
রাজস্থানের মরুভূমির বুকে একদিকে সারি সারি সাজানো উট, ঘোড়া ও গবাদি পশু। অন্যদিকে রঙিন পাগড়ি, রাজস্থানি লোকনৃত্য, গান, উটের দৌড়, গোঁফের প্রতিযোগিতা, পাগড়ি বাঁধার লড়াই। সঙ্গে রকমারি খাবার, হস্তশিল্প এবং বিদেশি পর্যটকদের ভিড়। সব মিলিয়ে এক অন্যরকম উৎসবের আবহ। প্রতি বছর নভেম্বর মাসে রাজস্থানের পুষ্করে বসে এই বর্ণময় আয়োজন, যার নাম পুস্কর মেলা বা পুস্কর ক্যামেল ফেয়ার। ২০২৬ সালেও শুরু হয়ে গিয়েছে এই মেলা। ১৭ নভেম্বর থেকে শুরু হওয়া এই উৎসব চলবে ২৪ নভেম্বর পর্যন্ত।
শুধু উট কেনাবেচা নয়, রাজস্থানের গ্রামীণ জীবন, ঐতিহ্য, সংস্কৃতি এবং ধর্মীয় বিশ্বাসকে কাছ থেকে দেখার সুযোগ করে দেয় এই মেলা। দেশ-বিদেশের পর্যটকদের কাছে এটি অন্যতম আকর্ষণীয় উৎসব। যাঁরা নভেম্বর মাসে নতুন কোনও জায়গায় বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছেন, তাঁদের জন্য পুষ্কর হতে পারে অন্যরকম অভিজ্ঞতার ঠিকানা।
পুষ্কর মেলা কী, কেন এই মেলার আয়োজন?
রাজস্থানের আজমের জেলার পুষ্কর শহরে আয়োজিত হয় এই ঐতিহ্যবাহী মেলা। এর ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছে পশুপালন এবং ব্যবসা-বাণিজ্যের দীর্ঘ ঐতিহ্য। একসময় রাজস্থানের বিভিন্ন প্রান্ত থেকে কৃষক, পশুপালক এবং যাযাবর সম্প্রদায়ের মানুষ উট, ঘোড়া, গরু-সহ বিভিন্ন গবাদি পশু কেনাবেচার জন্য পুস্করে আসতেন। ধীরে ধীরে সেই পশুমেলাই বড় সাংস্কৃতিক উৎসবে পরিণত হয়েছে।
বর্তমানে এই মেলায় পশু কেনাবেচার পাশাপাশি নানা ধরনের প্রতিযোগিতা, লোকসংগীত, নৃত্য, গ্রামীণ খেলা এবং পর্যটনকেন্দ্রিক নানা আয়োজন থাকে। ফলে স্থানীয় ব্যবসায়ী ও পশুপালকদের পাশাপাশি পর্যটকদের কাছেও এর গুরুত্ব বেড়েছে।
২০২৬ সালে কতদিন চলবে মেলা?
এ বছর ১৭ নভেম্বর থেকে ২৪ নভেম্বর পর্যন্ত আট দিন ধরে চলবে পুষ্কর মেলা। অর্থাৎ হাতে সময় থাকলে ২৪ নভেম্বরের আগে যে কোনও দিন সেখানে পৌঁছে উৎসবের বিভিন্ন আয়োজন উপভোগ করতে পারবেন পর্যটকরা। তবে মেলার শেষের দিকে, বিশেষ করে কার্তিক পূর্ণিমাকে কেন্দ্র করে ধর্মীয় আয়োজন এবং পুণ্যস্নানের গুরুত্ব বাড়ে।
২৪ নভেম্বর পূর্ণিমার দিনটি এবারের মেলার অন্যতম গুরুত্বপূর্ণ দিন। এই সময় পুষ্কর সরোবরের ঘাটে পুণ্যস্নান, সন্ধ্যারতি এবং অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান দেখতে বহু মানুষ ভিড় করেন।
মেলার বিশেষ আকর্ষণ কী কী?
এই মেলার সবচেয়ে বড় আকর্ষণ অবশ্যই উট। রঙিন কাপড়, গয়না এবং নানা ধরনের সাজে সাজানো উটের সারি দেখতে পাওয়া যায় মেলার মাঠে। উটের প্রদর্শনী, প্যারেড এবং বিভিন্ন প্রতিযোগিতা পর্যটকদের নজর কাড়ে। ঘোড়া এবং অন্যান্য গবাদি পশুর কেনাবেচাও এই মেলার পুরনো ঐতিহ্যের অংশ।
এ ছাড়াও রয়েছে একাধিক অভিনব প্রতিযোগিতা। যেমন সবচেয়ে লম্বা গোঁফের প্রতিযোগিতা, পাগড়ি বাঁধার প্রতিযোগিতা, মাটির কলস মাথায় নিয়ে দৌড় এবং বিভিন্ন গ্রামীণ খেলা। বিদেশি পর্যটকরাও এই প্রতিযোগিতাগুলিতে অংশ নেন।
রাজস্থানের লোকসংস্কৃতির অন্যতম পরিচিত নৃত্য ঘুমর, ভবাই এবং চারি পরিবেশিত হয় মেলায়। লোকশিল্পী ও সংগীতশিল্পীদের পরিবেশনায় জমে ওঠে সন্ধ্যার অনুষ্ঠান। গিল্লি-ডান্ডা, সিতোলিয়া এবং ল্যাংড়ি ট্যাংয়ের মতো গ্রামীণ খেলাও এবারের মেলার অন্যতম আকর্ষণ। বিদেশি পর্যটকদেরও এই খেলাগুলিতে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে।
এ ছাড়াও রয়েছে খাবার ও হস্তশিল্পের বিশেষ উৎসব। ২০ থেকে ২৩ নভেম্বর শিলপগ্রামে ফুড অ্যান্ড হ্যান্ডিক্রাফ্টস ফেস্টিভ্যালের আয়োজনের কথা রয়েছে। সেখানে রাজস্থানের স্থানীয় খাবার এবং শিল্পীদের তৈরি বিভিন্ন সামগ্রী দেখার ও কেনার সুযোগ মিলবে।
পুষ্কর মেলায় কী কী খাবার পাওয়া যায়?
এই মেলায় ঘুরতে গেলে শুধু উট বা লোকসংস্কৃতি দেখলেই হবে না, এখানকার খাবারও পর্যটকদের অন্যতম আকর্ষণ। রাজস্থানি খাবারের পাশাপাশি এমন কিছু পদ পাওয়া যায়, যা অন্য জায়গায় সহজে মেলে না।
রাবড়ি মালপোয়া: পুষ্করের অন্যতম জনপ্রিয় মিষ্টি। রাবড়ি এবং মাওয়া দিয়ে তৈরি ঘন মিশ্রণ থেকে মালপুয়া বানানো হয়। ঘি বা তেলে ভেজে সোনালি করে তা এলাচের সুগন্ধযুক্ত চিনির রসে ডুবিয়ে পরিবেশন করা হয়।
খাস্তা কচুরি: সকালের জলখাবারে মুগ ডালের মশলাদার পুর দেওয়া কচুরি খেতে পারেন। সঙ্গে মিষ্টি ও টক চাটনি থাকে। কড়ি কচুরিও বেশ জনপ্রিয়। ব্রহ্মা মন্দির রোডের মোহনজি ভুজিয়াওয়ালার কড়ি কচুরি এবং মেথি পাকোড়ার কড়ির বিশেষ পরিচিতি রয়েছে।
ডাল-বাটি-চুরমা: রাজস্থানের ঐতিহ্যবাহী খাবার। গমের আটার বাটি আগুনে সেঁকে বা বেক করে তৈরি করা হয়। ঘিয়ে ডুবিয়ে তার সঙ্গে পরিবেশন করা হয় পাঁচ রকম ডালের মিশ্রণ। সঙ্গে মিষ্টি চুরমা।
মির্চি বড়া: বড় আকারের কাঁচালঙ্কার ভিতরে মশলাদার আলুর পুর দিয়ে বেসনের গোলায় ডুবিয়ে ভেজে তৈরি হয় এই পদ। ঝাল খাবার পছন্দ হলে এটি অবশ্যই চেখে দেখতে পারেন।
উটনির দুধের চা: পুস্কর মেলার অন্যতম বিশেষ আকর্ষণ। রাইকা এবং রাবারি সম্প্রদায়ের পশুপালকরা ঐতিহ্যবাহী পদ্ধতিতে আগুনের উপর এই চা তৈরি করেন। সাধারণ দুধের চায়ের তুলনায় এর স্বাদ কিছুটা আলাদা, হালকা নোনতা হতে পারে। উটনির দুধের পনির এবং অন্যান্য দুগ্ধজাত খাবারও পাওয়া যেতে পারে।
এ ছাড়াও রয়েছে পোয়া-জিলিপি, চিজ পরোটা, মাখনিয়া লস্যি, কুলহড় লস্যি এবং গোলাপের নির্যাস দিয়ে তৈরি নানা সামগ্রী। পুস্করের ক্যাফে ও রেস্তরাঁগুলিতে ইজরায়েলি খাবারেরও জনপ্রিয়তা রয়েছে। হামুস, ফালাফেল, লাবনে, জ়াতার ছাড়াও পাস্তা, পিৎজা, রাভিওলি এবং ভেগান বার্গারের মতো খাবারও পাওয়া যায়।
তবে একটি বিষয় মাথায় রাখা দরকার। পুষ্কর ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ শহর হওয়ায় সেখানে মাংস এবং মদ বিক্রির উপর নিষেধাজ্ঞা রয়েছে। স্থানীয় খাবারের বড় অংশই পেঁয়াজ-রসুন ছাড়া তৈরি হয়।
মেলার সঙ্গে ধর্মীয় যোগ রয়েছে কি?
হ্যাঁ, এই মেলার সঙ্গে ধর্মীয় বিশ্বাসের গভীর যোগ রয়েছে। এটি শুধু পশুমেলা বা পর্যটন উৎসব নয়। হিন্দু ধর্মীয় ক্যালেন্ডারের কার্তিক মাসের পূর্ণিমাকে কেন্দ্র করে পুষ্করে বিশেষ গুরুত্ব তৈরি হয়। এখানকার সরোবরকে পবিত্র বলে মনে করেন বহু হিন্দু ধর্মাবলম্বী। বিশ্বাস করা হয়, কার্তিক পূর্ণিমায় এই সরোবরে স্নান করলে পুণ্যলাভ হয় এবং পাপমোচন ঘটে।
পুষ্কর শহরের অন্যতম প্রধান ধর্মীয় আকর্ষণ ব্রহ্মা মন্দির। হিন্দু ধর্মে সৃষ্টিকর্তা ব্রহ্মার উদ্দেশে উৎসর্গীকৃত উল্লেখযোগ্য মন্দিরগুলির মধ্যে এটি অন্যতম। এছাড়াও রয়েছে বরাহ মন্দির এবং রঙ্গজি মন্দির। পুষ্কর সরোবরের চারপাশে রয়েছে ৫২টি ঘাট। সন্ধ্যায় সেখানে আরতি, মন্ত্রোচ্চারণ এবং প্রদীপ জ্বালানোর দৃশ্য পর্যটকদের আকর্ষণ করে। কার্তিক পূর্ণিমার সময়ে পুণ্যস্নান এবং মহাআরতির জন্য বিশেষ ভিড় হয়। ফলে এই মেলার সাংস্কৃতিক এবং ধর্মীয়, দু'টি দিকই সমান গুরুত্বপূর্ণ।
কত মানুষ আসেন পুষ্কর মেলায়?
এই মেলার ভিড় নিয়ে একটি বিষয় পরিষ্কার করা প্রয়োজন। মেলার নির্দিষ্ট আট দিনে কতজন পর্যটক আসেন, তার আলাদা নিশ্চিত সরকারি সংখ্যা এই মুহূর্তে পাওয়া যায়নি। তবে রাজস্থান পর্যটন দফতরের তথ্য উদ্ধৃত করে PTI জানিয়েছে, ২০২৫ সালে গোটা পুস্কর শহরে ১ কোটি ৩২ লক্ষের বেশি দেশীয় পর্যটক এবং ৬৮,৩২৭ জন বিদেশি পর্যটক এসেছিলেন। ২০২৪ সালে দেশীয় পর্যটকের সংখ্যা ছিল ১ কোটি ২৪ লক্ষ এবং বিদেশি পর্যটক ৭৪,৭২৬ জন।
২০২৬ সালের জানুয়ারি থেকে অগস্ট পর্যন্ত পুস্করে ৭০.৮৮ লক্ষের বেশি দেশীয় পর্যটক এবং ৩১,৪৫৯ জন বিদেশি পর্যটক এসেছেন বলে পর্যটন দফতরের তথ্য। মনে রাখতে হবে, এই পরিসংখ্যান গোটা শহরের পর্যটক আগমনের, শুধু মেলার দর্শকের নয়।
পশ্চিমবঙ্গ থেকে কীভাবে যাবেন, কত খরচ হতে পারে?
পশ্চিমবঙ্গ থেকে পুষ্কর যাওয়ার সবচেয়ে সুবিধাজনক উপায় হল প্রথমে রাজস্থানের জয়পুর অথবা আজমের পৌঁছনো। পুষ্করের নিকটবর্তী গুরুত্বপূর্ণ রেলস্টেশন আজমের। কলকাতা থেকে আজমেরের সরাসরি ট্রেন রয়েছে। সেখান থেকে সড়কপথে পুস্কর পৌঁছনো যায়।
ট্রেনে গেলে: কলকাতা থেকে আজমেরের দূরত্ব প্রায় ১,৮০০ কিলোমিটারের বেশি। ট্রেনভেদে যাত্রায় প্রায় ২৭ থেকে ৪১ ঘণ্টা লাগতে পারে। বিভিন্ন ট্রেনের স্লিপার ক্লাসের ভাড়া আনুমানিক ৭৪০-৮১৫ টাকা, ৩AC-এর ভাড়া ১,৮৭৫-২,০৯০ টাকা এবং ২AC-এর ভাড়া ২,৬৬৫-৩,০০০ টাকার আশপাশে দেখা যাচ্ছে। এগুলি অনলাইন বুকিং প্ল্যাটফর্মে পাওয়া ভাড়ার উদাহরণ, নির্দিষ্ট তারিখে ভাড়া ও আসন পরিবর্তিত হতে পারে।
বিমানে গেলে: কলকাতা থেকে জয়পুরের সরাসরি বিমান রয়েছে। উড়ানে সময় লাগে আনুমানিক আড়াই ঘণ্টা। নভেম্বরের বিভিন্ন তারিখে একমুখী টিকিটের ভাড়া প্রায় ৯,০০০-১৩,০০০ টাকার মধ্যে দেখা যাচ্ছে। উৎসবের দিনগুলিতে চাহিদা বেশি থাকায় ভাড়া বাড়তে পারে।
আজমের থেকে পুস্কর: আজমের থেকে পুষ্করের দূরত্ব প্রায় ১৫ কিলোমিটার। বাস, ট্যাক্সি বা অন্য স্থানীয় গাড়িতে সহজেই পৌঁছনো যায়। জয়পুর থেকে গেলে সড়কপথে প্রায় ১৪৫ কিলোমিটার পথ পাড়ি দিতে হবে।
থাকা-খাওয়ার খরচ কত?
মেলার সময় পুষ্করে হোটেল, রিসর্ট এবং তাঁবুতে থাকার ব্যবস্থা থাকে। তবে এই সময়ে পর্যটকের চাহিদা বেশি থাকায় আগে থেকে বুকিং করা জরুরি। রাজস্থান ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের প্রকাশিত ভাড়ার তথ্য অনুযায়ী, মেলার সপ্তাহে দু'জনের থাকার জন্য নন-এসি ঘরের ভাড়া প্রায় ২,৫০০ টাকা, এসি ঘর ৩,০০০ টাকা, ডিলাক্স ঘর ৪,০০০ টাকা এবং সরোবরের দৃশ্য-সহ ডিলাক্স ঘরের ভাড়া ৬,০০০ টাকা প্রতি রাত থেকে শুরু। GST অতিরিক্ত হতে পারে।
খাবার, স্থানীয় যাতায়াত, কেনাকাটা এবং দর্শনীয় স্থান ঘোরার খরচও আলাদা করে ধরতে হবে। বাজেট হোটেল বা সাধারণ থাকার ব্যবস্থা বেছে নিলে খরচ কমানো সম্ভব। অন্যদিকে উৎসবের মাঠের কাছাকাছি তাঁবু বা উন্নত মানের রিসর্টে থাকলে খরচ অনেকটাই বাড়তে পারে।
এক নজরে ভ্রমণের বাজেট: দু'জনের জন্য ট্রেনে যাতায়াত, তিন রাত থাকা, খাবার এবং স্থানীয় যাতায়াত মিলিয়ে মোটামুটি ২৫,০০০-৩৫,০০০ টাকা বাজেট রাখা যেতে পারে। বিমানে গেলে দু'জনের জন্য আনুমানিক ৪৫,০০০-৬৫,০০০ টাকা বা তার বেশি লাগতে পারে। এগুলি পরিকল্পনার জন্য আনুমানিক হিসাব, নিশ্চিত প্যাকেজ মূল্য নয়।