
রবিবার কলকাতা নাইট রাইডার্স, গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালসের। ইতিমধ্যেই প্লে অফের তিনটি টিম নিশ্চিত হয়ে গিয়েছে। শেষ একটা জায়গার জন্য লড়াই চলছে দলগুলোর মধ্যে। ফলে কাজটা খুব কঠিন অজিঙ্কা রাহানেরদের জন্য। প্রথম ছয় ম্যাচ হারের পর পরিস্থিতি খুব জটিল হয়ে উঠেছিল। সেখান থেকে তাদের এই ঘুরে দাঁড়ানো প্রশংসনীয় হলেও, কাজ হাসিল হয়নি।
কীভাবে প্লে অফে যেতে পারে কলকাতা?
শেষ ম্যাচ জিততেই হবে কলকাতাকে। ঘরের মাঠে যেভাবে ঘুরে দাঁড়িয়েছে দল তাতে সেই জয়ের ব্যাপারে আশাবাদী হতেই পারেন সমর্থকরা। তবে শুঢু সেই ম্যাচ জিতলেই কি হবে? অঙ্ক কিন্তু তেমন বলছে না। যদি দিল্লির বিরুদ্ধে কেকেআর ব্রিগেড জিততে পারে, তাহলে সর্বাধিক ১৫ পয়েন্টে পৌঁছতে পারবে অজিঙ্কা রাহানের দল। সেক্ষেত্রে, প্লে-অফ নিশ্চিত না হলেও দরজা অন্তত খোলা থাকবে।
সমস্যা হতে পারে রাজস্থান রয়্যালসকে নিয়ে
রাজস্থান রয়্যালসও প্লে অফে যাওয়ার অন্যতম দাবিদার। সেক্ষেত্রে তারা ১৪ পয়েন্ট সংগ্রহ করে চতুর্থ স্থানে দাঁড়িয়ে রয়েছে। যদি মুম্বইকে তারা হারিয়ে দেয়, তাহলে আর অন্য কোনও সমীকরণের দরকার লাগবে না। সরাসরি ১৬ পয়েন্ট নিয়ে প্লে-অফের টিকিট তারা কনফার্ম করতে পারবে। তবে যদি রাজস্থান একান্তই হেরে যায়, তখন কলকাতার সামনে একটা দরজা খুলে যাবে। ১৩+২ অর্থাৎ ১৫ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠে আসতে পারে।
পঞ্জাব কিংসকেও হারতে হবে
পঞ্জাব কিংস, কেকেআর-এর প্লে অফে যাওয়ার ক্ষেত্রে আরও একটা বড় প্রতিপক্ষ। শুরুর দিকে অপ্রতিরোধ্য থাকলেও, পরপ্পর ম্যাচ হেরে পরিস্থিতি কঠিন করে ফেলেছে তারা। পঞ্জাব এখন ১৩ পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে। শেষ ম্য়াচটা তারা লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে খেলতে নামবে। লখনউয়ের বিরুদ্ধে যদি পঞ্জাব জয়লাভ করে, তাহলে তারাও ১৫ পয়েন্টে গিয়েই দাঁড়াবে। তখন নেট রান রেট একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। বর্তমানে কলকাতার নেট রান রেট ০.০১১ এবং পঞ্জাব কিংসের নেট রান রেট ০.২২৭। অর্থাৎ, লিগ পর্বের শেষ ম্য়াচে কলকাতাকে শুধুমাত্র জিতলেই চলবে না, বড় ব্যবধানে জিততে হবে।