
আইপিএল ২০২৬-এর প্লে অফের লড়াইয়ে বড় মোড়। শ্রেয়স আইয়ারের শতরানের জেরে এখনও শেষ চারের দৌড়ে পঞ্জাব সুপার কিংস। শুধু তাই নয় রিকি পন্টিংয়ের দলের দুর্দান্ত পারফরম্যান্সের কারণে টুর্নামেন্ট থেকে বাইরে চলে গেল দিল্লি ক্যাপিটালস।
শনিবার লখনউয়ে ম্যাচে প্রথমে ব্যাট করে ১৯৬ রান তোলে ঋষভ পন্তরা। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল পঞ্জাব। প্রীতি জিন্টার দলের অধিনায়ক শ্রেয়স মাত্র ৫১ বলে অপরাজিত ১০১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। তাঁর ইনিংসে ছিল ১১টি চার ও ৫টি ছক্কা। অন্যদিকে প্রভসিমরন সিংও ৩৯ বলে ৬৯ রান করেন। দু’জনের মধ্যে তৃতীয় উইকেটে ১৪০ রানের বিশাল পার্টনারশিপ ম্যাচ পুরোপুরি পঞ্জাবের দিকে ঘুরিয়ে দেয়। মাত্র ১৮ ওভারেই লক্ষ্য ছুঁয়ে ফেলেন কিংসরা।
এই জয়ে সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে দিল্লি ক্যাপিটালস। সেই দল এখন আর সর্বোচ্চ ১৪ পয়েন্টের বেশি পৌঁছতে পারবে না। অন্যদিকে পঞ্জাব পৌঁছে গিয়েছে ১৫ পয়েন্টে। ফলে দিল্লির প্লে অফের রাস্তা বন্ধ হয়ে গেল।
এখন শেষ প্লে অফের দৌড়ের জন্য লড়াইয়ে রয়েছে পঞ্জাব, রাজস্থান এবং কলকাতা। ইতিমধ্যেই শেষ চারে যাওয়া নিশ্চিত করেছে বেঙ্গালুরু, গুজরাত ও হায়দরাবাদ।
পঞ্জাবের ১৪ ম্যাচে এখন ১৫ পয়েন্ট। তবে শুধু নিজেদের জয়ে নিশ্চিত করেছে মানেই তারা প্লে অফে উঠে পড়েছে এমনটা নয়। পঞ্জাব চাইবে রবিবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে হেরে যাক রাজস্থান রয়্যালস। পাশাপাশি কেকেআর যদি দিল্লিকে হারায়ও, তবে সেই জয় যেন খুব বড় ব্যবধানে না হয়, কারণ নেট রানরেটের লড়াইও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
অন্যদিকে রাজস্থান রয়্যালসের সমীকরণ সবচেয়ে সহজ। তারা যদি মুম্বই ইন্ডিয়ান্সকে হারাতে পারে, তাহলে সরাসরি প্লে অফে পৌঁছে যাবে। তবে ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে সমস্যায় পড়বে রাজস্থান, কারণ নেট রানরেটে তারা পিছিয়ে পাঞ্জাবের থেকে।
এদিকে কেকেআরের সামনে কঠিন সমীকরণ। তাদের প্লে অফে উঠতে হলে রাজস্থানকে হারতে হবে। তারপর দিল্লি ক্যাপিটালসকে বড় ব্যবধানে হারিয়ে নেট রানরেটে পাঞ্জাবকে টপকাতে হবে।
টানা ছ’টি ম্যাচ হেরে প্রায় ছিটকে গিয়েছিল পঞ্জাব কিংস। কিন্তু অধিনায়ক শ্রেয়স আইয়ারের ব্যাটে ভর করেই ফের জীবন্ত হয়ে উঠল তাদের প্লে অফের স্বপ্ন। এখন ২৪ মে-ই ঠিক হবে আইপিএল ২০২৬-এর শেষ প্লে অফ টিকিট কার হাতে যাচ্ছে।