিন। মশলাটা ভাল করে ভেজে নিন। এরপর এতে ফেটানো দইটা দিয়ে ভাল করে কষে নিন। শেষে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে ঢাকা দিয়ে দিন। ১০ মিনিট পর ঢাকনা সরিয়ে একবার নেড়ে দিন। উপর দিয়ে কাঁচা লঙ্কা চিরে করে দিয়ে দিন। ভাতের সঙ্গে পরিবেশন করুন দই বেগুন।