Advertisement

Abhishek Sharma : বিরাট কৃতিত্ব অভিষেক শর্মার, এখন তিনিই বিশ্বের এক নম্বর ক্রিকেটার

সাম্প্রতিক সময়ে ভারতীয় টি২০ দলে অভিষেক শর্মার গুরুত্ব ক্রমশ বেড়েছে। তাঁর আক্রমণাত্মক ব্যাটিং দলের ইনিংসের শুরুতেই বড় রান তোলার সুযোগ তৈরি করে। একই সঙ্গে প্রতিপক্ষের বোলারদের দ্রুত পরিকল্পনা বদলাতে বাধ্য করে।

অভিষেক শর্মা (PTI) অভিষেক শর্মা (PTI)
Aajtak Bangla
  • দিল্লি,
  • 28 Oct 2026,
  • अपडेटेड 3:52 PM IST
  • এর আগে এই তালিকার শীর্ষে ছিলেন ঈশান
  • এবার সেই জায়গা পুনরুদ্ধার করলেন অভিষেক

ব্যাট হাতে ঝড় তুলে এবার আইসিসি টি২০ আন্তর্জাতিক ব্যাটিং র‌্যাঙ্কিংয়েও শীর্ষস্থান দখল করলেন অভিষেক শর্মা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি২০ ম্যাচে মাত্র ৩৮ বলে ১১৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন ভারতীয় দলের এই বাঁহাতি ওপেনার। সেই দুরন্ত পারফরম্যান্সের পরই আইসিসি-র টি২০ আন্তর্জাতিক ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠে এলেন তিনি। পিছনে পড়ে গেলেন তাঁরই সতীর্থ ঈশান কিষান। 

ঈশানকে টপকে শীর্ষে অভিষেক

আইসিসি পুরুষদের টি২০ আন্তর্জাতিক ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে ৮৯৭ রেটিং পয়েন্ট নিয়ে প্রথম স্থানে রয়েছেন অভিষেক শর্মা। দ্বিতীয় স্থানে রয়েছেন পাকিস্তানের সাহিবজাদা ফারহান। তাঁর রেটিং পয়েন্ট ৮৮৩। অন্যদিকে, ৮৬৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে নেমে গিয়েছেন ঈশান কিষান।

এর আগে এই তালিকার শীর্ষে ছিলেন ঈশান। চলতি বছরের জুলাইয়ে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ভালো পারফরম্যান্সের সুবাদে তিনি অভিষেককে পিছনে ফেলে এক নম্বর স্থান দখল করেছিলেন। এবার সেই জায়গা পুনরুদ্ধার করলেন অভিষেক। এর আগে ২০২৫ সালের জুলাইয়েও প্রথমবার আইসিসি-র টি২০ আন্তর্জাতিক ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছিলেন তিনি। সে বার অস্ট্রেলিয়ার ট্রাভিস হেডকে পিছনে ফেলেছিলেন ভারতীয় ওপেনার।

৩৮ বলে ১১৩, নিউজিল্যান্ডের বোলারদের নাস্তানাবুদ

নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি২০ ম্যাচে বিধ্বংসী ব্যাটিং করেন  অভিষেক। মাত্র ৩৫ বলে সেঞ্চুরি করেন তিনি। শেষ পর্যন্ত ৩৮ বলে ১১৩ রানে আউট হন। টি২০ ক্রিকেটে দ্রুত রান তোলার ক্ষেত্রে অভিষেকের দক্ষতা নতুন নয়। তবে এই ইনিংস আরও একবার দেখিয়ে দিল, কত অল্প সময়ের মধ্যে ম্যাচের রং বদলে দিতে পারেন তিনি। পাওয়ারপ্লে থেকে শুরু করে পরের ওভারগুলিতেও বড় শট খেলার ক্ষমতা তাঁকে ভারতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যাটার করে তুলেছে।

এই ইনিংসের প্রভাব শুধু ম্যাচের ফলেই সীমাবদ্ধ থাকেনি। আইসিসি-র র‌্যাঙ্কিংয়েও তার প্রতিফলন দেখা গিয়েছে। ধারাবাহিক আক্রমণাত্মক ব্যাটিংয়ের সুবাদে বিশ্বের সেরা টি২০ আন্তর্জাতিক ব্যাটারদের তালিকায় ফের শীর্ষস্থান দখল করলেন অভিষেক।

টি২০ ক্রিকেটে ক্রমশ বাড়ছে অভিষেকের গুরুত্ব

Advertisement

সাম্প্রতিক সময়ে ভারতীয় টি২০ দলে অভিষেক শর্মার গুরুত্ব ক্রমশ বেড়েছে। তাঁর আক্রমণাত্মক ব্যাটিং দলের ইনিংসের শুরুতেই বড় রান তোলার সুযোগ তৈরি করে। একই সঙ্গে প্রতিপক্ষের বোলারদের দ্রুত পরিকল্পনা বদলাতে বাধ্য করে।

আইসিসি-র ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখল তাই অভিষেকের কাছে বড় স্বীকৃতি। তবে এই জায়গা ধরে রাখতে হলে ধারাবাহিক পারফরম্যান্স বজায় রাখাও জরুরি। আপাতত নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত ইনিংসের সুবাদে ফের আলোচনার কেন্দ্রে ভারতীয় ওপেনার। 

Read more!
Advertisement
Advertisement