
Parivartan Rajyog 16 July: মহাজাগতিক এক বিরল ঘটনার সাক্ষী হতে চলেছে আজকের এই বিশেষ দিনটি। জ্যোতিষশাস্ত্রে যার গুরুত্ব অপরিসীম। পাঁজি বলছে আজ ১৬ জুলাই রাত ১১টা ৪৪ মিনিটে সূর্যদেব পা রাখছেন কর্কট রাশিতে। অন্য দিকে আজই সন্ধ্যা ৭টা ৫১ মিনিটে চন্দ্রদেব প্রবেশ করবেন সিংহ রাশিতে। একই দিনে দুই মহাশক্তিশালী গ্রহের এই আসন বদল আসলে মহাকাশে এক অতি বিরল ও শুভ পরিবর্তন রাজযোগ তৈরি করতে চলেছে।
এই যোগের আসল রহস্য লুকিয়ে রয়েছে রাশি দুটির অধিপতিদের মধ্যে। কর্কট রাশির অধিপতি হলেন স্বয়ং চন্দ্রদেব আর সিংহ রাশির সিংহাসন সামলান সূর্যদেব। আজ সূর্যদেব যাচ্ছেন চন্দ্রদেবের ঘরে আর চন্দ্রদেব গিয়ে বসছেন সূর্যদেবের ঘরে। একে অপরের ঘর বদলের এই মহাজাগতিক খেলাই হলো পরিবর্তন রাজযোগ। জ্যোতিষ মতে সূর্য আমাদের মান সম্মান আত্মবিশ্বাস নেতৃত্ব আর জীবনের সাফল্যের প্রতীক। অন্য দিকে চন্দ্রদেব নিয়ন্ত্রণ করেন আমাদের মন আবেগ এবং মানসিক চিন্তাভাবনাকে। স্বাভাবিক ভাবেই এই দুই প্রধান গ্রহের ঘর বদল মানুষের কর্মজীবন মনোজগত এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার উপর বড়সড় প্রভাব ফেলতে চলেছে।
এই মহাজাগতিক সংযোগে একাধারে যেমন কারও ভাগ্য খুলে যেতে চলেছে অন্য দিকে আবার কয়েক জনের জন্য বড় ফাঁড়া অপেক্ষা করছে। মেষ, কর্কট, তুলা এবং বৃশ্চিক এই চার রাশির জাতকদের জন্য এই পরিবর্তন যোগ অত্যন্ত শুভ হতে চলেছে। এই সময় ভাগ্যদেবীর কৃপায় এঁদের ঘরে আসবে প্রচুর ধনসম্পত্তি। অনেক দিন ধরে আটকে থাকা টাকা অনায়াসেই পকেটে চলে আসবে। কর্মক্ষেত্রে মান সম্মান বাড়ার পাশাপাশি বড় কর্তাদের বাহবা মিলবে।
অন্য দিকে সিংহ, কুম্ভ, ধনু এবং মীন এই চার রাশির জাতকদের আগামী ১৮ জুলাই রাত ১১টা ৫৮ মিনিট পর্যন্ত চরম সাবধানে থাকতে হবে। কারণ ঠিক এই সময় পর্যন্ত চন্দ্রদেব, সিংহ রাশিতে থাকবেন। এই সময়ের মধ্যে ভুলভাল খরচে পকেট ফাঁকা হতে পারে অথবা কোনও বিতর্কে জড়িয়ে সম্মানহানি হতে পারে। এই চার রাশির জাতকেরা মনের অস্থিরতা সামলে যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই দশবার ভাববেন এবং মাথা ঠান্ডা রাখবেন।