
পাকিস্তানের ক্রিকেটারদের একাংশ একসময় বিরাট কোহলির সঙ্গে বাবর আজমের তুলনা করতেন। দুই খেলোয়াড়ের মধ্যে আকাশ-পাতাল ফারাক থাকলেও পাকিস্তানের অনেকেই মনে করতেন বাবরও বিরাটের মতো একজন প্রকৃত ম্যাচ ফিনিশার। কিন্তু গত কয়েক বছরে সেই ধারণা সম্পূর্ণ ভেঙেছে। ব্যাটার হিসেবে বিরাট একের পর এক রেকর্ড গড়লেও বাবর পিছিয়ে পড়েছেন। তিনি তো এখন নিয়মিত সুযোগও পান না পাকিস্তানের জাতীয় দলে। সেখানে ৩৭ বছরের বিরাট আইপিএল-এ একের পর এক ম্যাচে দারুণ খেলছেন। এই অবস্থায় বিরাটের নাম শুনেই যেন রেগে যাচ্ছেন বাবর।
বুধবার Pakistan Super League-এ পেশোয়ার জালমির মুখোমুখি হয় হায়দরাবাদ কিংসমেন। সেই ম্যাচে শেষ বলে বাবরের দল জয় ছিনিয়ে নেয়। তারপর সাংবাদিক সম্মেলনে বিরাট কোহলির প্রসঙ্গ উঠতেই মেজাজ হারিয়ে ফেলেন তিনি।
একজন সাংবাদিক প্রশ্ন করেন, 'আপনার তুলনা বিরাট কোহলির সঙ্গে হয়। অথচ ম্যাচ ফিনিসার হিসেবে আপনাকে সেভাবে দেখা যায় না।' এই প্রশ্ন শুনেই মেজাজ হারিয়ে ফেলেন বাবর। সাংবাদিককে মাঝ পথে থামিয়ে তিনি কর্কশ গলায় বলেন, 'আপনি শেষ করুন। আপনার হয়ে গিয়েছে। কেন এমন প্রশ্ন করছেন সেটা আমি জানি। এখন থামুন।' তবে সাংবাদিকও থামার পাত্র ছিলেন না। তিনি পাল্টা কিছু একটা প্রশ্ন করেন। তাতে বাবর আরও রেগে যান। ওই পাক ক্রিকেটার অভিযোগ করেন, তিনিও অনেক ম্যাচে ফিনিশারের কাজ করেছেন। এমন অনেক উদাহরণ আছে। বাবরের কথায়, 'আমি অনেক ম্যাচ ফিনিশ করেছি। আপনার মনে হতে পারে আমি পারিনি কিন্তু তা ঠিক নয়। আমিও অনেক ম্যাচ শেষ করে মাঠ ছেড়েছি।'
বুধবারের ম্যাচে বাবর আজম শুরুটা ভালোই করেছিলেন। তিনি ৩৭ বলে ৪৩ রান করেন। যার মধ্যে ছিল ৬টি চার। কুশল মেন্ডিসের সঙ্গে দ্বিতীয় উইকেটে ৫১ রানের পার্টনারশিপ গড়েন। তবে ১৫তম ওভারের শেষ বলে আউট হয়ে যান। ফলে পেশোয়ারের পক্ষে ম্যাচ জেতা কঠিন হয়ে যায়। শেষ পর্যন্ত ইফতিকার আহমেদ অপরাজিত ১৫ রানের ইনিংস দলকে জয় এনে দেয়।
চলতি PSL-এ বাবর আজম এখন পর্যন্ত ২ ম্যাচে ৪১.০০ গড়ে এবং ১২৬.১৫ স্ট্রাইক রেটে ৮২ রান করেছেন। এই জয়ের ফলে পেশোয়ার জালমি পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছে। তাদের পরবর্তী ম্যাচ করাচি কিংসের বিরুদ্ধে।
বাবর আজম ও বিরাট কোহলির তুলনা বহুদিন ধরেই চলে আসছে। ২০২১ সালে বাবর ওডিআই র্যাঙ্কিংয়ে কোহলিকে ছাড়িয়ে যান এবং ২০২৩ সালে দ্রুততম ৫০০০ ওডিআই রান করার রেকর্ড গড়েন।