
১৯ বছরের আইপিএল-এ এমন অনেক কাণ্ড ঘটেছে, যা সকলকে চমকে দেয়। এবার সামনে এল এমনই আরও একটা ঘটনা। আর সেই ঘটনা সামনে আনলেন আইপিএল প্রতিষ্ঠাতা ললিত মোদী। তিনি জানান ২০০৬ সালের আইপিএল-এ ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল। তাঁর এই বক্তব্যের জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটা ভিডিও থেকেই এই ব্ল্যাক ম্যাজিক তত্ত্বটি সামনে এসেছে।
কী ঘটেছে?
সানরাইজার্স হায়দরাবাদ বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সেখানে দেখা যায় এক SRH ফ্যান গ্যালারিতে বসে কিছু একটা মন্ত্র পড়েন। আর সঙ্গে সঙ্গেই চেন্নাইয়ের উইকেট পড়ে যায়। এরপরেই ভাইরাল হয় এই ব্ল্যাক ম্যাজিক তত্ত্ব। তবে বিষয়টা এখানেই থেমে থাকেনি। এরপর সোশ্যাল মিডিয়ায় একটি চিঠিও ভাইরাল হয়। সেখানে দেখা যায়, চেন্নাই সুপার কিং এ ব্যাপারে প্রতিবাদ করে একটি চিঠি লিখেছে। যদিও সেটা ভুয়ো বলে জানিয়ে দেওয়া হয়।
এরপরেই আসরে নামেন ললিত। তিনি পোস্ট করে জানান, এই চিঠিটা ফেক হতে পারে তবে এর আগে একটা দলের মালিক এমন কাজ করতেন। যদিও কাকে বা কোন ফ্র্যাঞ্চেইজি এমন কাজ করত তা খোলসা করেননি আইপিএল-এর প্রাক্তন চেয়ারম্যান। এরপর তিনি গোটা ব্যাপারটা জানিয়ে ফের পোস্ট করেন। সেখানে তিনি সরাসরি নাম না নিলেও, জানান বেশ কয়েকটি দলের মালিকরা প্রায়শই এমন কাজ করতেন। তিনি লিখেছেন, 'আমার মনে আছে, আমি একবার এমন এক দলের মালিকের বিষয়ে একটি পোস্ট করেছিলাম, যিনি প্রতিপক্ষ দলের সঙ্গে ঠিক এমনই একটি কাজ করেছিলেন। আর তা করেছিলেন প্রতিপক্ষ দলের ড্রেসিং রুমের ভেতরেই। এমনকি ২০১১ সালের মরসুমে যখন এই ঘটনাটি ঘটে এবং আমি সুনির্দিষ্ট প্রমাণসহ বিষয়টি জানতে পারি তখনই আমি প্রতিপক্ষ দলের মালিকদের এ ব্যাপারে সতর্ক করে দিয়েছিলাম।
পরে সিনেমা বা ওয়েবসিরিজের মাধ্যমে তিনি এই গোটা ঘটনা প্রকাশ্যে আনবেন বলেও জানিয়ে দিয়েছেন ললিত। তিনি লেখেন, 'আমার দলের সিদ্ধান্ত অনুযায়ী, সিনেমা বা টিভি সিরিজের মাধ্যমে আমি শেষমেশ প্রকাশ করব যে, ঠিক কারা এই ধরনের কার্যকলাপের সঙ্গে জড়িত ছিল।'