
DC vs RCB Highlights: সাহিল পারেখ ০, কেএল রাহুল ১, নীতিশ রানা ১, সমীর রিজভি ০, ট্রিস্টান স্টাবস ৫, অক্ষর প্যাটেল ০। প্রথম ৬ জন দিল্ললি ব্যাটারের রান সংখ্যা এটা। ঘরের মাঠ, চেনা উইকেট। কিন্তু অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের ব্যাটিং পারফরম্যান্স দেখে বোঝার উপায় নেই যে এটি আইপিএলের কোনও ম্যাচ নাকি টেস্টে কোনও বি টিমের বিরুদ্ধে বড় কোনও টিমের পারফরম্যান্স। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) বোলারদের বিষাক্ত স্পেলে পাওয়ার প্লে-র ৬ ওভার শেষ হতেই দিল্লির স্কোরবোর্ডের কঙ্কালসার চেহারাটা বেরিয়ে এল। মাত্র ১৩ রান তুলতেই সাজঘরে প্রথম সারির ৬ ব্যাটার। ব্যাটিং বিপর্যয়ের এমন করুণ ছবি সাম্প্রতিক অতীতে খুব একটা দেখা যায়নি।
দিল্লির ইনিংসের মেরুদণ্ড ভেঙে দেওয়ার কারিগর দুই অভিজ্ঞ পেসার, ভুবনেশ্বর কুমার ও জোস হ্যাজেলউড। শুরু থেকেই আগুনের গোলা ছোটালেন তাঁরা। ভুবনেশ্বরের ইনসুইং আর হ্যাজেলউডের নিখুঁত লাইন-লেংথের সামনে দাঁড়াতেই পারলেন না দিল্লির টপ অর্ডার। দুজনেই ভাগ করে নিলেন ৩টি করে উইকেট। পাওয়ার প্লে-তে ১৩ রানে ৬ উইকেট হারানো মানেই ম্যাচ থেকে কার্যত ছিটকে যাওয়া। গ্যালারিতে তখন শ্মশানের নিস্তব্ধতা।
তবে এই ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়েও লড়াই ছাড়েননি অভিষেক পোড়েল এবং ডেভিড মিলার। পরাজয় নিশ্চিত জেনেও মান বাঁচাতে মরিয়া এই দুই বাঁ-হাতি। ধ্বংসস্তূপ থেকে দলকে টেনে তুলতে ক্রিজে এখন কার্যত লড়াই চালাচ্ছেন তাঁরা। এখন দেখার, তাঁদের এই পাল্টা লড়াই দিল্লির লজ্জার হার বাঁচাতে পারে কি না, নাকি আরসিবির দাপটে ঘরের মাঠেই চরম বিপর্যয়ের মুখে পড়বে দিল্লি।