
কয়েকমাস পরেই এই মাঠটাই হবে ঘরের মাঠ। আইপিএল শুরু হওয়ার আগে টি২০ বিশ্বকাপের সেমিফাইনালে দুই নিউজিল্যান্ড ওপেনার যে ইনিংস খেললেন তাতে দারুণ খুশি হবেন কলকাতা নাইট রাইডার্স সমর্থকরা। ৩৩ বলে ফিন অ্যালেন সেঞ্চুরি করে ফেললেন। আর তাঁর আরেক সঙ্গী টিম সেইফার্ট ৩৩ বলে ৫৮ রান করে আউট হন। কেকেআর-এর আরেক তারকা রাচিন রবীন্দ্রও সফল ইডেনে।
কেকেআর-এর তিন তারকাই সফল। ফিন অ্যালেন তাঁর ইনিংসে মাতিয়ে দিলেন হোলির রাত। ১০টা চার ও আর আটটা ছক্কায় সাজানো তাঁর ইনিংস। স্ট্রাইক রেট ৩০৩.০৩। অবিশ্বাস্য। ৪৩ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেওয়ার পেছনে বড় অবদান টিম সেইফার্ট। তিনিও কেকেআর শিবিরেই। সাতটা চার ও ২টো ছক্কা মেরেছেন তিনিও। স্ট্রাইক রেট ১৭৫.৭৫।
৪ ওভার বল করে ২৯ রান করে ২ উইকেট তুলে নেওয়া রাচিন রবীন্দ্রও কেকেআর দলেই। ফলে বোঝাই যাচ্ছে কলকাতার দর্শকরা বেজায় খুশি। কলকাতা নাইট রাইডার্স পোস্ট করেও এই তিন ক্রিকেটারকে অভিন্দন জানিয়েছেন। সেটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
প্রথমে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার শুরুটা ভাল হয়নি। দ্বিতীয় ওভারেই ডি'ককের উইকেট পড়ে যায়, যার ফলে সমস্যায় পড়ে দক্ষিণ আফ্রিকা। এরপর রায়ান রিকেলটন খাতা না খুলেই গোল্ডেন ডাকে আউট হন। দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের উইকেট হারানো চলতেই থাকে। তবে শেষ ওভারে মার্কো জ্যানসেনের পঞ্চাশ রানের ফলে দক্ষিণ আফ্রিকা নিউজিল্যান্ডের হয়ে ১৬৯ রানের স্কোর গড়ে। ম্যাট হেনরি, রচিন রবীন্দ্র এবং কোল প্রত্যেকে দুটি করে উইকেট নেন।
১৭০ রানের জবাবে নিউজিল্যান্ডের শুরুটা বেশ ভালো ছিল। টিম সেইফার্ট এবং ফিন অ্যালেন দুর্দান্ত শুরু করেন, প্রথম উইকেটে ১১৭ রান যোগ করেন। দশম ওভারে প্রথম উইকেটের পতন ঘটে, কিন্তু ততক্ষণে নিউজিল্যান্ড ম্যাচে তাদের নিয়ন্ত্রণ কায়েম করে নিয়েছে। এরপর রাচিন রবীন্দ্র ইনিংসের দায়িত্ব নেন, অ্যালেনকে সাপোর্ট দিয়ে যেতে থাকেন।