
বাংলা ক্যালেন্ডারে শ্রাবণ মাসের শেষ সোমবার চলে গিয়েছে। তবে হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী ২৪ অগাস্ট শেষ সোমবার। আর কে না জানে, শ্রাবণ মাসের সোমবারের ব্রত অত্যন্ত পবিত্র ও ফলদায়ক। জ্যোতিষীদের মতে, ধর্মীয় ও জ্যোতিষশাস্ত্রের দিক থেকে দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ। শেষ সোমবার একাধিক শুভ রাজযোগ তৈরি হচ্ছে। ২৪ অগাস্ট সিংহ রাশিতে সূর্য ও বুধের সংযোগে তৈরি হবে বুধাদিত্য রাজযোগ। পাশাপাশি কর্কট রাশিতে উচ্চস্থানে অবস্থান করবেন দেবগুরু বৃহস্পতি। এর ফলে তৈরি হবে হংস রাজযোগ। পঞ্জিকা অনুযায়ী, এ দিন প্রীতি যোগ এবং পূর্বাষাঢ়া নক্ষত্রেরও শুভ সংযোগ রয়েছে। জ্যোতিষীদের মতে, শ্রাবণের শেষ সোমবার এই শুভ যোগগুলির প্রভাবে ৪ রাশির জাতক ও জাতিকাদের ভাগ্যোদয় হতে চলেছে।
মেষ রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের জন্য দিনটি আনন্দের হতে পারে। চাকরিতে পদোন্নতি। বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনও আর্থিক লেনদেন বা বড় প্রকল্পও এ সময় সম্পন্ন হতে পারে।
কর্কট রাশি: এই রাশিতে দেবগুরু বৃহস্পতির শক্তিশালী অবস্থানের ফলে তৈরি হচ্ছে হংস রাজযোগ। জ্যোতিষীদের মতে, শ্রাবণের শেষ সোমবার কর্কট রাশির জাতক ও জাতিকাদের ভাগ্য সহায় হতে পারে। সমাজ ও কর্মক্ষেত্রে প্রভাব এবং সম্মান বাড়বে। পরিবারে সুখ-সমৃদ্ধি আসতে পারে। আয়ের নতুন উৎস তৈরি হওয়ার সম্ভাবনা। মানসিক শান্তি মিলবে।
সিংহ রাশি: সিংহ রাশিতে সূর্য ও বুধের যুতিতে তৈরি হচ্ছে বুধাদিত্য রাজযোগ। এর প্রভাবে আত্মবিশ্বাস, সম্মান এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়তে পারে। অফিসে উচ্চপদস্থ আধিকারিকদের কাছ থেকে বড় কোনও সুবিধা পাওয়ার সম্ভাবনা। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজও গতি পেতে পারে।
ধনু রাশি: শ্রাবণের শেষ সোমবার ধনু রাশির জাতক ও জাতিকাদের জন্য অত্যন্ত শুভ হতে পারে। চাকরি এবং ব্যবসায় বড় সুযোগ আসতে পারে। ভাগ্যের সহায়তা পাবেন। হঠাৎ অর্থলাভ হতে পারে। ব্যবসায়িক সফরও সফল হওয়ার যোগ।
শ্রাবণের শেষ সোমবার কী করবেন?
সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে শিবলিঙ্গে কাঁচা দুধ, গঙ্গাজল, বেলপাতা এবং ভাং, ধুতরো অর্পণ করুন।
এরপর শিবলিঙ্গের সামনে বসে ‘ওঁ নমঃ শিবায়’ বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র ১০৮ বার জপ করতে পারেন।
পুজো শেষে কোনও দরিদ্র মানুষকে অন্ন, বস্ত্র বা সাদা কোনও সামগ্রী, যেমন দুধ, চাল বা চিনি দান করুন।