
North Sikkim Tourism Resume From 1 December: এক বছর পর সবে উত্তর সিকিম খুলে দেওয়া হয়েছিল পর্যটকদের জন্য। তার মধ্যেই ফের বিপর্যয়। নতুন করে লাচুংয়ের একটি ব্রিজ ভেঙে পড়ল শনিবার। এই ব্রিজটি পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণের। ছবি তোলা, ব্রিজের উপর সময় কাটানোর জন্য এটি জনপ্রিয় ছিল। আপাতত এটি ভেঙে পড়ায়, এখানে পর্যটকদের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দুপারে যাতায়াতে তেমন কোনও সমস্যা তৈরি হয়নি। কারণ সেখানে একচটি বিকল্প ব্রিজ রয়েছে। সামান্য ঘুরে ওই পথে যাতায়াত করা যাচ্ছে।
সিকিম প্রশাসনের কর্তারা মনে করছেন, লোনাক হ্রদ বিপর্যয়ের ধাক্কা প্রাথমিকভাবে সামলে নিলেও ওই সময় টানা বৃষ্টিতে দুর্বল হয়ে পড়েছিল সেতুটি। সেটি এতদিনে ভেঙে পড়ল। সেতুটি মাঝখান থেকে ভেঙে গিয়েছে। সেই সময় একটি ছোট গাড়ি সেতুটি পার হচ্ছিল। গাড়িটি মাঝখানে যেতেই সেতুটি মাঝখান থেকে ভেঙে যায়। যদিও শীতকালে নদীতে জল কম থাকায় আর ব্রিজটি একেবারে ভেঙে টুকরো না হওয়ায় গাড়ির সওয়ারিদের তেমন কোনও ক্ষতি হয়নি। সবাইকে নিরাপদে বের করে আনা হয়েছে।
চলতি মরশুমে ১ বছরের বেশি সময় পর ১ ডিসেম্বর থেকে খুলেছে উত্তর সিকিমের মঙ্গন। তবে পর্যটকদের জন্য উত্তর সিকিমের লোভনীয় ও আকর্ষণীয় জায়গাগুলি ২৫ ডিসেম্বরে খুলে দেওয়া হয়।
এমনিতে গোটা সিকিমই পর্যটনের জন্য দারুণ। তবে উত্তর সিকিমের আকর্ষণই আলাদা। একাধিক নয়নাভিরাম লেক রয়েছে। তাছাড়া লাচুং-লাচেনে সারা বছরই প্রায় বরফ থাকে। তাই এখানে যাওয়ার জন্য মুখিয়ে থাকেন পর্যটকরা। অনেকেই ভালবেসে একে সুইজারল্যান্ড বা নরওয়ের সঙ্গে তুলনা করেন, স্যাঁতসেঁতে এবং মেঘাচ্ছন্ন ওয়েদারের জন্য। বছরের একটা বড় সময় সিকিমে পর্যটকদের ভিড় লেগেই থাকে। আবহাওয়ার কারণে প্রবল বৃষ্টি হলেই ধস নামে এই এলাকায়।
অনেক সময়েই ধসের জেরে পর্যটকদের আটকে পড়ার খবর এসেছে। অনেক সময়েই ধসপ্রবণ এলাকা থেকে পর্যটকদের উদ্ধার করতে সেনার সাহায্য নিতে হয়েছে। ধসের জেরে প্রায়শই যাতায়াত ব্যবস্থা বিঘ্নিত হয়। এই কারণে সিকিমের নানা জায়গা অনেক সময়েই পর্যটনের জন্য বন্ধ হয়ে যায়।
জানা গিয়েছে, নর্থ সিকিম হাইওয়ে বিপর্যস্ত ছিল, তা মেরামত করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে অনেকটাই ভাল। তবে সেতু ভাঙলে পর্যটনে কোনও প্রভাব পড়েনি বলে জানিয়েছেন হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড ট্রাভেল ডেভলপমেন্ট নেটওয়ার্কের সম্পাদক সম্রাট সান্যাল।
সিকিম পর্যটনের তরফে একটি নোটিশ জারি করা হয়। তাতে বলা হয়েছে-
লাচুং গ্রামের সংযোগকারী সেতুটি ভেঙে পড়েছে। তবে ব্যবহারের জন্য একটি বিকল্প সেতু রয়েছে এবং সমস্ত হোটেল পাঁচ মিনিটের হাঁটা পথের দূরত্বে। মঙ্গন থেকে লাচুং, ইউমথাং এবং জিরো পয়েন্ট রোড সব ধরনের যানবাহনের জন্য উন্মুক্ত।