
জ্যোতিষে শনিকে কর্মফলদাতা ও ন্যায়ের দেবতা হিসাবে মনে করা হয়। এই গ্রহ রাশি পরিবর্তন করলে, তার প্রভাব দীর্ঘ সময় ধরে বিভিন্ন রাশির জাতকদের জীবনে পড়বে সেটাই স্বাভাবিক। এমনিতে এই গ্রহের চাল অতি ধীর। প্রায় আড়াই বছর অন্তর একবার রাশি পরিবর্তন করে। তেমনই আড়াই বছর পর ২০২৭ সালে শনি গোচর করতে চলেছে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তবে অদ্ভুত ভাবে আগামী বছর দু’বার রাশি পরিবর্তন করবে শনি। প্রথমে ৩ জুন মীন রাশি ছেড়ে মেষ রাশিতে প্রবেশ করবে। ৯ অগাস্ট মেষ রাশিতে বক্রী হবে। বক্রী চলনে ২০ অক্টোবর মীন রাশিতে ফিরে আসবে। শনির এই সাময়িক রাশি পরিবর্তনের ফলে লাভবান হতে পারেন মোট ৭ রাশির জাতকেরা।
মেষ রাশি
জুন মাসে শনি নিজের রাশিতে প্রবেশ করবে, এই রাশির জাতকদের সাড়েসাতির দ্বিতীয় পর্যায় শুরু হবে। চাকরি ও ব্যবসায় দায়িত্ব বাড়তে পারে। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব বা পদ পাওয়ার সম্ভাবনা থাকলেও কাজের চাপ বাড়বে। আর্থিক বিষয়ে বুঝেশুনে সিদ্ধান্ত নেওয়া জরুরি।
সিংহ রাশি
বর্তমানে এই রাশির জাতকদের উপর অষ্টম শনির প্রভাব রয়েছে। জুন মাসে শনি মেষ রাশিতে প্রবেশ করলে সাময়িকভাবে এই প্রভাব কেটে যাবে। আর্থিক ও পারিবারিক সমস্যায় কিছুটা স্বস্তি মিলতে পারে। চাকরি ও বিনিয়োগের ক্ষেত্রেও ইতিবাচক সুযোগ আসার সম্ভাবনা রয়েছে। তবে অক্টোবর মাসে শনি মীনে ফিরে গেলে আবার অষ্টম শনির প্রভাব শুরু হবে।
কন্যা রাশি
জুন মাসে শনির মেষ রাশিতে প্রবেশের ফলে এই রাশির জাতকদের অষ্টম শনি বা ধাইয়া শুরু হবে। চাকরি ও ব্যবসায় বাড়তি সতর্ক থাকতে হবে। আর্থিক বিষয়ে বাজেট করে চলা খুব জরুরি। অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন। তবে অক্টোবর মাসে শনি মীনে ফিরে গেলে এই প্রভাব শেষ হবে।
ধনু রাশি
এই রাশির জাতকদের জন্য জুন মাস থেকেই স্বস্তির সময় শুরু হতে পারে। শনি চতুর্থ ঘর থেকে পঞ্চম ঘরে প্রবেশ করায় ধাইয়ার প্রভাব সাময়িক ভাবে শেষ হবে। বাড়ি, পরিবার, সম্পত্তি ও গাড়ি সংক্রান্ত সমস্যার সমাধান হতে পারে। তবে অক্টোবর মাসে শনির স্থান প্রত্যাবর্তন হলে, আবার ধাইয়ার প্রভাব শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
মকর রাশি
এই রাশির জাতকদের জন্যও জুন মাসে নতুন করে ধাইয়া শুরু হবে। শনির মেষ রাশিতে প্রবেশের ফলে চতুর্থ ঘরে অবস্থান তৈরি হবে, যাকে কণ্টক শনি বলা হয়। বাড়ি, পরিবার, সম্পত্তি ও আর্থিক বিষয়ে কিছু চ্যালেঞ্জ আসতে পারে। পারিবারিক দায়িত্ব বাড়ার সম্ভাবনাও রয়েছে। অক্টোবর মাসে শনির মীনে প্রত্যাবর্তনের সঙ্গে এই প্রভাব শেষ হবে।
কুম্ভ রাশি
দীর্ঘদিনের সাড়েসাতির প্রভাব শেষে জুন মাসে সাময়িক স্বস্তি পেতে পারেন এই রাশির জাতকরা। আটকে থাকা কাজ খানিকটা এগোবে। চাকরি ও ব্যবসায় উন্নতির সুযোগ আসতে পারে। তবে অক্টোবর মাসে শনি মীনে ফিরলে আবার সাড়েসাতির প্রভাব শুরু হবে।
মীন রাশি
এই রাশির জাতকদের সাড়েসাতির তৃতীয় বা শেষ পর্যায় চলবে। জুনে শনি মেষে গেলেই সাড়েসাতির পর্যায়ে পার্থক্য আসবে, তৃতীয় পর্যায় শুরু হবে। তাই এই সময়ে সাফল্য পেতে গেলে বাড়তি পরিশ্রম করতে হবে। দায়িত্বো বাড়তে পারে, তবু ফল পেতে বেশ কিছুটা দেরি হতে পারে। ধৈর্য ধরে কাজ করারও প্রয়োজন রয়েছে।