
২০১২ সালের আইপিএল-এ বিতর্কে জড়িয়ে পড়েছিলেন শাহরুখ খান। ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিরাপত্তারক্ষীদের সঙ্গে শাহরুখ খানের বচসা হয়। সেই ম্যাচে তাঁর দল কলকাতা নাইট রাইডার্স, মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে দিয়েছিল। এই ঘটনা আলোড়ন ফেলে দেয়। এত বছর পরেও মানুষ তা ভোলেনি। আর এবার এ নিয়ে মুখ খুললেন, তৎকালীন দায়িত্বে থাকা এসিপি ইকবাল শেখ।
কী হয়েছিল?
প্রাক্তন এ সিপি ইকবাল শেখ, শুভজিৎ ঘোষের পডকাস্টে এই ঘটনার বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন। তিনি জানিয়েছেন, 'ম্যাচের পর বেশিরভাগ লোক স্টেডিয়াম ছেড়ে চলে গিয়েছিল। কয়েকটি ফ্লাডলাইটও বন্ধ করে দেওয়া হয়েছিল। এরপর এমসিএ-র একজন কর্মকর্তা এসে বলেন, 'শাহরুখ খান গণ্ডগোল করেছেন। আমি সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যাই, কারণ ওয়াংখেড়ে স্টেডিয়াম তাঁর বিভাগের অধীনে পড়ে।'
ইকবাল শেখ জানান যে, ঘটনার সময় শাহরুখ স্টেডিয়ামে কিছু বাচ্চাদের সঙ্গে খেলছিলেন। একজন নিরাপত্তা কর্মী এতে আপত্তি জানিয়ে বাঁশি বাজান। এই আচরণে শাহরুখ ক্ষুদ্ধ হন এবং তর্ক শুরু হয়। এমসিএ কর্মকর্তারা হস্তক্ষেপ করতে পৌঁছানোর আগেই পরিস্থিতি জটিল হয়ে ওঠে। স্টেডিয়ামের পরিবেশ দ্রুত খারাপ হতে থাকে। পুলিশ পরিস্থিতি সামাল দিতে আসে।
প্রাক্তন এসিপি বলেন, 'পরিস্থিতি সামাল দিতে আমি সরাসরি শাহরুখ খানের কাছে গিয়ে তাঁকে বাইরে আসতে বলি। আমি তাঁকে বলি, 'স্যার, দয়া করে বাইরে আসুন,' এবং তাঁকে বাইরে নিয়ে যাই। তিনি রাজি হন। তখনই পরিস্থিতি শান্ত হয়।' কিং খান একটি সাক্ষাৎকারে এই পুরো বিতর্ক নিয়ে ইতোমধ্যেই নিজের বক্তব্য স্পষ্ট করেছেন। তিনি জানিয়েছেন যে, সেদিন নিরাপত্তাকর্মীটি শিশুদের সামনে আপত্তিকর শব্দ ব্যবহার করেছিলেন। এই শব্দগুলো ছিল অত্যন্ত ধর্মীয় ও ব্যক্তিগতভাবে অপমানজনক, এবং এতে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন।
কী জানিয়েছিলেন শাহরুখ?
শাহরুখ খান 'আপ কি আদালত' শো-তে এই ঘটনাটি নিয়েও কথা বলেছেন। তিনি ব্যাখ্যা করেছেন যে সেদিন তাঁর রাগের আসল কারণ ছিল তাঁর সন্তানেরা। নিরাপত্তাকর্মীটি তাদের সামনে এমন কিছু শব্দ ব্যবহার করেছিল যা তিনি অপছন্দ করতেন। তিনি সেগুলোকে ধর্মীয় এবং ব্যক্তিগতভাবে অত্যন্ত আপত্তিকর বলে মনে করেছিলেন।