
অনেক সময়ই দুপুরে বা রাতে ভাত বেঁচে যায় এবং তা সরাসরি ঢুকে পড়ে ফ্রিজে। অনেকেই সেই বাসি ভাত ফেলে দেয় আবার কেউ কেউ গরম করেও খেয়ে নেয়। তবে বাসি ভাত গরম করে না খেয়ে এটা দিয়েই বানিয়ে নিতে পারেন মুখরোচক খাবার। বিকেলের স্ন্যাকসের জন্য এই বাসি ভাতের কুড়মুড়ে পকোড়া খেতে কিন্তু মন্দ লাগবে না। আসুন শিখে নিন তাহলে কীভাবে বাসি ভাত দিয়ে তৈরি করবেন টেস্টি পকোড়া।
রাইস পকোড়ার উপকরণ
২ কাপ বাসি ভাত
১ কাপ সুজি
১ কাপ টকদই
স্বাদমতো নুন
১চিমটে গোলমরিচ গুঁড়ো
ভাজার জন্য সর্ষের তেল বা সাদা তেল
পেঁয়াজকুচি
প্রণালী
বাসি ভাত ভাল করে হাতা দিয়ে ভেঙে ঝুরো ঝুরো করে নিন। একটি পাত্রে ভাতের সঙ্গে সুজি আর দই এবং স্বাদমতো নুন মিশিয়ে নিন। গোলমরিচ গুঁড়োও মিশিয়ে নিন। চাইলে পেঁয়াজকুচিও দিতে পারেন স্বাদবৃদ্ধির জন্য। দেখবেন, বেশি দলা পাকানো বা বেশি তরল যেন না হয় মিশ্রণটি। এ বার একটি কড়াইয়ে তেল গরম করুন। ভাতের মিশ্রণ থেকে ছোট ছোট করে কেটে নিয়ে হাতে গোল করে গরম তেলে ছেড়ে দিন। মাঝারি আঁচে দু’পাশ ভাল করে ভেজে নিন। সোনালি হয়ে গেলে তুলে ফেলুন। গরম গরম চায়ের সঙ্গে পরিবেশন করুন।
এর ফলে বাসি ভাত নতুন ভাবে ব্যবহার করা যায়, আবার খাবারে নতুনত্বও আসে। বাইরে থেকে কিনে আনা খাবারের চেয়ে অনেক বেশি স্বাস্থ্যসম্মত এবং সাশ্রয়ী এটি। মুচমুচে, মিষ্টি আর একটু ঝাল ঝাল এই খাবারটি ছোট-বড় সবার ভাল লাগবে। যত্ন করে ভাজলে তেল কম শোষণ করবে। কোলেস্টেরলের দুশ্চিন্তাও কমবে।