
Brian Bennett T20 World Cup 2026: মাত্র ২২ বছর বয়সেই টি-২০ বিশ্বকাপ ২০২৬-এ আলো কাড়ছেন জিম্বাবোয়ের ডানহাতি ব্যাটার ও অফস্পিনার ব্রায়ান বেনেট। ১০ নভেম্বর ২০০৩-এ জন্ম এই তরুণ ক্রিকেটারের ব্যাট এখন আগুন ঝরাচ্ছে। চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত একবারও আউট হননি তিনি। শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ জেতানো অপরাজিত ৬৩ (৪৮ বল) রানের ইনিংস যেমন নজর কাড়ে, তেমনই অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫৬ বলে ৬৪* রানের ঝোড়ো ইনিংস জিম্বাবোয়েকে এনে দেয় ঐতিহাসিক জয়।
টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটে ৫৪ ম্যাচে ১,৭০৮ রান করে ইতিমধ্যেই দেশের চতুর্থ সর্বোচ্চ রানসংগ্রাহক বেনেট। স্ট্রাইক রেট ১৪৩-এর বেশি, গড় ৩৪.১৬। টি-২০তে রয়েছে ১টি শতরান ও ১০টি অর্ধশতরান। ২০২৫ সালে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডেতে ১৬৯ রানের ইনিংস ছিল তাঁর কেরিয়ারের মাইলফলক। একই প্রতিপক্ষের বিরুদ্ধে টেস্ট অভিষেকে ১১০* রান ও ৫/৯৫ বোলিং ফিগার করে নজর কাড়েন।
অধিনায়ক Sikandar Raza-র নেতৃত্বে জিম্বাবোয়ে দলে এখন অন্যতম নির্ভরযোগ্য মুখ বেনেট। সাম্প্রতিক ম্যাচগুলোতে তাঁর স্ট্রাইক রেট ১৪৫-এর ওপরে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৭টি বাউন্ডারি হাঁকিয়ে তিনি ছাপিয়ে যান প্রাক্তন তারকা Hamilton Masakadza-র রানের রেকর্ড। কঠিন পিচে বড় শটের চেয়ে স্মার্ট রানিংয়ে জোর দেওয়ার কৌশলেই সফল হচ্ছেন এই তরুণ। গ্রুপ ১-এ জিম্বাবোয়ের লড়াই টিকিয়ে রাখতে তাঁর ধারাবাহিক অর্ধশতরান বড় ভরসা হয়ে উঠেছে।