
শনিবার (১৬ মে) গুজরাত টাইটান্সের (GT) বিপক্ষে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) ২০২৬-এর ম্যাচে জ্বলে উঠল ফিন অ্যালেনের ব্যাট। ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত এই ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের (KKR) ওপেনার অ্যালেন মাত্র ৩৫ বলে ৯৩ রান করেন। ম্যাচ চলাকালীন অ্যালেন ১০টি ছক্কা ও ৪টি চার হাঁকান।
ফিন অ্যালেনের বিধ্বংসী ইনিংসের সৌজন্যে কলকাতা ২ উইকেটে ২৪৭ রান তুলেছে। চলতি মরসুমে নিজের দ্বিতীয় সেঞ্চুরি করার সুযোগ পেয়েছিলেন অ্যালেন, কিন্তু স্পিনার আর. সাই কিশোরের বলে বড় শট খেলতে গিয়ে লং-অনে রশিদ খানের হাতে ক্যাচ দিয়ে আউট হন তিনি। এই নিয়ে দ্বিতীয়বার অ্যালেন আইপিএলের এক ইনিংসে ১০টি ছক্কা হাঁকালেন।
চলতি মরসুমের শুরুতে ফিন অ্যালেন দিল্লি ক্যাপিটালসের (DC) বিপক্ষে ৪৭ বলে অপরাজিত ১০০ রান করেন, যার মধ্যে ছিল ১০টি ছক্কা ও ৫টি চার। আইপিএলে এক ইনিংসে সবচেয়ে বেশিবার ১০ বা তার বেশি ছক্কা হাঁকানো ব্যাটারদের তালিকায় অ্যালেন যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন। বৈভব সূর্যবংশী এবং অভিষেক শর্মাও দু'বার করে এই কীর্তি করেছেন। এই তালিকায় প্রথম স্থানে রয়েছেন ক্রিস গেল, যিনি আইপিএলের এক ইনিংসে চারবার ১০ বা তার বেশি হুক্কা মেরেছেন।
কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলের এক ইনিংসে সর্বোচ্চ ছক্কা মারার তালিকায় ফিন অ্যালেন তৃতীয় স্থানে রয়েছেন । রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB) বিপক্ষে আইপিএলের উদ্বোধনী ম্যাচে ব্রেন্ডন ম্যাককালাম ১৩টি ছক্কা মেরেছিলেন। ২০১৮ সালের আসরে চেন্নাই সুপার কিংসের (CSK) বিপক্ষে আন্দ্রে রাসেল ১১টি ছক্কা হাঁকিয়েছিলেন।
আইপিএল ইনিংসে সর্বাধিক ছক্কা (KKR ব্যাটসম্যান)
১৩- ব্রেন্ডন ম্যাককালাম বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, বেঙ্গালুরু, ২০০৮
১১- আন্দ্রে রাসেল বনাম চেন্নাই সুপার কিংস, চেন্নাই, ২০১৮
১০- ফিন অ্যালেন বনাম দিল্লি ক্যাপিটালস, দিল্লি, ২০২৬
১০- ফিন অ্যালেন বনাম গুজরাত টাইটান্স, কলকাতা, ২০২৬
ফিন অ্যালেন ৩৩ রানে ছিলেন যখন জেসন হোল্ডারের বলে মহম্মদ সিরাজের ক্যাচ ফেলে দেন। অ্যালেন এই সুযোগ কাজে লাগিয়ে একটি ঝোড়ো ইনিংস খেলেন।