
PM Modi Demestic Travel Appeal: বিশ্বজুড়ে যুদ্ধের মেঘ আর তেলের বাজারের অস্থিরতা। এই দুইয়ের জাঁতাকলে পড়ে দেশের বিদেশি মুদ্রার ভাণ্ডারে টান পড়ার উপক্রম হয়েছে। এই সংকটকালে দেশবাসীকে সাশ্রয়ের পথ দেখালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত ১০ মে এক বিশেষ বার্তায় তিনি দেশবাসীর কাছে আর্জি জানিয়েছেন, আপদকালীন এই পরিস্থিতিতে আপাতত বিদেশ ভ্রমণ এড়িয়ে চলুন। প্রধানমন্ত্রীর মতে, ভারত এখন বিশ্বের অন্যতম বৃহৎ ‘আউটবাউন্ড’ পর্যটন বাজার। অথচ এই ভ্রমণের নেশায় প্রতি বছর দেশ থেকে কয়েক বিলিয়ন ডলার বাইরে বেরিয়ে যাচ্ছে। বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে এই ডলার রক্ষা করাই এখন সরকারের প্রধান লক্ষ্য।
রেকর্ড খরচ বিদেশ ভ্রমণে
পরিসংখ্যান বলছে, ভারতীয়দের মধ্যে বিদেশে ছুটি কাটানোর প্রবণতা আকাশছোঁয়া। রাষ্ট্রপুঞ্জের পর্যটন বিভাগের ২০২৫ সালের একটি রিপোর্ট অনুযায়ী, ২০২৪ সালে ভারতীয়রা বিদেশ ভ্রমণে প্রায় ৩৫ বিলিয়ন ডলার খরচ করেছেন। ২০১৯ সালে, অর্থাৎ অতিমারির আগে এই অঙ্কটি ছিল ২২.৯ বিলিয়ন ডলার। মাত্র পাঁচ বছরে খরচ বেড়েছে প্রায় ৪১ শতাংশ। এই মুহূর্তে চীন ও আমেরিকার পরেই ভারতীয়রা বিশ্বের অন্যতম বড় খরুচে পর্যটক হিসেবে উঠে এসেছেন। বার্নস্টাইনের প্রক্ষেপণ বলছে, ২০২৭ সালের মধ্যে এই খরচের পরিমাণ ৮৯ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে, যা ভারতকে বিশ্বের পঞ্চম বৃহত্তম পর্যটন বাজারে পরিণত করবে।
কেন এই সতর্কতা?
ইরান ও মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম চড়চড় করে বাড়ছে। ভারত তার প্রয়োজনীয় তেলের সিংহভাগই আমদানি করে। একদিকে তেলের বিল মেটানো, অন্যদিকে বিদেশ ভ্রমণে ডলারের বহির্গমন—এই জোড়া চাপে টাকার দাম রেকর্ড তলানিতে ঠেকছে। প্রধানমন্ত্রীর পরামর্শ, প্রমোদভ্রমণ বা গন্তব্য বিবাহ (ডেস্টিনেশন ওয়েডিং)-এর জন্য বিদেশের বদলে দেশের পর্যটন কেন্দ্রগুলোকেই বেছে নিন। এতে একদিকে যেমন ডলারের সাশ্রয় হবে, অন্যদিকে চাঙ্গা হবে দেশীয় অর্থনীতি।
শুধু ভ্রমণ নয়, জীবনযাত্রাতেও কিছু বদলের ডাক দিয়েছেন মোদি। তাঁর অনুরোধ, তেলের খরচ বাঁচাতে অযথা গাড়ি বের না করে গণপরিবহন বা মেট্রো ব্যবহার করুন। যেখানে সম্ভব, সেখানে ফের ‘ওয়ার্ক ফ্রম হোম’ বা বাড়ি থেকে কাজ করার পদ্ধতি চালু করার কথা বলেছেন তিনি। এছাড়া অপ্রয়োজনীয় সোনা ও রুপো কেনাতেও বিরতি দেওয়ার আর্জি জানানো হয়েছে। এক কথায়, বিশ্ব অর্থনীতির এই টালমাটাল অবস্থায় দেশবাসীকে ‘জাতীয় দায়িত্ব’ পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।