
বিশ্বকাপের আগে ওয়ার্ম আপ ম্যাচে চোট পেয়ে ভারতীয় দলের চাপ বাড়ালেন হর্ষিত রানা। ওয়ার্ম আপ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলার সময় বল করতে গিয়ে চোট পান ভারতের এই অলরাউন্ডার। এই ম্যাচে ভারতীয় দল দারুণ ব্যাট করায়, স্বস্তিতে ছিলেন কোচ গৌতম গম্ভীর। তবে হর্ষিতের চোট সেই সমস্যা বাড়িয়েছে।
ডিওয়াই পাটিল স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের আনঅফিসিয়াল ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত ও দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচে তিলক বর্মা চোট সারিয়ে ফেলেন। এবং ফিরে তিনি নিজের ফর্মের পরিচয় দেন। তিনি যে তৈরি সেই বার্তা দিলেন। তবে চোট সারিয়ে তিলকের ফেরার দিনে চিন্তা বাড়ালেন হর্ষিত রানা।
কী হয়েছিল হর্ষিতের?
বোলিং করার সময়ে হর্ষিত রানা অস্বস্তি বোধ করছিলেন। তিনি বল করার সময় ছন্দ পাচ্ছিলেন না। একই ওভারে দু’বার তিনি রান আপ নিতে গিয়ে থেমে যান। এর পর দেখা যায় হর্ষিত রানা হাঁটু ধরে বসে আছেন, আর ঝুঁকি না নিয়ে তাঁকে তুলে নেওয়া হয়। হর্ষিত এক ওভার পুরো করেন। তবে দেন ১৬ রান।
এখনও পর্যন্ত হর্ষিতের চোট নিয়ে BCCI আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। অনুমান করা হচ্ছে তাঁর হাঁটুতে সমস্যা দেখা গিয়েছে। বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচ ৭ তারিখ, প্রতিপক্ষ আমেরিকা। সেই ম্যাচের তিন দিন আগে হর্ষিতের চোট চিন্তায় রাখবে। যদিও হাতে বিকল্প রয়েছে। দলে জশপ্রীত বুমরা, অর্শদীপ সিং, হার্দিক পান্ডিয়া, শিবম দুবেরা রয়েছেন। ফলে প্লেয়ারের সমস্যা হবে না।
কী হল এই ম্যাচে?
ভারত প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ৬ উইকেট হারিয়ে তোলে ২৪০ রান। ঈশান কিষান (৫৩), অভিষেক শর্মা (২৪), তিলক বর্মা (৪৫), সূর্যকুমার যাদব (৩০), অক্ষর প্যাটেল (৩৫), হার্দিক পান্ডিয়া (৩০) রান পান।
দক্ষিণ আফ্রিকা রান তাড়া করতে নেমে ২১০ রানে গুটিয়ে যায়। সাত উইকেট হারায় তারা। প্রোটিয়াদের হয়ে সর্বোচ্চ ৪৫ রান করেন ত্রিস্টান স্টাবস। অভিষেক শর্মা দুটি উইকেট নেন। এটা বিশ্বকাপে ভারতের কাছে ভালো খবর। বাকি আর্শদীপ সিং, শিবম দুবে, বরুণ চক্রবর্তী, অক্ষর প্যাটেল একটি করে উইকেট নেন।