
জ্যোতিষশাস্ত্রে দেবগুরু বৃহস্পতি হলেন জ্ঞান, শিক্ষা, সন্তান, অর্থ, সমৃদ্ধি, সৌভাগ্যের গ্রহ। এক বছর অন্তর রাশি পরিবর্তন করেন বৃহস্পতি। যার প্রভাব পড়ে ১২টি রাশির জীবনেই। ২০২৬ সালে বৃহস্পতির রাশি পরিবর্তনও জ্যোতিষের দিক থেকে বিশেষ গুরুত্বপূর্ণ। বিশেষ করে চাকরি আর ব্যবসায় প্রভাব পড়ে। পঞ্জিকা অনুযায়ী, ৩১ অক্টোবর দুপুর ১২টা ১ মিনিটে কর্কট রাশি ছেড়ে সিংহ রাশিতে প্রবেশ করবেন বৃহস্পতি। ২৫ জানুয়ারি পর্যন্ত সিংহ রাশিতেই অবস্থান করবেন। এরপর আবার কর্কট রাশিতে বক্রী হবেন বৃহস্পতি। পরবর্তী সময়ে ফের সিংহ রাশিতে গোচর করবেন। বৃহস্পতির সিংহ রাশিতে প্রবেশ আত্মবিশ্বাস, নেতৃত্বের ক্ষমতা, সম্মান এবং কর্মজীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে। ৩ রাশির জাতক ও জাতিকারা চাকরি ও ব্যবসায় নতুন সুযোগ পাবেন। আর্থিক পরিস্থিতির উন্নতি এবং আয়ের নতুন পথ খোলার সম্ভাবনা।
কেন গুরুত্বপূর্ণ বৃহস্পতির সিংহ রাশিতে গোচর? জ্যোতিষ অনুযায়ী, সিংহ হল সূর্যের রাশি। এই রাশিতে বৃহস্পতির প্রবেশ নেতৃত্ব, জ্ঞান, প্রতিপত্তি এবং উচ্চাকাঙ্ক্ষায় ইতিবাচক প্রভাব ফেলে। বাড়ে আত্মবিশ্বাস ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব, পদোন্নতি এবং সামাজিক সম্মান পাওয়ার সুযোগ। পঞ্জিকা অনুযায়ী, ৩১ অক্টোবর সিংহ রাশিতে প্রবেশ করবেন বৃহস্পতি। বৃহস্পতির সঙ্গে অর্থ, সমৃদ্ধির যোগ রয়েছে। তাই যে রাশিগুলির জন্য এই গোচর অনুকূল, তাঁদের আয় বৃদ্ধি, অর্থ সঞ্চয় এবং আর্থিক পরিকল্পনায় সাফল্যের সম্ভাবনা। তবে শুধুমাত্র জ্যোতিষীয় ভবিষ্যদ্বাণীর উপর নির্ভর করে কোনও বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।
সিংহ রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের জন্য এই গোচর বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ বৃহস্পতি সরাসরি সিংহ রাশিতেই প্রবেশ করবেন। ফলে আত্মবিশ্বাস বাড়ার পাশাপাশি দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজেও গতি আসতে পারে। চাকরিজীবীদের নতুন দায়িত্ব বা পদোন্নতির সুযোগ। ব্যবসায়ীদের ক্ষেত্রে নতুন যোগাযোগ এবং নতুন প্রকল্প লাভজনক হতে পারে। আর্থিক দিক থেকেও সময়টি অনুকূল হতে পারে। আয় বৃদ্ধির নতুন পথ খুলতে পারে। বিনিয়োগ থেকেও লাভের সম্ভাবনা। সমাজে মান-সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধির যোগ।
কর্কট রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের জন্য বৃহস্পতির সিংহে প্রবেশ আর্থিক দিক থেকে গুরুত্বপূর্ণ হতে পারে। আয় এবং সঞ্চয়ে উন্নতি। চাকরিতে পরিশ্রমের যথাযথ স্বীকৃতি পাবেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতাও মিলতে পারে। ব্যবসায়ীরা নতুন চুক্তিতে লাভবান হতে পারেন। আর্থিক পরিস্থিতি শক্তিশালী হওয়ার পাশাপাশি পরিবারের প্রয়োজন মেটাতেও পারবেন। দীর্ঘদিনের আর্থিক সমস্যাও ধীরে ধীরে কমতে পারে।
মকর রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের জন্য বৃহস্পতির এই গোচর কেরিয়ার এবং অর্থনৈতিক পরিবর্তন আনতে পারে। চাকরিতে নতুন দায়িত্ব। আর্থিক উন্নতির রাস্তা খুলতে পারে। চাকরি পরিবর্তনের ইচ্ছা থাকলে ভাল সুযোগ পেতে পারেন। ব্যবসায়ীদের সামনেও নতুন সুযোগ আসতে পারে। অর্থের ক্ষেত্রেও ইতিবাচক ফল পাওয়ার সম্ভাবনা। তবে বড় বিনিয়োগ বা গুরুত্বপূর্ণ আর্থিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাড়াহুড়ো না করাই ভাল।