
চেন্নাই সুপার কিংসের হয়ে না খেলার কারণে এমনিতেই চর্চায় রয়েছেন মহেন্দ্র সিং ধোনি। তার মাঝেই ফের শিরোনামে তিনি। কারণ একটি ভিডিও। ২০২৬ সালের আইপিএলে এখনও পর্যন্ত একটিও ম্যাচ না খেলা ধোনি চেন্নাইয়ের NSG-র রিজিওনাল সেন্টারে গিয়েছিলেন।
সেখানে গিয়ে তিনি কমান্ডোদের সঙ্গে হাসিঠাট্টা করেন। এমনকী তাঁকে ট্রেনিং করতেও দেখা যায়। সেখানে ধোনি শুট্যিং অনুশীলন করার সময় একজনকে জিজ্ঞাসা করেন, 'আচ্ছা আমাকে ফিট দেখাচ্ছে তো?' উপস্থিত কমান্ডোরা সেই কথা শুনে হেসে ওঠেন। আর সেই ভিডিও ভাইরাল হয়ে যায়।
ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে ধোনির সম্পর্ক কথা সব বেশি সবার জানা। ২০১১ সালে তাঁকে টেরিটোরিয়াল আর্মিতে লেফটেন্যান্ট কর্নেলের সম্মানসূচক পদমর্যাদা প্রদান করা হয়। এরপর তিনি বেশ কয়েকটি সামরিক প্রশিক্ষণ কর্মসূচিতে যোগ দিয়েছিলেন। জম্মু ও কাশ্মীরেও সেনার একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন।
ধোনির এই ভিডিও এমন সময় সামনে এসেছে যখন ক্রিকেট বিশ্বের একটাই প্রশ্ন, ধোনি কি সোমবার (১৮ই মে) খেলবেন? আইপিএল ২০২৬-এ চেন্নাই সুপার কিংসের (সিএসকে) শেষ হোম ম্যাচটি সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে রয়েছে। ভক্তদের আশা, আজ থালা মাঠে নামবেন।
ধোনি আইপিএল ২০২৬-এ একটিও ম্যাচ খেলেননি। টুর্নামেন্ট শুরুর আগে তিনি কাফ মাসলে টান অনুভব করেন। তখন মনে করা হয়েছিল,২ সপ্তাহ খেলবেন না। কিন্তু এখনও মাঠে ফিরতে পারেননি। তবে তাঁকে নেটে দেখা গিয়েছিল। ফলে ভক্তরা মনে করেছিলেন,তিনি ফিরবেন মাঠে।
প্রসঙ্গত, ২০২১ সালে সিএসকে টুর্নামেন্ট জেতার সময় ধোনি বলেছিলেন, 'আমার শেষ টি-টোয়েন্টি হবে চেন্নাইতে।' এখন যেহেতু আইপিএল ২০২৬-এ সিএসকে তাদের শেষ হোম ম্যাচ খেলতে চলেছে, তাই ভক্তরা মনে করছেন আজ থালা মাঠে নামবেন।