
Zodiac Sign Puja: জন্মরাশি অনুযায়ী নির্দিষ্ট দেবতার পুজো করলে জীবনে শুভ ফল মিলতে পারে। বৈদিক জ্যোতিষশাস্ত্র তাই বলছে। জ্যোতিষ বিশারদদের মতে, প্রতিটি রাশির পিছনে একটি নির্দিষ্ট গ্রহের প্রভাব থাকে। আর সেই গ্রহকে শক্তিশালী করতে বিশেষ দেবতা বা দেবীর আরাধনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত পুজো করলে মানসিক শান্তি, আর্থিক উন্নতি এবং জীবনের বাধা কাটতে পারে বলেও বিশ্বাস। জ্যোতিষশাস্ত্র মতে, শুধুমাত্র রাশি অনুযায়ী দেবতার পুজো করলেই হবে না। নিয়মিত ভক্তিভরে প্রার্থনা, সৎ কাজ এবং ইতিবাচক মনোভাবও জীবনে শুভ প্রভাব ফেলে। অনেক জ্যোতিষী মনে করেন, নিজের ইষ্টদেবতার নাম জপ করলে গ্রহের নেতিবাচক প্রভাব অনেকটাই কমে যায়। বৈদিক জ্যোতিষে ১২টি রাশির জন্য আলাদা আলাদা দেবতার উল্লেখ রয়েছে। অনেকেই নিজের রাশি অনুযায়ী ইষ্টদেবতার পুজো করেন। এতে গ্রহদোষ কমে এবং ভাগ্যের চাকা ঘুরতে শুরু করে বলে দাবি জ্যোতিষশাস্ত্রের।
মেষ রাশি
মেষ রাশির অধিপতি গ্রহ মঙ্গল। এই রাশির জাতকদের জন্য হনুমানজি এবং মা দুর্গার পুজো অত্যন্ত শুভ বলে মনে করা হয়। মঙ্গলবার হনুমান চালিসা পাঠ করলে উপকার মেলে।
বৃষ রাশি
বৃষ রাশির উপর শুক্র গ্রহের প্রভাব বেশি। তাই মা লক্ষ্মীর আরাধনা শুভ। শুক্রবার লক্ষ্মীপুজো করলে সংসারে সমৃদ্ধি আসে বলে বিশ্বাস।
মিথুন রাশি
এই রাশির অধিপতি বুধ। গণেশের পুজো করলে শুভ ফল মেলে। বিশেষ করে পড়াশোনা এবং ব্যবসায় সাফল্য পেতে গণেশ বন্দনা করার পরামর্শ দেন জ্যোতিষীরা।
কর্কট রাশি
চন্দ্রের প্রভাব রয়েছে কর্কট রাশিতে। তাই শিবের পুজো অত্যন্ত শুভ বলে মনে করা হয়। সোমবার মহাদেবের মাথায় জল ঢাললে মানসিক অশান্তি কমতে পারে।
সিংহ রাশি
সূর্য দ্বারা প্রভাবিত সিংহ রাশির জাতকদের সূর্যদেব এবং বিষ্ণুর পুজো করা উচিত। প্রতিদিন সূর্যকে জল অর্পণ করলে শুভ ফল মেলে বলে বিশ্বাস।
কন্যা রাশি
কন্যা রাশির জাতকদের জন্য গণেশ এবং মা সরস্বতীর আরাধনা শুভ। চাকরি এবং শিক্ষাক্ষেত্রে উন্নতির জন্য এই পুজো উপকারী বলে মনে করা হয়।
তুলা রাশি
শুক্রের প্রভাবে থাকা তুলা রাশির জাতকদের মা লক্ষ্মী এবং রাধাকৃষ্ণের পুজো করতে বলা হয়। এতে দাম্পত্য জীবন সুখের হতে পারে।
বৃশ্চিক রাশি
মঙ্গল প্রভাবিত বৃশ্চিক রাশির জাতকদের হনুমানজি এবং কালীর পুজো শুভ। শত্রু দমন এবং সাহস বৃদ্ধিতে এই পুজো উপকারী বলে বিশ্বাস।
ধনু রাশি
বৃহস্পতির প্রভাব রয়েছে ধনু রাশিতে। বিষ্ণু এবং ব্রহ্মার আরাধনা শুভ বলে মনে করা হয়। বৃহস্পতিবার কলা বা হলুদ দান করলেও উপকার মেলে।
মকর রাশি
শনির প্রভাবে থাকা মকর রাশির জাতকদের শনিদেব এবং মহাদেবের পুজো করা উচিত। শনিবার শনি মন্দিরে প্রদীপ জ্বালানো শুভ।
কুম্ভ রাশি
কুম্ভ রাশির উপরও শনির প্রভাব রয়েছে। হনুমানজি এবং শনিদেবের পুজো করলে জীবনের বাধা কাটতে পারে বলে বিশ্বাস।
মীন রাশি
বৃহস্পতির অধীন মীন রাশির জাতকদের নারায়ণ এবং মা লক্ষ্মীর পুজো শুভ। ভক্তিভরে বিষ্ণু মন্ত্র জপ করলে মানসিক শান্তি পাওয়া যায়।
দ্রষ্টব্য: রাশি সংক্রান্ত প্রতিবেদন জ্যোতিষ ও লোকমতভিত্তিক। এগুলি সম্পাদকীয় বিশ্লেষণ বা সুপারিশ নয়।