
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নতুন সুপারস্টারের নাম বৈভব সূর্যবংশী। রাজস্থান রয়্যালসের এই বিধ্বংসী ব্যাটারকে নিয়ে চারিদিকে চর্চা। মাত্র ১৫ বছর বয়সে তাঁর ভয়ডরহীন ক্রিকেট সারা বিশ্বকেই তাক লাগিয়ে দিয়েছে। প্রতিপক্ষের তাবড় বোলারদের প্রথম থেকে আক্রমণ থেকে শুরু করে রান রেট তুঙ্গে রাখা, সমস্ত কাজটাই দারুণভাবে সামলেছেন বৈভব। আর সেই কারণেই তাঁর প্রশংসায় পঞ্চমুখ রাজস্থান রয়্যালসের হেড কোচ তথা শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক কুমার সঙ্গাকারা।
তাঁর মতে, এত কম বয়সে এমন পরিণত ক্রিকেটার খুবই বিরল। এই সিজনের শুরু থেকেই বৈভব আক্রমণাত্মক ব্যাটিং করেছেন। তিনি বোলারকে একটা সুযোগও দেননি। পাশাপাশি নিয়মিত বড় শট খেলে গিয়েছেন পাওয়ার প্লে-তে। সেই কারণেই রাজস্থান রয়্যালস পাওয়ার প্লে-তে ৬০-৭০ রান করতে পেরেছে।
দারুণ স্টার্ট দিচ্ছেন বৈভব
দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলতে নেমে শুরুতেই দলকে এগিয়ে দেন বৈভব। তিনি ২১ বলে করে ফেলেন ৪৬ রান। শুধু তাই নয়, এই গোটা সিজনে তিনি ১২ ম্যাচে ৪৮৬ রান করেছেন। তিনি ১টি সেঞ্চুরি এবং ২টি অর্ধ শতরান করেছেন। আর তাঁর আক্রমণাত্মক ব্যাটিং সবসময়ই রাজস্থান রয়্যালসকে এগিয়ে দিয়েছে।
আর এই কারণেই বৈভবের প্রশাংসায় পঞ্চমুখ সঙ্গাকারা। তিনি বলেন, 'একজন ব্যাটার যদি দ্রুত ৩০ রান করে আসে, সেটাও দলের জন্য গুরুত্বপূর্ণ। তাঁর দ্রুত রান ম্যাচকে সহজ করে দেয়। অন্যান্য ব্যাটারদের সুবিধা হয়।'
কুমার সঙ্গাকারা বিশ্বাস করেন, বৈভবের ব্যাটিংয়ের জন্য গোটা দল একটা মোমেন্টামের মধ্যে দিয়ে যাচ্ছে। পাশাপাশি তাঁর মতে, এই বাঁহাতি ব্যাটার শুধু আক্রমণাত্মক ব্যাটিং করেন না, পাশাপাশি ম্যাচের গতিপ্রকৃতি বুঝেও খেলে থাকেন।
তাঁর কথায়, 'বৈভব নিজের খেলা দারুণভাবে উপভোগ করে। ও ঘণ্টার পর ঘণ্টা ধরে ব্যাট করে। শুধু বড় শট খেলার কথা ভাবে না। ম্যাচের অবস্থা বুঝে খেলে।'
তিনি আরও বলেন, 'আমি বৈভবের সঙ্গে ক্রিকেটের বিষয়ে বেশি কথা বলি না। আমি চাই সে একটু রিল্যাক্স এবং ব্যাট করুক।
আমার থেকে ভাল ব্যাটার
সাঙ্গাকারা জানান, বৈভবের জন্য বিভিন্ন ধরনের বোলাররা স্পেশাল ট্রেনিং দেন। শর্ট বল থেকে শুরু করে সুইঙ্গিং ইয়র্কার, সবটারই ট্রেনিং দেওয়া হয়। পাশাপাশি তিনি বলেন, 'ওর খুব বেশি সাহায্যের প্রয়োজন নেই। সত্যি বলতে ও আমার থেকে অনেক ভাল প্লেয়ার।'