
Trigrahi Yog 2026: সামনেই ফেব্রুয়ারি মাস। কুম্ভ রাশিতে একের পর এক শক্তিশালী গ্রহের সমাবেশ হতে চলেছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, ৪ ফেব্রুয়ারি থেকে ১৪ মার্চ পর্যন্ত কুম্ভ রাশিতে অত্যন্ত প্রভাবশালী ত্রিগ্রহী যোগ তৈরি হচ্ছে। সময়ের সঙ্গে এই যোগ আরও শক্তিশালী রূপ নিতে চলেছে। এর প্রভাব পড়তে পারে একাধিক রাশির জাতক-জাতিকাদের জীবনে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, কো একই রাশিতে একসঙ্গে তিনটি প্রধান গ্রহ অবস্থান করে, তখন তাকে ত্রিগ্রহী যোগ বলা হয়। চলতি ফেব্রুয়ারি মাসে কুম্ভ রাশিতে বুধ, সূর্য ও শুক্র; এই তিন গ্রহ একসঙ্গে অবস্থান করবে। ফলে এই রাশিতে তিন গ্রহের সম্মিলিত শক্তি সক্রিয় হবে। জ্যোতিষ মতে, বুধ গ্রহ বুদ্ধি, ব্যবসা, বাকশক্তি ও যুক্তির কারক। সূর্য আত্মবিশ্বাস, নেতৃত্ব ও প্রশাসনিক ক্ষমতার প্রতীক। অন্য দিকে, শুক্র গ্রহ ভোগবিলাস, সুখ-স্বাচ্ছন্দ্য, শিল্পকলার পাশাপাশি আর্থিক সমৃদ্ধির ইঙ্গিত দেয়। এই তিন গ্রহের প্রভাবে অনেক রাশির জীবনে বড়সড় পরিবর্তনের সম্ভাবনা তৈরি হচ্ছে।
জ্যোতিষ সূত্রে জানা যাচ্ছে, ৩ ফেব্রুয়ারি বুধ গ্রহ কুম্ভ রাশিতে প্রবেশ করবে। তার পর ৪ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত কুম্ভ রাশিতে বুধ, সূর্য ও শুক্র একসঙ্গে থাকবে। এই সময়েই ত্রিগ্রহী যোগ সক্রিয় হবে। ১৩ ফেব্রুয়ারি সূর্য কুম্ভ রাশিতে প্রবেশ করতেই এই যোগ আরও শক্তিশালী হয়ে উঠবে। কারণ, কুম্ভ রাশিতে তখন আগে থেকেই রাহু অবস্থান করছে। ফলে ওই সময় চতুর্গ্রহী যোগ তৈরি হবে।
এখানেই শেষ নয়। ২৩ ফেব্রুয়ারি মঙ্গল গ্রহ কুম্ভ রাশিতে প্রবেশ করলে পরিস্থিতি আরও বদলাবে। তখন কুম্ভ রাশিতে একসঙ্গে পাঁচটি গ্রহের অবস্থান হবে। অর্থাৎ তৈরি হবে পঞ্চগ্রহী মহাযোগ। ২৩ ফেব্রুয়ারি থেকে ১৪ মার্চ পর্যন্ত এই বিরল ও শক্তিশালী যোগ বজায় থাকবে। জ্যোতিষীদের মতে, এই ধরনের গ্রহসমাবেশ খুব কমই দেখা যায়। তার প্রভাবও পড়ে দীর্ঘমেয়াদে।
গ্রহগুলির সম্মিলিত প্রভাব নানা ক্ষেত্রে আলাদা আলাদা ভাবে কাজ করবে। বুধ ও রাহুর সংযোগ বুদ্ধি, জ্ঞান, প্রযুক্তি, পরিকল্পনা ও কর্মক্ষেত্রে লাভ এনে দিতে পারে। সূর্য ও মঙ্গলের যুগলবন্দি প্রশাসনিক, সরকারি ও রাজনৈতিক ক্ষেত্রের সঙ্গে যুক্তদের জন্য বিশেষ শুভ। শুক্র শিল্প, সৌন্দর্য, প্রেম ও ভৌতিক সুখ-স্বাচ্ছন্দ্যে বৃদ্ধির ইঙ্গিত দেয়। তবে রাহুর প্রভাবে কিছু মানুষের ক্ষেত্রে মানসিক দ্বন্দ্ব, বিভ্রান্তি ও ওঠানামার পরিস্থিতিও তৈরি হতে পারে।
জ্যোতিষ মতে, এই ত্রিগ্রহী যোগের সবচেয়ে বেশি সুফল পেতে পারেন তিন রাশির জাতক-জাতিকারা। এই সময় তাঁদের জীবনে উন্নতি ও নতুন সুযোগ আসতে পারে।
মেষ রাশির ক্ষেত্রে এই যোগ আর্থিক দিক থেকে অত্যন্ত শুভ। নতুন আয়ের রাস্তা খুলতে পারে। দীর্ঘদিনের সমস্যা ধীরে ধীরে কমবে। কর্মজীবনে উন্নতির ইঙ্গিত রয়েছে। কাজকর্মে স্থিরতা আসবে এবং ভবিষ্যৎ পরিকল্পনা সফল হওয়ার সম্ভাবনাও জোরালো।
কুম্ভ রাশির জাতকদের জন্য এই সময়টি নির্ণায়ক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। আত্মবিশ্বাস বাড়বে। আটকে থাকা কাজ এগোবে। কর্মক্ষেত্র ও ব্যবসায় নতুন সুযোগ আসতে পারে। বুধ ও সূর্যের সংযোগ চিন্তাভাবনা ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা মজবুত করবে। শুক্র আর্থিক পরিস্থিতি ও সামাজিক সম্মান বৃদ্ধি করতে সাহায্য করবে।
সিংহ রাশির জাতক-জাতিকাদের জন্য এই যোগ পদ, মর্যাদা ও নেতৃত্বের সুযোগ নিয়ে আসতে পারে। প্রশাসনিক, সরকারি বা রাজনৈতিক ক্ষেত্রে যুক্তদের জন্য সময়টি বিশেষ অনুকূল। কর্মক্ষেত্রে প্রভাব বাড়বে। নতুন দায়িত্ব আসতে পারে। পাশাপাশি মান-সম্মান বৃদ্ধির যোগও তৈরি হচ্ছে।
দ্রষ্টব্য: রাশি সংক্রান্ত প্রতিবেদন জ্যোতিষ ও লোকমতভিত্তিক। এগুলি সম্পাদকীয় বিশ্লেষণ বা সুপারিশ নয়।