
Jupiter Combust 2026: আগামী ১৫ জুলাই থেকে বৃহস্পতি কর্কট রাশিতে অস্ত যেতে চলেছে। এই অবস্থা চলবে ৯ অগস্ট পর্যন্ত। এরপরও বৃহস্পতি ৩১ অক্টোবর পর্যন্ত কর্কট রাশিতেই থাকবে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সূর্য যখন কর্কট রাশিতে বৃহস্পতির খুব কাছাকাছি অবস্থান করে, তখন বৃহস্পতি অস্ত যায়। এর ফলে বৃহস্পতির শুভ প্রভাব সাময়িকভাবে দুর্বল হয়ে পড়ে। শাস্ত্র মতে এই সময়ে বিয়ে, উপনয়ন, মুণ্ডনের মতো শুভ কাজ সাধারণত এড়িয়ে চলা হয়। একই সময়ে শুরু হবে চাতুর্মাসও। জ্যোতিষীদের মতে বৃহস্পতির শুভ দৃষ্টি দুর্বল হয়ে যাওয়ায় কয়েকটি রাশির জাতকদের জীবনে কিছুদিনের জন্য সাফল্যে বাধা, আর্থিক জটিলতা এবং মানসিক চাপ দেখা দিতে পারে।
কর্কট রাশির জাতকদের জন্য এই সময় কিছুটা সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। কর্কট রাশিতে বৃহস্পতি রাজযোগ সৃষ্টি করলেও অস্ত হওয়ার কারণে সেই শুভ ফল কিছুটা কমে যেতে পারে। গত কয়েক সপ্তাহ ধরে যে কাজগুলি দ্রুত এগোচ্ছিল, সেগুলিতে বিলম্ব দেখা দিতে পারে। আর্থিক পরিকল্পনায় সমস্যা তৈরি হতে পারে। বড় অঙ্কের বিনিয়োগ বা লেনদেনের ক্ষেত্রে বিশেষ সতর্ক থাকা প্রয়োজন। রাগ এবং আবেগ নিয়ন্ত্রণে না রাখতে পারলে প্রিয়জনের সঙ্গে মতবিরোধ বাড়তে পারে। স্বাস্থ্যের প্রতিও নজর রাখা জরুরি। ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চলা ভালো। তবে বাবা বা পরিবারের বয়োজ্যেষ্ঠদের পরামর্শ এই সময়ে উপকারে আসতে পারে।
মকর রাশির জাতকদের ক্ষেত্রেও বৃহস্পতি অস্ত হওয়ার প্রভাব অনুভূত হতে পারে। এতদিন বৃহস্পতির সপ্তম দৃষ্টির শুভ ফল মিললেও এবার কর্মজীবনে কিছুটা স্থবিরতা এবং চাপ বাড়তে পারে। অংশীদারিত্বের ব্যবসায় সতর্ক থাকতে হবে। প্রতিদ্বন্দ্বীরা আপনার পরিকল্পনায় বাধা দেওয়ার চেষ্টা করতে পারে। চাকরি পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়ার আগে সবদিক ভালোভাবে বিচার করা প্রয়োজন। সরকারি কাজ কিংবা আইনি বিষয়ে কোনও রকম অবহেলা করা উচিত নয়। নিজের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আস্থা বজায় থাকবে।
ধনু রাশির জাতকদের জন্যও এই সময় সহজ নাও হতে পারে। বর্তমানে বৃহস্পতি অষ্টম ভাবে অবস্থান করছে। একই সঙ্গে সূর্যও অষ্টম ভাবে থাকায় কর্মক্ষেত্রে চাপ এবং অনিশ্চয়তা বাড়তে পারে। চাকরি কিংবা ব্যবসা সংক্রান্ত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে একাধিকবার ভেবে দেখা উচিত। চিকিৎসা, গাড়ি অথবা ভ্রমণের পিছনে অতিরিক্ত খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে। পারিবারিক এবং ব্যক্তিগত সম্পর্কেও ধৈর্য ধরে চলতে হবে। হঠাৎ কোনও সমস্যার মুখোমুখি হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
মীন রাশির জাতকদের জীবনেও এই সময় কিছুটা চ্যালেঞ্জ দেখা দিতে পারে। বর্তমানে শনির সাড়ে সাতির প্রভাব চলছে। এতদিন পঞ্চম ভাবে থাকা বৃহস্পতি সেই প্রভাব কিছুটা কমিয়ে রেখেছিল। কিন্তু বৃহস্পতি অস্ত যাওয়ার ফলে শনির প্রভাব আরও বেশি অনুভূত হতে পারে। কর্মক্ষেত্রে সাফল্য পেতে আগের তুলনায় বেশি পরিশ্রম করতে হবে। আয় মোটামুটি থাকলেও ব্যয় বাড়তে পারে। সন্তান সংক্রান্ত বিষয়ে উদ্বেগ দেখা দিতে পারে। পড়ুয়াদেরও ভালো ফল পেতে আরও বেশি মনোযোগ এবং নিয়মিত পরিশ্রম করতে হবে।