
২০২৬ সাল ক্রমশ শেষের দিকে। জ্যোতিষের দৃষ্টিতে গ্রহের অবস্থান বলে দেয় কোনও ব্যক্তির নতুন বছর কেমন যাবে। এর মধ্যে বিশেষ গুরুত্ব পেয়েছে শনির অবস্থান। জ্যোতিষ মতে, শনির প্রভাবের কারণে জীবনে নানা পরিবর্তন, বাধা ও ওঠাপড়ার মুখে পড়তে পারেন জাতক ও জাতিকারা। ২০২৬ সালে কয়েকটি রাশির উপর শনির সাড়ে সাতির প্রভাব বজায় ছিল। এই সময়ে কাজের ক্ষেত্রে বাড়তি পরিশ্রম, শারীরিক সমস্যা এবং ব্যবসায় নানা পরিবর্তনের মতো পরিস্থিতির মুখোমুখি হয়েছেন তাঁরা। ২০২৭ সালে কোন কোন রাশির উপর শনির সাড়ে সাতির প্রভাব থাকবে? কোন কোন রাশির জাতকদের কাজকর্ম ও আচরণের ক্ষেত্রে বিশেষ সতর্ক থাকা প্রয়োজন? চলুন জেনে নেওয়া যাক।
জ্যোতিষশাস্ত্রের গণনা অনুযায়ী, ২০২৭ সালে ৪ রাশির জাতক ও জাতিকাদের উপর শনির সাড়ে সাতির প্রভাব বিভিন্ন পর্যায়ে দেখা যেতে পারে। ২০২৭ সালের ৩ জুন শনি মেষ রাশিতে প্রবেশ করবে। সেই সময় বৃষ রাশির জাতক ও জাতিকাদের উপর শনির সাড়ে সাতির প্রথম পর্যায় শুরু হবে। অন্যদিকে, কুম্ভ রাশির জাতক ও জাতিকারা সাময়িকভাবে এই প্রভাব থেকে স্বস্তি পেতে পারেন। তবে পরবর্তী সময়ে শনির গতির পরিবর্তনের কারণে পরিস্থিতি আবার বদলাতে পারে। ২০২৭ সালেই ২০ অক্টোবর শনি বক্রী হয়ে মীন রাশিতে ফিরে গেলে কুম্ভ রাশির জাতকদের উপর শনির খারাপ প্রভাব শুরু হবে। সবমিলিয়ে ২০২৭ সালে শনির গতিপথের পরিবর্তনের কারণে সতর্ক থাকতে হবে ৪ রাশির জাতক ও জাতিকাদের।
মেষ রাশি: আচরণ ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকা দরকার। আর্থিক বিষয়ে ঝুঁকি এড়িয়ে চলুন। কোনও বিনিয়োগ করার আগে ভালভাবে চিন্তাভাবনা করে নেওয়া জরুরি।
বৃষ রাশি: ২০২৭ সালে শনির সাড়ে সাতির নতুন পর্যায়ে আপনি সাবধান হোন। এই সময়ে পরিবারের সদস্যদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। কোনও বিবাদ যাতে বড় আকার না নেয়, সে দিকে নজর দিন। দায়িত্বের প্রতি যত্নশীল হোন। ধৈর্যের সঙ্গে এগিয়ে চললে উপকার হতে পারে।
কুম্ভ রাশি: কাজকর্মের ক্ষেত্রে সাবধান থাকুন। কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে সব দিক খতিয়ে দেখুন। স্বাস্থ্যের বিষয়েও অবহেলা করবেন না।
মীন রাশি: ধৈর্য ধরে রাখুন। কাজে দায়িত্বশীল হোন। পরিবার ও ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে কথাবার্তা বলার সময় সংযত থাকুন। অর্থকড়ির ব্যাপারে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন।