
অনেকেই ভাল আয় করেন। চাকরি বা ব্যবসায় অর্থের অভাব নেই। তবু মাসের শেষে দেখা যায় সঞ্চয় বলতে কিছুই নেই। বার বার আর্থিক ওঠাপড়া, হঠাৎ লাভ আবার আচমকা ক্ষতি; বৈদিক জ্যোতিষ মতে এর নেপথ্যে থাকতে পারে ‘সকট যোগ’। জ্যোতিষশাস্ত্রে এই যোগকে জীবনের নানা বাধা, অনিশ্চয়তা এবং সংগ্রামের অন্যতম কারণ হিসেবে ধরা হয়।
‘সকট’ শব্দের অর্থ সংকট। জন্মছকে চন্দ্র এবং বৃহস্পতির বিশেষ অবস্থানের ফলে এই যোগ তৈরি হয়। তবে জ্যোতিষবিদদের মতে, সকট যোগ থাকলেই যে জীবন দুর্বিষহ হবে, এমন নয়। অনেক ক্ষেত্রে এই যোগের অশুভ প্রভাব কমে যায়। আবার বিশেষ পরিস্থিতিতে এই যোগ শুভ ফলও দিতে পারে।
কীভাবে সকট যোগ তৈরি হয়?
বৈদিক জ্যোতিষ অনুসারে, জন্মছকে বৃহস্পতি যদি চন্দ্র থেকে ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশ ঘরে অবস্থান করে, অথবা চন্দ্র যদি বৃহস্পতির তুলনায় এই ঘরগুলিতে থাকে, তা হলে সকট যোগ গঠিত হয়।
চন্দ্রকে মন, আবেগ, চেতনা এবং মাতৃসুখের কারক ধরা হয়। অন্য দিকে বৃহস্পতি জ্ঞান, ভাগ্য, ধর্ম এবং সমৃদ্ধির প্রতীক। এই দুই গুরুত্বপূর্ণ গ্রহের প্রতিকূল অবস্থান জীবনে নানা বাধা এবং অস্থিরতার পরিস্থিতি তৈরি করতে পারে।
সকট যোগের প্রভাব কী?
জন্মছকে সকট যোগ থাকলে জীবনে সাফল্য পেতে তুলনামূলক বেশি পরিশ্রম করতে হতে পারে। আর্থিক স্থিতিশীলতা বজায় রাখা কঠিন হয়। অনেক সময় হঠাৎ অর্থলাভ হলেও সেই টাকা দীর্ঘদিন ধরে রাখা সম্ভব হয় না।
কর্মক্ষেত্রে বাধা, গুরুত্বপূর্ণ পরিকল্পনায় বিলম্ব, মানসিক চাপ এবং সিদ্ধান্তহীনতার মতো সমস্যাও দেখা দিতে পারে। কিছু ক্ষেত্রে পারিবারিক বা সামাজিক জীবনেও নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়।
তবে জ্যোতিষবিদদের মতে, এই যোগ থাকা ব্যক্তিরা সংগ্রামের মধ্য দিয়েই জীবনের মূল্যবান শিক্ষা অর্জন করেন এবং সময়ের সঙ্গে আরও শক্তিশালী ব্যক্তিত্ব গড়ে তোলেন।
সকট যোগের প্রভাব কখন কমে যায়?
বৃহস্পতি যদি কর্কট রাশিতে উচ্চস্থানে থাকে, অথবা নিজ রাশি ধনু কিংবা মীনে অবস্থান করে, তা হলে সকট যোগের অশুভ প্রভাব অনেকটাই কমে যেতে পারে।
একই ভাবে শক্তিশালী চন্দ্র, শুভ গ্রহের দৃষ্টি বা শুভ স্থানে অবস্থানও এই যোগের নেতিবাচক ফল হ্রাস করে। জন্মছকে রাজযোগ, গজকেশরী যোগ, ধনযোগের মতো শক্তিশালী শুভ যোগ থাকলেও সকট যোগের প্রভাব অনেকাংশে নিয়ন্ত্রিত হয়।
জ্যোতিষ মতে, চন্দ্রের উপর মঙ্গলের শুভ দৃষ্টি থাকলেও সকট যোগ ভঙ্গ হতে পারে।
শুধু একটি যোগ দেখেই সিদ্ধান্ত নেবেন না
বিশেষজ্ঞদের মতে, কোনও ব্যক্তির ভাগ্য বা ভবিষ্যৎ শুধুমাত্র একটি যোগ দেখে বিচার করা উচিত নয়। গ্রহের শক্তি, দশা-অন্তর্দশা, দৃষ্টি, রাশিচক্রের সামগ্রিক অবস্থান এবং অন্যান্য শুভ-অশুভ যোগের উপরই নির্ভর করে প্রকৃত ফলাফল।
তাই জন্মছকে সকট যোগ দেখা গেলেই আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। সম্পূর্ণ কুণ্ডলী বিশ্লেষণের পরেই এর প্রকৃত প্রভাব সম্পর্কে সিদ্ধান্তে পৌঁছনো সম্ভব।