
Shani Rashi: আধ্যাত্মিক এবং জ্যোতিষ গণনার নিরিখে ২০২৬ সালের শনি জয়ন্তী এক মহেন্দ্রক্ষণ হয়ে আবির্ভূত হতে চলেছে। আগামী ১৬ মে গ্রহরাজ শনির জন্মতিথিতে আকাশমণ্ডলে তৈরি হচ্ছে এক বিরল মহাজাগতিক পরিস্থিতি, যাকে শাস্ত্রীয় ভাষায় বলা হয় ‘কেদার যোগ’। জ্যোতিষীদের দাবি, দীর্ঘ ৫০ বছর পর শনি জয়ন্তীতে এই দুর্লভ সংযোগের পুনরাবৃত্তি ঘটছে। আর এই যোগের প্রভাবেই চার রাশির জাতকদের বন্ধ ভাগ্যের দরজা খুলতে চলেছেন খোদ ন্যায়দণ্ডাধিকারী শনিদেব।
কী এই কেদার যোগ?
জ্যোতিষ শাস্ত্রের বিধান অনুযায়ী, যখন কোষ্ঠীর সাতটি ঘরে সাতটি প্রধান গ্রহ অবস্থান করে, তখনই এই ‘কেদার যোগ’ সৃষ্টি হয়। শনি জয়ন্তীর পুণ্য লগ্নে এই যোগের উপস্থিতি যেন সোনায় সোহাগা। কর্মফলদাতা শনি এই সময় সাধকদের তাঁদের নিষ্ঠার বহুগুণ বেশি সুফল প্রদান করবেন বলে মনে করা হচ্ছে।
ভাগ্য খুলছে যাদের
এই তালিকায় প্রথমেই রয়েছে মেষ রাশি। কেদার যোগের দৌলতে মেষ রাশির জাতকদের কেরিয়ারে বড়সড় উল্লম্ফন দেখা দেবে। দীর্ঘদিনের বকেয়া টাকা আদায় হওয়ার পাশাপাশি পৈতৃক সম্পত্তি থেকে লাভের মুখ দেখতে পারেন এরা। দ্বিতীয়ত, সিংহ রাশির জন্য এটি ব্যবসার প্রসারের সময়। নতুন বিনিয়োগ করলে সাফল্যের সম্ভাবনা প্রবল, মিলবে পুরনো ঋণ থেকেও মুক্তি। অন্যদিকে, শনিদেবের কৃপায় বৃশ্চিক রাশির জাতকদের আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে। উচ্চশিক্ষা বা বিদেশ যাত্রার পরিকল্পনা থাকলে এই সময়টি অত্যন্ত শুভ। তালিকায় চতুর্থ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ রাশি হলো কুম্ভ। যেহেতু শনি স্বয়ং কুম্ভ রাশির অধিপতি, তাই এই বিরল যোগের সর্বোচ্চ সুফল ভোগ করবেন এই রাশির জাতকরাই। আদালতের ঝুলে থাকা মামলা মিটে যাওয়ার পাশাপাশি আয়ের নতুন উৎস তৈরি হবে এদের।
শুভ ফল পেতে কী করবেন?
এই বিশেষ তিথিতে শনি মন্দিরে সর্ষের তেলের প্রদীপ জ্বালানো অত্যন্ত মঙ্গলজনক। পাশাপাশি কালো তিল, কালো বিউলির ডাল এবং লোহা দান করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। ‘ॐ শং শনৈশ্চরায় নমঃ’ মন্ত্র জপে তুষ্ট হবেন গ্রহরাজ।