
জন্ম মাস তৈরি করে দেয় আপনার ব্যক্তিত্ব। জন্মের মাসের সঙ্গে ব্যক্তির স্বভাবের যোগসূত্র রয়েছে জ্যোতিষে। সংখ্যাতত্ত্বের মতে, প্রত্যেক মাসের আলাদা গুরুত্ব রয়েছে। কোনও নির্দিষ্ট মাসে জন্মানো মানুষের ব্যক্তিত্বে এমন কিছু লক্ষণ দেখা যায়, যা তাঁদের অন্যদের থেকে আলাদা করে তুলতে পারে। তাই আপনার জন্ম যদি অক্টোবরে হয়ে থাকে, বা আপনার কোনও প্রিয় মানুষের জন্ম এই মাসে হয়ে থাকে, তাহলে জেনে নিন অক্টোবরে জন্মানো মানুষদের ব্যক্তিত্ব।
ব্যক্তিত্ব: অক্টোবরে জন্মানো মানুষেরা আকর্ষণীয় এবং মিশুকে স্বভাবে হন। নতুন জায়গায় ঘুরতে যাওয়া, বিভিন্ন ধরনের অভিজ্ঞতা অর্জন এবং মানুষের সঙ্গে কথা বলতে তাঁরা পছন্দ করেন। তাঁদের স্বভাবে যেমন উৎসাহ থাকে, তেমনই সৃজনশীলতাও। এই গুণগুলিই ভিড়ের মধ্যে আলাদা পরিচিতি এনে দেয়।
কথাবার্তায় মাধুর্য: অক্টোবরে জন্মানো মানুষের কথাবলার ধরন বেশ প্রভাবশালী। অযথা আগ্রাসী না হয়ে নিজেদের বক্তব্য স্পষ্ট ভাবে তুলে ধরার চেষ্টা করেন তাঁরা। আত্মবিশ্বাস এবং বুদ্ধিদীপ্ত কথাবার্তার কারণে অন্যরাও তাঁদের কথা মন দিয়ে শুনতে পছন্দ করেন। নতুন কারও সঙ্গে আলাপ শুরু করাবা নিজের বক্তব্য অন্যকে বোঝানোর ক্ষেত্রে তাঁরা পারদর্শী।
সম্পর্কে ভরসাযোগ্য: অক্টোবরের জাতিক ও জাতিকারা সম্পর্ককে গুরুত্ব দেন। কাউকে আপন করে নিলে তাঁর পাশে থাকার চেষ্টা করেন। বন্ধুত্ব হোক বা প্রেমের সম্পর্ক, কাছের মানুষদের সঙ্গে তাঁদের গভীর যোগাযোগ। প্রিয়জনের কঠিন সময়ে পাশে দাঁড়ান। প্রয়োজন হলে তাঁদের হয়ে কথাও বলেন।
সৃজনশীল: অক্টোবরে জন্মানো জাতক ও জাতিকারা হন সৃজনশীল। সুন্দর এবং অভিনব জিনিস তাঁদের আকৃষ্ট করে। ফ্যাশন, শিল্প, সাজসজ্জা বা কোনও কিছু নতুনভাবে উপস্থাপনের ক্ষেত্রে তাঁদের পছন্দ অন্যদের থেকে আলাদা। সাধারণ কোনও জিনিসকেও নিজেদের মতো করে আকর্ষণীয় করে তোলেন।
ধৈর্য: অক্টোবরে জন্মানো জাতক ও জাতিকারা অকারণে বিতর্কে জড়ান না। কোনও কঠিন পরিস্থিতিতে দ্রুত প্রতিক্রিয়া না দেখিয়ে শান্ত ভাবে বিষয়টি বোঝার চেষ্টা করেন। তাই মতবিরোধের পরিস্থিতিতে দু'পক্ষের সঙ্গে কথা বলে সমাধানের পথ খুঁজে বের করেন। কঠিন সময়ে ধৈর্য ধরে রাখা তাঁদের ব্যক্তিত্বের অন্যতম বৈশিষ্ট্য।
অক্টোবরের রাশি: জ্যোতিষ অনুযায়ী, অক্টোবর মাসে তুলা এবং বৃশ্চিক রাশির জাতক, জাতিকাদের জন্ম হয়। তুলা রাশির অধিপতি শুক্র। বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল।