
Zodiac Lucky Colours: রোজ কী রঙের জামা পরছেন, তা কি আপনার ভাগ্যেও প্রভাব ফেলতে পারে? বৈদিক জ্যোতিষ কিন্তু তেমনই ইঙ্গিত দেয়। জ্যোতিষশাস্ত্র মতে, প্রত্যেক রাশির জন্য কিছু নির্দিষ্ট রং শুভ বলে মনে করা হয়। সেই রঙের পোশাক পরলে আত্মবিশ্বাস বাড়তে পারে, মন ভাল থাকে, এমনকি কেরিয়ার ও সম্পর্কের ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়তে পারে বলে মত অনেক জ্যোতিষীর। অনেকেই বিশেষ দিন, ইন্টারভিউ, পুজো বা গুরুত্বপূর্ণ কাজের আগে রঙ বেছে পোশাক পরেন। কারণ, রঙের সঙ্গে গ্রহের যোগ রয়েছে বলেই বিশ্বাস। কোন রাশির জন্য কোন রং শুভ, জেনে নিন এক নজরে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, শুধু পোশাক নয়, বাড়ির রং, ব্যবহার করা জিনিস বা দৈনন্দিন ব্যবহারের জিনিসের ক্ষেত্রেও শুভ রঙের প্রভাব থাকতে পারে। তবে বিশেষজ্ঞদের মতে, এগুলি বিশ্বাস ও মানসিক ইতিবাচকতার সঙ্গেও জড়িত। তাই নিজের পছন্দের সঙ্গে মিলিয়ে শুভ রং ব্যবহার করাই সবচেয়ে ভাল।
মেষ রাশি
মেষ রাশির অধিপতি মঙ্গল। তাই লাল, মেরুন বা কমলা রং এই রাশির জাতকদের জন্য শুভ বলে ধরা হয়। এই রঙের পোশাক আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করতে পারে।
বৃষ রাশি
বৃষ রাশির অধিপতি শুক্র। সাদা, হালকা গোলাপি, ক্রিম বা আকাশি রং এই রাশির জন্য শুভ। এই ধরনের রং মানসিক শান্তি বজায় রাখতে সাহায্য করে বলে মনে করা হয়।
মিথুন রাশি
মিথুনের অধিপতি বুধ। সবুজ, হালকা সবুজ বা প্যাস্টেল শেড এই রাশির জন্য শুভ। পড়াশোনা, যোগাযোগ বা ব্যবসার ক্ষেত্রে এই রং ইতিবাচক প্রভাব ফেলতে পারে।
কর্কট রাশি
চন্দ্রের রাশি কর্কট। তাই সাদা, রুপালি বা হালকা নীল রং এই রাশির জাতকদের জন্য ভাল বলে মনে করা হয়। এতে মানসিক স্থিরতা বাড়ে।
সিংহ রাশি
সিংহ রাশির অধিপতি সূর্য। সোনালি, হলুদ, কমলা বা উজ্জ্বল লাল রং শুভ। নেতৃত্বের গুণ বাড়াতে এই রং সাহায্য করতে পারে বলে মত জ্যোতিষীদের।
কন্যা রাশি
কন্যা রাশির জন্য সবুজ, হালকা বাদামি বা মাটির রং শুভ। এই রং মনোসংযোগ বাড়াতে সাহায্য করে বলে বিশ্বাস।
তুলা রাশি
তুলার অধিপতি শুক্র। গোলাপি, সাদা, হালকা নীল বা ল্যাভেন্ডার রং এই রাশির জন্য ভাল। সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।
বৃশ্চিক রাশি
মঙ্গল ও কেতুর প্রভাব থাকা বৃশ্চিক রাশির জন্য গাঢ় লাল, মেরুন বা কালো শুভ বলে ধরা হয়। এই রং ব্যক্তিত্বকে আরও শক্তিশালী করে তুলতে পারে।
ধনু রাশি
ধনু রাশির অধিপতি বৃহস্পতি। হলুদ, সর্ষে বা সোনালি রং শুভ। ভাগ্য ও উন্নতির প্রতীক হিসেবে এই রংকে দেখা হয়।
মকর রাশি
শনির রাশি মকর। নীল, গাঢ় ধূসর বা কালো রং শুভ। কর্মক্ষেত্রে স্থিরতা ও ধৈর্য বাড়াতে সাহায্য করতে পারে।
কুম্ভ রাশি
কুম্ভ রাশির জন্যও নীল, বেগুনি বা কালচে রং শুভ বলে মনে করা হয়। নতুন চিন্তাভাবনা ও সৃজনশীলতায় এই রং ইতিবাচক প্রভাব ফেলতে পারে।
মীন রাশি
মীন রাশির অধিপতি বৃহস্পতি। হলুদ, সমুদ্র-নীল বা হালকা সবুজ রং শুভ। মানসিক শান্তি ও আধ্যাত্মিকতার সঙ্গে এই রঙের যোগ রয়েছে বলে মত জ্যোতিষীদের।
দ্রষ্টব্য: রাশি সংক্রান্ত প্রতিবেদন জ্যোতিষ ও লোকমতভিত্তিক। এগুলি সম্পাদকীয় বিশ্লেষণ বা সুপারিশ নয়।