
Ryan Rickelton Century MI Vs SRH: ওয়াংখেড়ে স্টেডিয়াম বুধবার আইপিএল ২০২৬-এর হাই-ভোল্টেজ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বোলারদের খড়কুটোর মতো উড়িয়ে দিলেন দক্ষিণ আফ্রিকান ব্যাটার রায়ান রিকেলটন। মুম্বই ইন্ডিয়ান্সের নীল জার্সিতে তিনি শুধু শতরানই করলেন না, ভেঙে দিলেন ফ্র্যাঞ্চাইজি ইতিহাসের দীর্ঘদিনের সব রেকর্ড।
এদিন টস জিতে ব্যাট করতে নেমে মুম্বইয়ের শুরুটা ছিল রাজকীয়। চোটের কারণে কুইন্টন ডি কক মাঠের বাইরে থাকায় ওপেনিংয়ে সুযোগ পেয়েছিলেন রিকেলটন। আর সেই সুযোগকে কীভাবে কাজে লাগাতে হয়, তা বুক বাজিয়ে দেখিয়ে দিলেন এই বাঁ-হাতি। শুরু থেকেই হায়দরাবাদের বোলারদের শাসন করতে থাকেন তিনি।
ম্যাচের হাইলাইট ছিল রিকেলটনের শতরান। মাত্র ৪৪ বলে ম্যাজিক ফিগার স্পর্শ করেন তিনি। এর আগে মুম্বইয়ের হয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি ছিল ২০০৮ সালে সনৎ জয়সূর্য এবং চলতি মরশুমে তিলক বর্মার দখলে (৪৫ বল)। তাঁদের দু’জনকেই টপকে এখন মুম্বইয়ের দ্রুততম সেঞ্চুরিয়ানের মুকুট রিকেলটনের মাথায়। তবে ৪৪ বলের ঝড়েও থামেননি তিনি। অপরাজিত থাকলেন ১২৩ রানে। ৫৫ বলের এই অতিমানবীয় ইনিংসে ছিল ১০টি দৃষ্টিনন্দন চার এবং ৮টি বিশাল ছক্কার প্রদর্শনী। এই ইনিংসের সৌজন্যে মুম্বই ইন্ডিয়ান্সের ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ডটিও এখন তাঁর দখলে।
এতদিন এই তালিকার শীর্ষে ছিল সনৎ জয়সূর্যর সেই আইকনিক ১১৪ রানের ইনিংস। ২০০৮ সালে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ওয়াংখেড়েই সেই ইনিংস খেলেছিলেন লঙ্কান কিংবদন্তি। দীর্ঘ ১৮ বছর পর সেই রেকর্ড ভাঙলেন রিকেলটন। ১৮ বছর পর যেন আরও একবার রিকেলটনের ব্যাটে জয়সূর্যর ছায়া দেখল মুম্বই।
রান পাহাড় গড়তে রিকেলটনকে যোগ্য সঙ্গ দেন উইল জ্যাকস। মাত্র ৭ ওভারে তাঁদের ৯৩ রানের ওপেনিং পার্টনারশিপ মুম্বইকে ড্রাইভিং সিটে বসিয়ে দেয়। মাঝপথে দ্রুত কয়েকটা উইকেট পড়লেও রিকেলটন কিন্তু নিজের লক্ষ্যে অবিচল ছিলেন। বোলারদের ওপর আধিপত্য বজায় রেখে মাঠের চারদিকে স্ট্রোকের ফুলঝুরি ছোটান তিনি।
মিডল অর্ডারে নমন ধীরকে সঙ্গে নিয়ে ইনিংস এগিয়ে নিয়ে যান এই প্রোটিয়া তারকা। পাওয়ার আর প্রিসিশনের এক অদ্ভুত মিশেল দেখা গেল তাঁর ইনিংসে। কখনও পেশ পেশির জোরে বল গ্যালারিতে পাঠাচ্ছেন, তো কখনও নিখুঁত প্লেসমেন্টে মাঠের বাইরে। তাঁর দাপটে হায়দরাবাদের বোলাররা লাইন-লেংথ খুঁজে পেতে হিমশিম খেলেন।
ওয়াংখেড়ের গ্যালারি এদিন বারবার ‘রিকেলটন-রিকেলটন’ চিৎকারে ফেটে পড়েছে। ডি ককের অনুপস্থিতি যে মুম্বইকে কোনওভাবেই ভোগাতে পারেনি, তার পুরো কৃতিত্বই এই তরুণের। সুযোগ পেলেই যে তিনি কতটা ভয়ংকর হতে পারেন, তার প্রমাণ পেল ক্রিকেট বিশ্ব।
ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, এটি কেবল একটি শতরান নয়, বরং আইপিএল ইতিহাসের অন্যতম সেরা পাওয়ার হিটিং। যে মেজাজে তিনি ব্যাটিং করেছেন, তাতে প্রতিপক্ষ দলগুলোর কপালে চিন্তার ভাঁজ পড়া স্বাভাবিক। মুম্বই ইন্ডিয়ান্সের ক্রিকেট দফতরও এই সাফল্যে উচ্ছ্বসিত। সব মিলিয়ে রিকেলটনের ব্যাটে ওয়াংখেড়েতে রেকর্ড ভাঙা-গড়ার খেলায় মুম্বই এক বিশাল স্কোরে পৌঁছাল। ইতিহাস বদলে দেওয়া এই রাত মুম্বই সমর্থকরা দীর্ঘকাল মনে রাখবেন। এখন দেখার, এই ছন্দ ধরে রেখে মরশুমের বাকি ম্যাচেও রিকেলটন এমন তান্ডব চালাতে পারেন কি না।
মুম্বই ইন্ডিয়ান্সের (MI) দ্রুততম শতরান (বল অনুযায়ী)
৪৪ -রায়ান রিকেলটন বনাম SRH, ওয়াঙ্কহেডে, ২০২৬
৪৫ - সানাথ জয়সূর্যা বনাম CSK, ওয়াঙ্কহেডে, ২০০৮
৪৫ - তিলক বর্মা বনাম GT, আহমেদাবাদ, ২০২৬
৪৭ - ক্যামেরন গ্রিন বনাম SRH, ওয়াঙ্কহেডে, ২০২৩
৪৯ –-সূর্যকুমার বনাম GT, ওয়াঙ্কহেডে, ২০২৩