
Akshaya Tritiya Lucky Zodiac Signs: আজকের দিনটি সাধারণ কোনও রবিবার নয়। পঞ্জিকা মতে আজই অক্ষয় তৃতীয়া, আর জ্যোতিষশাস্ত্র বলছে, কয়েক শতাব্দী পর গ্রহ-নক্ষত্রের এমন বিরল মহামিলন ঘটছে। একটি বা দুটি নয়, একসঙ্গে সাত-সাতটি শুভ যোগের সাক্ষী থাকছে আজকের আকাশ। আয়ুষ্মান, সৌভাগ্য, গজকেশরী, ত্রিপুষ্কর, সর্বার্থ সিদ্ধি, রবি যোগ এবং মালব্য রাজযোগ, এই সাতের অমোঘ প্রভাবে আকাশছোঁয়া সাফল্যের ইঙ্গিত মিলছে। শুধু তাই নয়, এর সঙ্গে যুক্ত হয়েছে শশ যোগ ও পঞ্চমহাপুরুষ রাজযোগের মতো শক্তিশালী শক্তি। মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ আজ ঝরে পড়বে চার রাশির জাতকদের ওপর।
বৃষ রাশি
বৃষ রাশির জাতকদের জন্য আজকের সূর্যোদয় যেন নতুন আশার আলো নিয়ে এসেছে। এই বিরল যোগের প্রভাবে তাঁদের আয়ের দিগন্ত প্রসারিত হবে। আক্ষরিক অর্থেই আয়ের নতুন নতুন পথ খুলে যেতে পারে আপনাদের সামনে। জ্যোতিষীরা বলছেন, হঠাৎ কোনও সূত্র থেকে অর্থলাভের প্রবল সম্ভাবনা রয়েছে বৃষ রাশির। কর্মজীবনে আসবে উল্কার গতিতে উন্নতি। শুধু তাই নয়, আপনার আত্মবিশ্বাস এক ধাক্কায় অনেকটা বেড়ে যাবে, ব্যক্তিত্ব হয়ে উঠবে আরও আকর্ষণীয়। মা লক্ষ্মীর কৃপায় আর্থিক স্থিতি আগের চেয়ে অনেক বেশি মজবুত হতে চলেছে।
কর্কট রাশি
কর্কট রাশির জাতকদের জীবনেও আজ ইতিবাচক পরিবর্তনের হাওয়া। কর্মক্ষেত্রে পদোন্নতির পাশাপাশি বড় কোনও সুযোগ আপনার দরজায় কড়া নাড়তে পারে। যাঁরা উচ্চ বেতনের চাকরির খোঁজ করছেন, তাঁদের জন্য আজকের দিনটি স্বপ্নপূরণের হতে পারে। ব্যবসায়ীরা তাঁদের সঙ্গীর থেকে পূর্ণ সহযোগিতা পাবেন। আর্থিক অবস্থার ব্যাপক শ্রীবৃদ্ধি ঘটবে এবং মা লক্ষ্মীর আশীর্বাদ ছায়ার মতো আপনার সঙ্গে থাকবে। এক কথায়, কর্কট রাশির জন্য এই সময়টা যেন সোনায় সোহাগা।
কন্যা রাশি
কন্যা রাশির জাতকদের ভাগ্যে রয়েছে বড় কোনও আর্থিক লেনদেন বা গুরুত্বপূর্ণ চুক্তির যোগ। আজ ভাগ্য আপনার সহায়, তাই যে কাজেই হাত দেবেন, তাতেই সাফল্যের স্বাদ পাবেন। এমনকি যাঁরা বিদেশে গিয়ে ক্যারিয়ার গড়ার কথা ভাবছেন, তাঁদের সেই পরিকল্পনাও আজ বাস্তবে রূপ নিতে পারে। নতুন কোনও পরিকল্পনা কার্যকর করার এটাই সেরা সময়। পরিবারে সুখবর আসার আনন্দ যেমন থাকবে, তেমনই অর্থভাগ্যেও থাকবে চমক। ভাগ্যের চাকা আজ কন্যা রাশির অনুকূলেই ঘুরবে।
মকর রাশি
মকর রাশির জাতকদের ক্ষেত্রে আজকের দিনটি ব্যবসায়িক সাফল্যের নতুন মাইলফলক ছুঁতে পারে। নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারলে লাভের অঙ্ক কয়েক গুণ বেড়ে যাবে। কর্মজীবনে নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ আসতে পারে। সমাজে আপনার মান-সম্মান ও প্রতিপত্তি বাড়বে, এমনকি ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রেও ভালোবাসা ও টান আরও মজবুত হবে। ছাত্রদের জন্য সময়টা অত্যন্ত শুভ। আর্থিক অবস্থার উন্নতি তো হবেই, সঙ্গে দেবী লক্ষ্মীর কৃপায় কাটবে দীর্ঘদিনের অমাবস্যার আঁধার।