
আইসিসি মেন্স টি২০ বিশ্বকাপের সুপার ৮-এর প্রথম ম্যাচে বড় হার হয়েছে ভারতের। ৭৬ রানে দক্ষিণ আফ্রিকা দুরমুশ করেছে সূর্যকুমার ব্রিগেডকে। আর সেই ম্যাচের পরই শুরু হয়েছে সমালোচনা। ভারতীয় দলের ব্যাটিং ব্রিগেডের ব্যর্থতা থেকে গুরু গৌতম গম্ভীরের রণনীতিও চলে এসেছে আতস কাচের তলায়। আর এমনটা হবে নাই বা কেন বলুন তো! ভারতীয় দলে এখন ৮ নম্বর পর্যন্ত ব্যাটার রয়েছেন। তারপরও মাত্র ১১১ রানেই গুটিয়ে যাচ্ছে দল। কোনও ব্যাটাররাই প্রতিরোধ গড়ে তুলতে পারেননি। বিশেষত, বাঁহাতি ব্যাটাররা অফ স্পিনের বিরুদ্ধে একবারেই দাঁড়াতে পারেননি।
আর এই বড় হারের পরই এটা নিশ্চিত হয়ে গিয়েছে যে জিম্বাবোয়ের বিরুদ্ধে ২৬ ফেব্রুয়ারি খেলতে নামা ভারতীয় দলে হতে পারে একাধিক পরিবর্তন। এই সময় দলে দু'টি পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে বলে খবর।
অক্ষর প্যাটেল ফিরতে পারেন
অক্ষর প্যাটেলের দলে ফেরা কার্যত নিশ্চিত আগামী ম্যাচে। ইতিমধ্যেই এই অল রাউন্ডারের হয়ে আওয়াজ তুলেছেন ভারতের প্রাক্তন উইকেট কিপার ব্যাটার পার্থিব প্যাটেল।
আসলে গত দুই ম্যাচ ধরে দলে জায়গা হয়নি অক্ষরের। আর তাতেই চটেছেন পার্থিব। তাঁর মতে, অক্ষরের দলে ফেরা উচিত। অক্ষরের চাপের মধ্যে ভাল খেলার ক্ষমতা রয়েছে। পাশাপাশি বোলিংটাও দারুণ করেন তিনি। এই ক্রিকেটার দলের ভারসাম্য রক্ষা করে। তাই তাঁকে দলে রাখা মাস্ট।
বিপদে রয়েছেন অভিষেক শর্মা
ওপেনার অভিষেক শর্মাকে নিয়েও প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছেন পার্থিব। তাঁর দাবি, পরপর ৪টি ম্যাচে ব্যর্থ হয়েছেন ওপেনার অভিষেক শর্মা। তাই তাঁকেও বাদ দেওয়া হতে পারে। তাঁর জায়গায় দলে জায়গা পেতে পারেন সঞ্জু স্যামসন।
পার্থিবের মতে, অফ স্পিন খেলার সময় সমস্যায় পড়েন অভিষেক। এমন পরিস্থিতিতে টিম ম্যানেজমেন্ট তাঁর জায়গায় অন্য কোনও প্লেয়ারকে আনতে পারে।
ও দিকে আবার ১৭৭ রান করে এই টুর্নামেন্টে ভারতের হয়ে সর্বাধিক রান করেছেন ঈশান কিষান। তবে ঈশানও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তেমন একটা দাঁড়াতে পারেননি। সেটাও একটা চিন্তার বিষয়।
মাথায় রাখতে হবে যে, ভারতের পরবর্তী ম্যাচ রয়েছে জিম্বাবোয়ের সঙ্গে। সেই ম্যাচ হবে ২৬ ফেব্রুয়ারি। আর সেই ম্যাচ ভারতের জন্য ডু-অর ডাই হতে চলেছে। এই ম্যাচে না জিতলেই এবারের মতো ব্যাগপত্র গুছিয়ে বাড়ি। তাই এই ম্যাচে নিজেদের সেরাটাই দিতে হবে সূর্যকুমার ব্রিগেডকে।