
একটা সময় এই মাঠেই চুটিয়ে ক্রিকেট খেলেছেন। বোলারদের রাতের ঘুম উড়িয়ে নিজের জায়গা পাকা করেছেন জাতীয় দলে। তবে বিনোদ কাম্বলির কেরিয়ার খুব বেশিদিন স্থায়ী হয়নি। বর্তমানে শারীরিক ভাবেও খুব একটা 'ফিট' নন। এর মধ্যেই নিজের প্রিয় স্টেডিয়াম ওয়াংখেড়েতে আইপিএল দেখতে এলেন এক কালের দাপুটে বাঁ হাতি ব্যাটার। মুম্বই ইন্ডিয়ান্স বনাম সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচ দেখতে।
এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা চলছে। কাম্বলি যে পুরোপুরি ফিট নন, তা বোঝা গিয়েছিল তাঁকে স্টেডিয়ামে ঢুকতে দেখেই। দুই জনকে সঙ্গে নিয়ে খুব ধীরে হেঁটে হেঁটে স্টেডিয়ামে ঢোকেন ৫৪ বছর বয়সী এই প্রাক্তন ক্রিকেটার। তাঁকে দেখে আপ্লুত মুম্বইয়ের দর্শকরা। আসলে এদের অনেকেই রূপকথার মতো শুনেছেন কাম্বলির ইনিংসের কথা, রেকর্ডের কথা। ফলে কাম্বলি তাঁদের কাছে আজও 'হিরো'। এদের মধ্যেই একজনকে বলতে শোনা যায়, 'খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন...' জবাবে বুড়ো আঙুল উঁচিয়ে উত্তরও দেন তিনি। 'ধন্যবাদ' জানান তিনি।
কাম্বলির অসুস্থতার খবর
শোনা গিয়েছিল, বিনোদ কাম্বলি মারাত্মক অসুস্থ। যে কোনও সময় ব্রেন স্ট্রোকে আক্রান্ত হতে পারেন বলে জানিয়েছেন ডাক্তাররা। তবে এরপরেই এ খবরের সত্যতা অস্বীকার করেন কাম্বলির স্ত্রী আন্দ্রিয়া। তিনি জানিয়ে দেন। সুস্থ আছেন কাম্বলি। 'আমি জানি না কারা এমনটা ছড়াচ্ছেন? ভগবানের আশীর্বাদে কাম্বলি ভাল আছে।'
যদিও তিনি স্বীকার করেছেন যে তাঁর শারীরিক অবস্থার জন্য পরিচর্যা প্রয়োজন, তবুও তিনি জোর দিয়ে বলেছেন যে পরিস্থিতিটি গুজব যতটা ভয়াবহ বলে দাবি করছে, আসলে ততটা গুরুতর নয়। বুধবার ওয়াংখেড়েতে তাঁর উপস্থিতি যেন তাঁর এই অবস্থানকেই যথার্থ প্রমাণ করল। সেখানে দেখা গেল এমন এক ব্যক্তিকে, যিনি শারীরিক দিক থেকে কিছুটা দুর্বল হলেও, এখনো সচল এবং বাইরের জগতের সঙ্গে যুক্ত।
কাম্বলির সাম্প্রতিক উপস্থিতি কেবল ক্রিকেট গ্যালারিতেই সীমাবদ্ধ নয়। ঠিক গত সপ্তাহেই, নিজের আজীবনের বন্ধু সচিন তেন্ডুলকরের ৫৩তম জন্মদিন উদযাপন উপলক্ষে একটি আইসক্রিম ব্র্যান্ডের হৃদয়স্পর্শী ডিজিটাল প্রচারণায় তাঁকে দেখা গেছে। আইকনিক শিবাজি পার্কে শিশুদের মাঝে মিষ্টি বিতরণরত অবস্থায় দেখা যাওয়া কাম্বলিকে তাঁর "শৈশবের নায়কের" প্রতি নিবেদিত এই শ্রদ্ধার্ঘ্যের অংশ হতে পেরে বেশ আবেগাপ্লুত মনে হয়েছে।