
Mangal Gochar 2026: জুনের শেষভাগে বড় পরিবর্তনের সাক্ষী হতে চলেছে রাশিচক্র। আগামী ২১ জুন মঙ্গল গ্রহ মেষ রাশি ছেড়ে প্রবেশ করবে বৃষ রাশিতে। জ্যোতিষশাস্ত্র মতে, এই গোচরের প্রভাব সব ১২টি রাশির উপর পড়লেও চারটি রাশির জাতক-জাতিকাদের জীবনে চাপ, টেনশন এবং নানা ধরনের বাধা বাড়তে পারে। তাই এই সময় অতিরিক্ত সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন জ্যোতিষীরা।
মঙ্গলকে জ্যোতিষশাস্ত্রে শক্তি, সাহস, ক্রোধ, জমি ও পরাক্রমের কারক গ্রহ হিসেবে বিবেচনা করা হয়। দ্রিক পঞ্চাঙ্গ অনুযায়ী, ২১ জুন থেকে শুরু হওয়া এই গোচর প্রায় ৪৫ দিন স্থায়ী হবে। এই সময় ধৈর্য ও সংযম বজায় রাখতে পারলে অনেক সমস্যাই এড়ানো সম্ভব বলে মনে করা হচ্ছে।
বৃষ রাশি: বাড়তে পারে রাগ, সিদ্ধান্তে ভুলের আশঙ্কা
মঙ্গল সরাসরি বৃষ রাশির লগ্নভাবে অবস্থান করবে। ফলে আচরণে রাগ ও বিরক্তি বাড়তে পারে। তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা দেখা দিতে পারে, যার ফলে গুরুত্বপূর্ণ কাজ আটকে যেতে পারে।
কর্মক্ষেত্রে সহকর্মী বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মতবিরোধের সম্ভাবনাও রয়েছে। গাড়ি চালানোর সময় বিশেষ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। ছোটখাটো দুর্ঘটনা বা আঘাতের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
সিংহ রাশি: কর্মক্ষেত্রে চাপ বাড়তে পারে
সিংহ রাশির ক্ষেত্রে মঙ্গল দশম ভাব বা কর্মভাগে প্রবেশ করবে। ফলে চাকরি বা পেশাগত জীবনে কাজের চাপ উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পেতে পারে।
অহংবোধ বা আত্মবিশ্বাসের অতিরিক্ত প্রকাশ সম্পর্কের অবনতি ঘটাতে পারে। অফিস পলিটিক্স থেকে দূরে থাকা এবং ঊর্ধ্বতনদের সঙ্গে সংযত ভাষায় কথা বলুন। অন্যথায় কর্মক্ষেত্রে সমস্যার মুখে পড়তে হতে পারে।
বৃশ্চিক রাশি: দাম্পত্য জীবনে টানাপড়েন
বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ মঙ্গল। এই গোচরে মঙ্গল সপ্তম ভাব বা দাম্পত্য ও অংশীদারিত্বের ঘরে অবস্থান করবে।
ফলে জীবনসঙ্গীর সঙ্গে মতবিরোধ বাড়তে পারে। ছোট ঘটনা থেকেও বড় বিবাদ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। যাঁরা পার্টনারশিপের ব্যবসা করেন, তাঁদেরও সতর্ক থাকতে হবে। বড় আর্থিক সিদ্ধান্ত বা নতুন বিনিয়োগ আপাতত স্থগিত রাখাই ভাল বলে মত জ্যোতিষীদের।
ধনু রাশি: মানসিক চাপ ও স্বাস্থ্য সমস্যা বাড়তে পারে
ধনু রাশির ক্ষেত্রে মঙ্গল ষষ্ঠ ভাব বা শত্রু ও রোগের ঘরে অবস্থান করবে। আদালত বা আইনি বিষয়ে সাফল্যের সম্ভাবনা থাকলেও মানসিক চাপ বাড়তে পারে।
গোপন শত্রুরা সমস্যায় ফেলতে পারে। পাশাপাশি রক্তচাপ বা রক্ত-সংক্রান্ত শারীরিক সমস্যায় ভোগার আশঙ্কাও রয়েছে। অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে না রাখলে আর্থিক ভারসাম্য নষ্ট হতে পারে।
মঙ্গলের অশুভ প্রভাব কমাতে কী করবেন?
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, মঙ্গলের নেতিবাচক প্রভাব কমাতে কয়েকটি উপায় অনুসরণ করা যেতে পারে।
১. প্রতি দিন অথবা মঙ্গলবার হনুমান চালিসা পাঠ করুন।
২. রাগ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন।
৩. মঙ্গলবার গুড় খেয়ে জল পান করুন।
৪. সম্ভব হলে লাল মসুর ডাল, গুড় বা তামার পাত্র দান করুন।
দ্রষ্টব্য: রাশি সংক্রান্ত প্রতিবেদন জ্যোতিষ ও লোকমতভিত্তিক। এগুলি সম্পাদকীয় বিশ্লেষণ বা সুপারিশ নয়।