Advertisement

Vaibhav Suryavanshi: 'সচিন-কোহলিকেও ছাপিয়ে যেতে পারেন,' বৈভবকে নিয়ে ভবিষ্যদ্বাণী ডেল স্টেনের

আইপিএল ২০২৬-এ ৭৭৬ রান করে নজর কেড়েছেন বৈভব সূর্যবংশী। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন পেসার ডেল স্টেনের মতে, সঠিক পথ অনুসরণ করলে ভবিষ্যতে সচিন-কোহলির সাফল্যকেও ছাপিয়ে যেতে পারেন তিনি।

আইপিএল ২০২৬-এ ৭৭৬ রান করে নজর কেড়েছেন বৈভব সূর্যবংশী।আইপিএল ২০২৬-এ ৭৭৬ রান করে নজর কেড়েছেন বৈভব সূর্যবংশী।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 12 Jun 2026,
  • अपडेटेड 9:14 PM IST
  • ভারতীয় ক্রিকেটের নতুন সেনসেশন বৈভব সূর্যবংশী।
  • বড় মন্তব্য করলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন তারকা পেসার ডেল স্টেন।
  • খুব কম ক্রিকেটারই এত অল্প বয়সে এমন সাফল্য পেয়েছেন।  

ভারতীয় ক্রিকেটের নতুন সেনসেশন বৈভব সূর্যবংশী। আর তাকে নিয়েই বড় মন্তব্য করলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন তারকা পেসার ডেল স্টেন। তাঁর মতে, সঠিক পথে এগোতে পারলে এবং মানসিক ভারসাম্য বজায় রাখতে পারলে বৈভব ভবিষ্যতে এমন উচ্চতায় পৌঁছতে পারেন, যা সচিন তেন্ডুলকর কিংবা বিরাট কোহলির সাফল্যকেও ছুঁয়ে যেতে পারে। স্টেনের এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই জোর চর্চা ক্রিকেটমহলে।

ভারতীয় ক্রিকেটে প্রতিভাবান তরুণদের অভাব নেই। তবে খুব কম ক্রিকেটারই এত অল্প বয়সে এমন সাফল্য পেয়েছেন।  

আইপিএল ২০২৬ এ ব্যাট হাতে নজর কেড়েছেন বৈভব। গোটা টুর্নামেন্টে ৭৭৬ রান করে অরেঞ্জ ক্যাপ জিতেছেন। শুধু রানই নয়, তাঁর ব্যাটিংয়ের স্টাইলও মুগ্ধ করেছে ক্রিকেট বিশেষজ্ঞদের। অনেকের মতে, এই পারফরম্যান্সই প্রমাণ করে দিয়েছে যে তিনি সাধারণ কেউ নন।

দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগ SA20-র আগে এক সাক্ষাৎকারে স্টেন বৈভবকে 'ওয়ান্ডার বয়' এবং 'ভারতীয় ক্রিকেটের সম্পদ' বলে উল্লেখ করেন। তাঁর মতে, তরুণ এই ব্যাটারের মধ্যে এমন কিছু গুণ রয়েছে, যা তাকে ভবিষ্যতে বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার করে তুলতে পারে।

স্টেনের পর্যবেক্ষণ, বৈভবের সবচেয়ে বড় শক্তি হল বিভিন্ন ধরনের বোলিংয়ের বিরুদ্ধে সমান দক্ষতায় আক্রমণাত্মক ব্যাটিং করতে পারা। পেস হোক বা স্পিন, বড় মাঠ হোক বা ছোট মাঠ; পরিস্থিতি অনুযায়ী দ্রুত নিজেকে মানিয়ে নেওয়ার ক্ষমতা রয়েছে। এই গুণই তাঁকে অন্যদের থেকে আলাদা করে তুলছে বলে মনে করেন প্রাক্তন প্রোটিয়া তারকা।

তবে প্রশংসার পাশাপাশি সতর্কও করেছেন স্টেন। তাঁর মতে, অল্প বয়সে সাফল্য এবং জনপ্রিয়তা যেমন আশীর্বাদ, তেমনই তা চ্যালেঞ্জেরও বটে। খ্যাতির চাপ সামলানো এবং ধারাবাহিকতা বজায় খুব কঠিন, মনে করিয়ে দেন ডেল স্টেন।

আধুনিক টি-টোয়েন্টি ক্রিকেটে মানসিক লড়াইও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন স্টেন। তাঁর বক্তব্য, প্রতিপক্ষ বোলাররা তরুণ ব্যাটারদের বিরুদ্ধে বাউন্সার এবং আক্রমণাত্মক কৌশল ব্যবহার করে চাপ তৈরি করার চেষ্টা করেন। ব্যাটারের মনে সামান্য সংশয় বা ভয় তৈরি হলেও তার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা প্রভাবিত হতে পারে।

Advertisement

একই সাক্ষাৎকারে বিরাট কোহলিরও প্রশংসা করেন স্টেন। তিনি বলেন, কোহলির ধারাবাহিকতা, ফিটনেস এবং সাফল্যের প্রতি অদম্য ক্ষুধাই তাঁকে অন্যদের থেকে আলাদা করেছে। বৈভব যদি ভবিষ্যতে সেই স্তরে পৌঁছতে চান, তবে প্রতিভার পাশাপাশি একই ধরনের মানসিক দৃঢ়তাও প্রয়োজন হবে।

তবে প্রশ্ন উঠছে, এত অল্প বয়সে কোনও ক্রিকেটারকে সচিন তেন্ডুলকর বা বিরাট কোহলির সঙ্গে তুলনা করা কি খুব তাড়াহুড়ো হয়ে যাচ্ছে? ক্রিকেটের ইতিহাস বলছে, প্রায় প্রতিটি প্রজন্মেই এমন কিছু প্রতিভা আসে যারা পুরনো রেকর্ড ভাঙার স্বপ্ন দেখায়। কিন্তু সব 'ওয়ান্ডার বয়' শেষ পর্যন্ত কিংবদন্তি হয়ে উঠতে পারেন না।

বৈভব সূর্যবংশী ডেল স্টেনের ভবিষ্যদ্বাণীকে কতটা সত্যি প্রমাণ করতে পারবেন? এখন সেটাই দেখার। তবে আপাতত ভারতীয় ক্রিকেটে তাঁকে ঘিরে প্রত্যাশার পারদ যে দিন দিন চড়েছে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। 

Read more!
Advertisement
Advertisement