
দিন কয়েক আগে কলকাতায় এসে ইতিমধ্যেই দলের সঙ্গে অনুশীলন শুরু করে দিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) শ্রীলঙ্কান পেসার মাহিশা পাখিরানা (Mathisha Pathirana)। সেই টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2026) সময় চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন তিনি। অবশেষে আবার মাঠে ফিরতে চলেছেন 'বেবি মালিঙ্গা' নামে পরিচিত পাথিরানা।
কেকেআরের পরের ম্যাচ লখনউ সুপার জায়েন্টসের বিরুদ্ধে। সেই ম্যাচের আগে পাথিরানা বলছেন, এখনও কেকেআরের জন্য এই প্রতিযোগিতা শেষ হয়ে যায়নি। মঙ্গলবার একটি ভিডিও বার্তায় এই শ্রীলঙ্কান পেসার জানান, 'আমি কখনও ব্যক্তিগত টার্গেট মাথায় রেখে মাঠে নামি না। তাই এই আইপিএলে নিজের জন্য বিশাল বড় কিছু টার্গেট সেট করিনি। আমি শুধু নিজের ১০০ শতাংশ দিয়ে দলকে সাহায্য করতে চাই।'
এই তারকা পেসার মনে করছেন, কেকেআরের এখনও অনেকটাই পথ চলা বাকি। তাঁর মতে সঠিকভাবে চেষ্টা করলে, চলতি আইপিএলে এখনও ভাল কিছু করে দেখাতে পারে নাইট ব্রিগেড। যদি সবকিছু ঠিকঠাক থাকলে ২৬ এপ্রিল ঋষভ পন্তের দলের বিরুদ্ধেই চলতি আইপিএলে প্রথম ম্যাচ খেলবেন পাথিরানা। সেই ম্যাচে নামার আগেই এই বক্তব্য রাখলেন এই পেসার। তিনি বলছেন, 'আমি একেবারেই বিশ্বাস করি না যে, এই মরসুমটা কেকেআরের জন্য শেষ হয়ে গেছে। আমাদের জেতার চেষ্টা চালিয়ে যেতে হবে। কেকেআরের হয়ে মাঠে নামতে আমি মুখিয়ে রয়েছি। লম্বা সময়ের পর কেকেআরের সংসারে আসতে পারলাম। বেশ ভালোই লাগছে আমার।'
কলকাতা নাইট রাইডার্স এবারের আইপিএল-এ একটাই মাত্র ম্যাচ জিততে পেরেছে। আর একটা ম্যাচ না হওয়ায়, ১ পয়েন্ট পেয়েছে। এই মুহূর্তে তারা একেবারে শেষে। ফলে শেষ চারে যেতে হলে, প্রায় সব ম্যাচ জিততে হবে কেকেআর-কে। এমন কঠিন পরিস্থিতিতে দলের সঙ্গে যোগ দিলেন পাথিরানা। ফলে তাঁর পক্ষে কাজটা আরও একটু কঠিন। যদিও তিনি নিজের এবং দলের উপরে আস্থা রাখছেন। এখান থেকেও ঘুরে দাঁড়ানো সম্ভব। বলে মত তাঁর।