
২০২৬-এর আইপিএল-এ মহেন্দ্র সিং ধোনি কি আদৌ খেলবেন? সেটাই এখন ভক্তদের মনে বড় প্রশ্ন। পরপর ম্যাচ হারের ফলে প্লে অফে যাওয়া প্রায় অনিশ্চিত। বৃহস্পতিবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে তাঁর মাঠে নামার কথা থাকলেও ধোনি নামেননি। ফলে সন্দেহ আরও বেড়েছে। তিনি কি আদৌ এই মরসুমে খেলবেন?
ফিটনেসের সমস্যার কারণে চেন্নাইয়ের তারকা ধোনি শুরু থেকেই মাঠের বাইরে। তবে অনুশীলনে তাঁকে উইকেটের পেছনে কিপিং করতে দেখা গিয়েছে মারতে দেখা গিয়েছে বড় বড় ছক্কাও। তবুও কেন অন্তত ইমপ্যাক্ট সাব হিসেবে নামছেন না ধোনি? এটাই এখন বড় প্রশ্ন সমর্থকদের মধ্যে। অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড যখন ম্যাচের আগে দল ঘোষণা করেন, তখন ধোনির নাম সেখানে ছিল না। এটি তাঁর ফিটনেস নিয়ে প্রশ্ন আরও জোড়াল করেছে।
ম্যাচ চলাকালীন, চেন্নাই সুপার কিংসের ব্যাটিং কোচ মাইকেল হাসি সম্প্রচারকদের সঙ্গে কথাবলার সময় ধোনির চোটের বিষয়ে একটি আপডেট দেন। হাসি বলেন, 'সে (ধোনি) শীঘ্রই খেলতে পারবে, কিন্তু সে এখনও শতভাগ ফিট নয়। সে নেটে অনুশীলন করছে এবং ফেরার জন্য প্রস্তুত, কিন্তু উইকেটগুলোর মধ্যে দৌড়াতে তার সমস্যা হচ্ছে। আমরা এবং ভক্তরা উভয়েই অধীর আগ্রহ তার ফেরার অপেক্ষায় আছি।'
ধোনির ঠিক কী হয়েছে?
৪৪ বছর বয়সী এই ক্রিকেটার বর্তমানে কাফ মাসলের চোটে ভুগছেন। মরসুম শুরুর আগে অনুশীলনের সময় তিনি এই চোট পান। এ কারণেই এই মরসুমে তিনি মাঠে নামতে পারেননি। প্রতিবেদন অনুযায়ী, আগামী দুটি ম্যাচে ধোনির মাঠে ফেরা সম্ভব বলে মনে করা হচ্ছে। তিনি ২৬শে এপ্রিল গুজরাত টাইটানসের বিপক্ষে অথবা ২রা মে মুম্বই ইন্ডিয়ানসের বিপক্ষে মাঠে ফিরতে পারেন।
ধোনির আইপিএল রেকর্ড
মহেন্দ্র সিং ধোনি আইপিএল ইতিহাসের অন্যতম সফল অধিনায়ক। তাঁর অধিনায়কত্বে চেন্নাই সুপার কিংস পাঁচবার শিরোপা জিতেছে। ধোনি এখন পর্যন্ত ২৭৮টি আইপিএল ম্যাচ খেলে ৫৪৩৯ রান করেছেন। তাঁর প্রত্যাবর্তন শুধু সিএসকে-র জন্যই নয়, পুরো টুর্নামেন্টের জন্যই একটি বড় মুহূর্ত হবে।