
নভেম্বরের মাঝামাঝি সময়ে এসে বাংলাদেশের রাজনীতি ও জনজীবন এক চরম অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। একদিকে ডিসেম্বরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ঘিরে গোপালগঞ্জে সহিংসতা ও বিজিবি মোতায়েন, অন্যদিকে মজুরি বৃদ্ধির দাবিতে নামা পোশাক শ্রমিকদের ওপর দমনপীড়ন, নারী শ্রমিক হত্যাকাণ্ড এবং রাজধানীতে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের ‘মববাজি’ বা আইন হাতে তুলে নেওয়ার অভিযোগ, সব মিলিয়ে জনমনে গভীর আতঙ্ক তৈরি হয়েছে। এই বহুমুখী সঙ্কটের মুখে সাধারণ মানুষ ও সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বড় প্রশ্ন ঘুরপাক খাচ্ছে: বাংলাদেশ কি তবে গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?
সরাসরি প্রভাব পড়েছে শেখ হাসিনার নিজ জেলা গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়ায়
রাজনৈতিক বিশ্লেষক ও গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সাম্প্রতিক এই অস্থিরতার কেন্দ্রে রয়েছে বেশ কয়েকটি সমান্তরাল ঘটনা। যুক্তরাজ্যভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠানের মাধ্যমে পাসপোর্ট আবেদন এবং ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে নতুন তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। নেতাকর্মীদের মনোবল, উচ্ছাস এবং লড়াকু মনোভাব এখন তুঙ্গে। এর সরাসরি প্রভাব পড়েছে শেখ হাসিনার নিজ জেলা গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়ায়। সেখানে বিক্ষোভ, অগ্নিসংযোগ ও হামলার ঘটনার পর প্রশাসন কঠোর অবস্থান নিয়েছে। জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ প্রশাসনের শীর্ষ পর্যায়ে রদবদলের পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আওয়ামী লীগের সমর্থক ও নেতাদের দাবি, দেশের গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে সব দলের জন্য সমান রাজনৈতিক সুযোগ নিশ্চিত করা জরুরি এবং তাঁদের নেতাকর্মীরা সারা দেশে দমন-পীড়ন ও মব হামলার শিকার হচ্ছেন।
গোপালগঞ্জের ঘটনার রেশ কাটতে না কাটতেই দেশের বিভিন্ন স্থানে পাল্টা ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর আসতে শুরু করে। ১৮ নভেম্বর সন্ধ্যায় পিরোজপুরের নাজিরপুরে আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের গ্রামের দুটি বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও আগুন ধরিয়ে দেওয়া হয়। এছাড়া সিলেটে আওয়ামী লীগ নেতার বাড়ি ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।
‘মববাজি’ ও আইন হাতে তুলে নেওয়ার বিতর্ক
সাম্প্রতিক সময়ে রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে আলোচিত ও সমালোচিত বিষয়গুলোর একটি হল বিএনপির বিভিন্ন সংগঠনের ভূমিকা। রাজধানীর শান্তিনগর এলাকা থেকে ছাত্রলীগের সাবেক এক নেতা ও সুপ্রিম কোর্টের আইনজীবীকে আটক করে পুলিশে সোপর্দ করার ঘটনায় যুবদলের এক নেতাকে সক্রিয় দেখা যায়। এর পরপরই সুপ্রিম কোর্টের আরেক আইনজীবীকে গাড়ি থেকে নামিয়ে আটকে রাখা এবং রড দিয়ে পিটিয়ে হাত ভেঙে দেওয়ার অভিযোগ ওঠে ঐ নেতা ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে। আওয়ামী লীগ নেতা মির্জা আজমের ভাই যিনি একজন অধ্যাপক এবং হার্টের বাইপাসের অপারেশন হয়েছে কিছুদিন আগেই,তাঁকেও টেনে হিঁচড়ে পুলিশের গাড়িতে ওঠাতে দেখা যায়
এই ঘটনার তীব্র সমালোচনা পরিলক্ষিত হচ্ছে সাধারণ মানুষের মধ্যে। সুপ্রিম কোর্টের আইনজীবীরাও একে আইনের শাসনের পরিপন্থী ও ‘মব সন্ত্রাস’ হিসেবে আখ্যা দিয়েছেন। অন্যদিকে, ১৮ নভেম্বর নয়াপল্টনের এক বিক্ষোভ মিছিলে রবিউল ইসলাম নয়ন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে বলেন, ঢাকা মহানগর দক্ষিণের এলাকায় কেউ রাস্তায় নামলে কাউকে ছাড় দেওয়া হবে না। সমালোচকদের মতে, দলীয় নেতাকর্মীদের এভাবে আইন নিজের হাতে তুলে নেওয়া রাষ্ট্রীয় বিচারব্যবস্থার প্রতি অনাস্থা তৈরি করছে।
রাজনৈতিক টানাপোড়েনের বাইরে দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি তৈরি পোশাক খাতের শ্রমিকরা আজ চরম সUdk' ও নিরাপত্তাহীনতায় ভুগছেন। আকাশছোঁয়া দ্রব্যমূল্যের বাজারে বর্তমান ১২,৫০০ টাকা মজুরিতে সংসার চালানো অসম্ভব হয়ে পড়ায় গাজীপুর, আশুলিয়া ও রাজধানীর মিরপুর-কাফরুল এলাকার শ্রমিকরা ন্যূনতম মজুরি ৩০,০০০ টাকা করার দাবিতে রাজপথে নেমেছেন। কিন্তু তাঁদের এই ন্যায্য দাবির আন্দোলন ঘিরে একের পর এক সহিংস ও মর্মান্তিক ঘটনা ঘটছে।
মহিলা পোশাক শ্রমিককে কুপিয়ে খুনের ভিডিও
১৮ নভেম্বর রাজধানীর মিরপুরে এক নারী পোশাক শ্রমিককে কুপিয়ে হত্যার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছয়লাপ, যা সাধারণ শ্রমিকদের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্কের জন্ম দিয়েছে। অন্যদিকে, একই দিনে রাজধানীর কাফরুলে শ্রমিকদের বিক্ষোভে পুলিশের সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেটে নারী শ্রমিক আহত হওয়ার পাশাপাশি স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে নারী শ্রমিকদের লাঞ্ছিত করার ভিডিও ছড়িয়ে পড়েছে সর্বত্র। গাজীপুর ও সাভারেও পুলিশের টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেডের আঘাতে একাধিক নারী শ্রমিক আহত হয়েছেন। অস্থিরতার জেরে ১৮ নভেম্বর পর্যন্ত গাজীপুরে ৪৯টি এবং সাভার-আশুলিয়ায় শতাধিক কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে।
সাধারণ নাগরিকদের মতে, দেশের বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান কারিগর এই নারী শ্রমিকদের ওপর প্রকাশ্য দিবালোকে হামলা, লাঞ্ছনা ও পুলিশের বেধড়ক বলপ্রয়োগ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আওয়ামী লীগ সমর্থক ও সমালোচকদের অভিযোগ, অতীতে শ্রমিকদের প্রতি যে সহনশীলতা ও মর্যাদা দেখানো হতো, বর্তমানে তা সম্পূর্ণ অনুপস্থিত; বরং শ্রমিকদের পেটের ক্ষুধার আন্দোলনকে দমন-পীড়ন ও দলীয় ক্যাডারদের দিয়ে স্তব্ধ করার চেষ্টা চলছে।
বিএনপি ও যুবদলের পাঁচজন নেতার পদত্যাগ
এদিকে ক্ষমতাসীন দল বিএনপির ভেতরেও নানা সমীকরণ ও গুজবের ডালপালা মেলছে। কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ড. এম ওসমান ফারুক শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। পাশাপাশি টুঙ্গিপাড়ায় চলমান অস্থিরতার প্রেক্ষাপটে স্থানীয় বিএনপি ও যুবদলের পাঁচজন নেতা পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
সব মিলিয়ে ডিসেম্বর মাসকে সামনে রেখে দেশের রাজনীতি এক সংবেদনশীল মোড়ে এসে দাঁড়িয়েছে। একদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, অন্যদিকে পোশাক শ্রমিকদের ন্যায্য দাবি দ্রুত আলোচনার মাধ্যমে সমাধান করা, এই দুই চ্যালেঞ্জ মোকাবিলার ওপরই নির্ভর করছে আগামী দিনগুলোর স্থিতিশীলতা।
বিঃ দ্রঃ- এই প্রতিবেদন প্রতিবেদকের সম্পূর্ণ নিজের মত। bangla.aajtak.in এর দায় নিচ্ছে না।