
Kaalsarp Yoga April 2026 Effects: গ্রহ-নক্ষত্রের ফেরে মাঝেমধ্যেই আকাশে এমন কিছু সমাপতন ঘটে, যা মানবজীবনে গভীর প্রভাব ফেলে। জ্যোতিষশাস্ত্রে 'কালসর্প যোগ' শব্দটি সাধারণত অশুভ বা বাধার প্রতীক হিসেবে দেখা হলেও, এবারের প্রেক্ষাপট কিছুটা ভিন্ন। বর্তমানে মহাকাশে রাহু ও কেতুর মায়াজালে বন্দি হয়ে পড়েছে একাধিক গ্রহ, যার প্রভাবে তৈরি হয়েছে এই বিশেষ যোগ। তবে আশার কথা হলো, এই বিরল গ্রহবিন্যাস সবার জন্য অমঙ্গল বয়ে আনবে না। বরং আগামী ২৭ এপ্রিল পর্যন্ত তিনটি বিশেষ রাশির জাতক-জাতিকাদের ভাগ্যাকাশে দেখা দেবে সাফল্যের সূর্য।
কী এই কালসর্প যোগ?
জ্যোতিষ গণনার নিরিখে, বর্তমানে রাহু অবস্থান করছে কুম্ভ রাশিতে এবং কেতু রয়েছে সিংহ রাশিতে। এই দুই ছায়া গ্রহের মাঝে কার্যত বন্দি হয়ে রয়েছে সূর্য, শুক্র (মেষ), মঙ্গল, বুধ ও শনি (মীন)। এমনকি চন্দ্রও রয়েছে কুম্ভের ঘরে। একমাত্র বৃহস্পতি মিথুন রাশিতে অবস্থান করে এই শৃঙ্খল থেকে মুক্ত। এই অদ্ভুত মহাজাগতিক পরিস্থিতির নামই কালসর্প যোগ। ভাগ্য ফিরছে যেসব রাশির। জেনে নিন কারা রয়েছে তালিকায়।
মিথুন রাশি
বৃহস্পতির কৃপায় এই কালসর্প যোগ আপনাদের জন্য শাপে বর হতে চলেছে। ২৭ এপ্রিল পর্যন্ত সময়টা আপনার হাতের মুঠোয়। নতুন কোনো উদ্ভাবনী চিন্তাভাবনা বা আইডিয়া নিয়ে কাজ শুরু করার এটাই সেরা সুযোগ। সামাজিক মেলামেশা বা নেটওয়ার্কিং বৃদ্ধি পাবে, যা ভবিষ্যতে বড় লাভের মুখ দেখাবে। হুটহাট কোনো সিদ্ধান্ত নেওয়ার বদলে ধীরেসুস্থে এগোন, অর্থপ্রাপ্তি যোগ জোরালো।
কর্কট রাশি
আবেগের জোয়ারে ভাসলেও এই সময় আপনার মস্তিস্ক থাকবে অত্যন্ত সজাগ। বুদ্ধির জোরে কঠিন সমস্যা থেকে মুক্তি পাবেন। মনের কথা শুনে কাজ করলে কর্মক্ষেত্রে অভাবনীয় সাফল্য আসতে পারে। পেশাগত উন্নতির পাশাপাশি ব্যক্তিগত জীবনেও খুশির হাওয়া বইবে। বড় কোনো পাওনা আপনার জন্য অপেক্ষা করছে।
তুলা রাশি
এই রাশির জাতকদের জন্য সময়টা স্বপ্নপূরণের। সম্পর্কের টানাপোড়েন মিটে গিয়ে এক অদ্ভুত মাধুর্য তৈরি হবে। যারা নতুন চাকরির সন্ধানে আছেন বা পদোন্নতির আশা করছেন, তাদের জন্য ভালো খবর আসতে পারে। উপার্জনের নতুন উৎস খুলে যাওয়ার সম্ভাবনা প্রবল। অবিবাহিতদের জন্য বিয়ের আলোচনা এগোতে পারে।