
ঘুমের মধ্যে স্বপ্ন দেখা একটি স্বাভাবিক ঘটনা, তাই সব স্বপ্নের সঙ্গে কোনও অর্থ বা ভবিষ্যৎকে যুক্ত করা ঠিক নয়। জ্যোতিষী শৈলেন্দ্র পান্ডে জানাচ্ছেন, অনেক স্বপ্ন আমাদের চিন্তাভাবনা, আকাঙ্ক্ষা এবং মূল্যবোধকে প্রতিফলিত করে। তাই, সেগুলোকে ভবিষ্যতের সঙ্গে যুক্ত করা সমীচীন নয়। তবে, কিছু স্বপ্ন ভবিষ্যতের ঘটনার ইঙ্গিতও দিতে পারে। সুতরাং, যে কোনও স্বপ্নের অর্থ বোঝার আগে, তার অন্তর্নিহিত আবেগ এবং স্বপ্নের প্রকৃতি বোঝা জরুরি।
সাদা কোনও কিছুর স্বপ্ন দেখার অর্থ কী?
সাদা পাখি, সাদা পোশাক, মুক্তা নিয়ে স্বপ্ন দেখা, অথবা নিজেকে সাদা জিনিস দিয়ে ঘিরে রাখা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বিশ্বাস করা হয়, এই ধরনের স্বপ্ন জীবনে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দেয়। এটি কোনও দীর্ঘস্থায়ী সমস্যা বা দুশ্চিন্তা থেকে মুক্তির ইঙ্গিত দিতে পারে। এছাড়াও কোনও বড় বিবাদের সমাধান অথবা জীবনে শান্তি ও সুখের আগমনেরও সংকেত হতে পারে।
আমরা কেন দেব-দেবীকে নিয়ে স্বপ্ন দেখি?
যদি কোনো ব্যক্তি সারাদিন ঈশ্বরের নাম স্মরণ করেন, তাঁর আরাধনা করেন বা জপ করেন, তবে রাতে সেই ঈশ্বর সম্পর্কিত স্বপ্ন দেখা স্বাভাবিক। উদাহরণস্বরূপ, যদি কেউ নিয়মিত ভগবান কৃষ্ণ বা দেবী দুর্গার আরাধনা করেন, তবে তিনি স্বপ্নে দেব-দেবীর দর্শন পেতে পারেন। এটি মূলত অবচেতন মনের একটি প্রতিক্রিয়া, সবসময় কোনো দৈব সংকেতের প্রমাণ নয়।
সোনা, রুপা বা গয়নার স্বপ্ন দেখা:
যদি আপনি হঠাৎ স্বপ্নে সোনা, রুপা, গয়না বা টাকা দেখেন যা আপনার দৈনন্দিন চিন্তাভাবনার প্রতিফলন নয়, তবে এটি সতর্ক হওয়ার একটি লক্ষণ। স্বপ্নবিজ্ঞান অনুসারে , এই ধরনের স্বপ্ন কোনো স্বাস্থ্য সমস্যা বা কর্মক্ষেত্রে কোনো চ্যালেঞ্জের ইঙ্গিত দিতে পারে। এই সময়ে, আপনার স্বাস্থ্য এবং কাজের বিষয়ে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়।
খাবার ও পানীয়:
স্বপ্নে খাবার, মিষ্টি বা অন্য খাদ্যদ্রব্য দেখা স্থান পরিবর্তনের লক্ষণ বলে মনে করা হয়। এর অর্থ হতে পারে যে চাকরি, ব্যবসা বা অন্য কোনও কারণে আপনাকে অদূর ভবিষ্যতে স্থান পরিবর্তন করতে হতে পারে। বলা হয়ে থাকে, যখন কোনও ব্যক্তি বাড়ি থেকে দূরে কাজ বা ব্যবসা করার সুযোগ পান, তখন স্বপ্নে প্রায়শই এই ধরনের জিনিস দেখা যায়।
দুঃস্বপ্ন দেখলে কী করবেন?
যদি কোনও স্বপ্ন অশুভ বা ভীতিকর মনে হয়, তবে তা নিজের মধ্যে না রেখে পরিবার বা কোনও বিশ্বস্ত ব্যক্তির সঙ্গে ভাগ করে নেওয়া উচিত। প্রচলিত বিশ্বাস অনুসারে, এটি স্বপ্নের নেতিবাচক প্রভাব কমাতে পারে। এরপর স্নান করে ভগবান হনুমান, ভগবান শিব বা কোনো দেবীর মন্দিরে গিয়ে প্রার্থনা করাকে শুভ বলে মনে করা হয়। এটি মনে শান্তি আনে এবং একজনকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে।