
তিনি বাঙালির ‘একমেবাদ্বিতীয়ম’ ম্যাটিনি আইডল। উত্তমকুমার। ছিলেন আদ্যোপান্ত একজন খাদ্যরসিক মানুষ। আর তাঁর ভবানীপুরের পৈতৃক হেঁশেলে একটি পদ বেশ সুপারহিট ছিল। সেটি হল- ভেটকির কাঁটা চচ্চড়ি। মা চপলাদেবীর হাতের এই রান্না খেয়ে চেটেপুটে পাত সাফ করতেন তিনি। পরবর্তীকালে সুপ্রিয়া দেবীও এই কাঁটা চচ্চড়ি রেঁধে দিতেন মহানায়ককে। মহানায়কের প্রিয় খাদ্যতালিকায় উঁকি দেওয়া যায়, তাহলে তাঁর মায়ের হাতের ‘ভেটকির কাঁটা চচ্চড়ি’র স্থান অনেক উপরে। রইল সেই কাঁটা চচ্চড়ির রেসিপি।
উপকরণ
ভেটকি মাছের কাঁটা ৫০০ গ্রাম
১ চা চামচ পাঁচফোড়ন
২ টেবিল চামচ পেঁয়াজবাটা
১ টেবিল চামচ আদা-রসুন বাটা
২ চা চামচ লঙ্কারগুঁড়ো
২টো শুকনো লঙ্কা
১ চা চামচ জিরেগুঁড়ো
১টা মাঝারি মাপের টমেটো কুচি
নুন, চিনি, তেল, হলুদ (আন্দাজমতো)
পদ্ধতি
কড়ায় তেল গরম করে মাছের কাটা হালকা করে ভেজে তুলুন। এবার সেই তেলে পাঁচফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তাতে পেঁয়াজবাটা, আদা-রসুন বাটা ও টমেটো কুচি দিন। এবার নুন, চিনি, হলুদ, জিরেগুঁড়ো, লঙ্কারগুঁড়ো দিয়ে ভাল করে কষান। মশালা কষে গেলে তাতে হাফ কাপ জল দিয়ে ভেটকি মাছের কাঁটাগুলো দিয়ে ঢেকে দিন। নামানোর আগে ধনেপাতা ছড়িয়ে দিলেই ব্যস তৈরি মহানায়ক-এর প্রিয় পদ ‘ভেটকির কাঁটা চচ্চড়ি’।