
আজ মঙ্গলবার আষাঢ় মাসের অমাবস্যা। একে আষাঢ়ি অমাবস্যাও বলা হয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে, অমাবস্যার দিনে সূর্য এবং চন্দ্র একই রাশিতে অবস্থান করে। এবার আষাঢ়ি অমাবস্যাতে সূর্য ও চন্দ্র একসঙ্গে মিথুন রাশিতে থাকবে। জ্যোতিষশাস্ত্রে এই অবস্থানকে শুভ বলে মনে করা হয় না। এই সময়ে অশুভ শক্তির প্রভাব বেশি থাকে। মন ও আত্মবিশ্বাসের মধ্যে ভারসাম্য বজায় রাখাও কঠিন হয়ে পড়ে। এছাড়াও, এর ঠিক পরের দিন, অর্থাৎ ১৫ই জুলাই, দেবতাদের গুরু বৃহস্পতিও অস্ত যাবে। এই বিরল সংযোগ কিছু রাশির জাতক-জাতিকার জন্য অর্থ ও কর্মজীবন সংক্রান্ত বিষয়ে অসুবিধা সৃষ্টি করতে পারে। তাই কোন কোন রাশিকে সাবধানে থাকতে হবে, জেনে নেওয়া যাক।
সিংহ রাশি:
আষাঢ় অমাবস্যার প্রভাবে স্বাস্থ্য, ভ্রমণ এবং পরিবার সংক্রান্ত খরচ বাড়তে পারে । কর্মক্ষেত্রে আপনার কথার ভুল ব্যাখ্যা হতে পারে, যা মানসিক চাপ বাড়িয়ে তুলতে পারে। ভবিষ্যতের উদ্বেগের কারণে তাড়াহুড়ো করে নেওয়া সিদ্ধান্তের ফলে ক্ষতি হতে পারে। তাই, কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে শান্তভাবে পরিস্থিতি মূল্যায়ন করাই শ্রেয়।
মকর রাশি:
এই সময়ে সম্পর্কের ক্ষেত্রে মকর রাশির জাতক-জাতিকাদের বিশেষ সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হচ্ছে। দুর্বল চন্দ্রের প্রভাবে সঠিক ও ভুলের মধ্যে সিদ্ধান্ত নিতে গিয়ে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। ভুল বোঝাবুঝি এড়াতে খোলামেলা যোগাযোগ অপরিহার্য। পার্টনারশিপ-সংক্রান্ত কোনও নথিতে স্বাক্ষর করার আগে সমস্ত দিক পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখুন। তাড়াহুড়ো করলে পারিবারিক ও আর্থিক সমস্যা বাড়তে পারে।
কন্যা রাশি:
কন্যা রাশির জাতক-জাতিকারা একটি আকর্ষণীয় বিনিয়োগ বা সম্পত্তির প্রস্তাব পেতে পারেন। তবে, শুধুমাত্র একটি ভালো প্রস্তাবের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া বুদ্ধিমানের কাজ নয়। কোনও বিনিয়োগ করার আগে, কাগজপত্র, আইনগত দিক এবং সমস্ত প্রাসঙ্গিক তথ্য সাবধানে যাচাই করুন। সামান্য অবহেলাও ভবিষ্যতে আর্থিক ক্ষতি বা প্রতারণার কারণ হতে পারে।
প্রতিকারের উপায় জানুন
আষাঢ় অমাবস্যায় ভগবান শিবকে জল নিবেদন করা শুভ বলে মনে করা হয়। গায়ত্রী মন্ত্র জপ করলে মন শান্ত হতে পারে। হনুমান চালিসাও পাঠ করা যেতে পারে। এরফলে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ে এবং নেতিবাচক শক্তি দূর হয়।