
T20 বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন হর্ষিত রানা। কাল থেকে অভিযান শুরু করছে ভারত। কিন্তু তার আগেই গৌতম গম্ভীরের কপালে চিন্তার ভাঁজ। বুধবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ার্ম আপ ম্যাচে চোট পান হর্ষিত রানা। সেই চোটের জেরেই ছিটকে যেতে হল তারকা অল রাউন্ডারকে।
কীভাবে চোট পেলেন হর্ষিত?
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ার্ম আপ ম্যাচে বল করার সময় কনুইয়ে চোট পান তিনি। বেশ অস্বস্তিতে লাগছিল তাঁকে। হাঁটু চেপে বসে পড়েছিলেন। এরপর মাঠ থেকে বেরিয়ে যান। মাত্র একটি ওভার করেন হর্ষিত। দেন ১৬ রান। কোনও উইকেট পাননি।
বিসিসিআইয়ের তরফে হর্ষিতের চোট নিয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি। তাই বোঝা যাচ্ছে না হর্ষিতের চোট কতটা গুরুতর। তবে সূত্রের খবর, তিনি খেলতে পারবেন না।
একের পর এক ক্রিকেটারের চোট
তিলক চোট সারিয়ে ফিরতে না ফিরতেই চোট পেয়ে গেলেন রানা। ওয়াশিংটন সুন্দর এখনও সুস্থ হননি। ওয়ার্ম আপ ম্যাচে তাঁকে দেখা যায়নি। যদিও বিশ্বকাপের দলে তিনি আছেন। চোট সারিয়ে ওয়ার্ম আপ ম্যাচে তিলক মারকাটারি ব্যাটিং করেছেন। এটা স্বস্তির খবর হলে অস্বস্তি হল ওয়াশিংটন। তিনি বেঙ্গালুরুর সেন্টার ফর এক্সেলেন্সে ব্যাটিং অনুশীলন শুরু করে দিয়েছেন আগেই। বুধবার বোলিং সেশনও সেরেছেন। কিন্তু এখনও বোর্ডের মেডিক্যাল টিম তাঁকে ফিট ঘোষণা করেনি।
হর্ষিত এবং ওয়াশিংটনের সুস্থতার দিকে তাকিয়ে রয়েছে দল। যদি দু’জন একান্তই না পারেন সেক্ষেত্রে পরিবর্ত নিতে হবে। যদিও ম্যানেজমেন্টের আশা দুই ক্রিকেটারই ঠিক সময়ে সুস্থ হয়ে যাবেন।
ভারতের ম্যাচ
৭ ফেব্রুয়ারি ভারত বনাম আমেরিকা, মুম্বই
১২ ফেব্রুয়ারি ভারত বনাম নামিবিয়া, দিল্লি
১৫ ফেব্রুয়ারি ভারত বনাম পাকিস্তান, কলম্বো
১৮ ফেব্রুয়ারি ভারত বনাম নেদারল্যান্ডস, আহমেদাবাদ
গতবারের চ্যাম্পিয়ন ভারত ঘরের মাঠে সেই শিরোপা ধরে রাখার লড়াইয়ে নামবে। বিশ্বকাপের পর থেকে দারুণ ছন্দের রয়েছে সূর্যকুমার যাদবের ভারত। একটাও সিরিজ হারেনি তারা। ব্যাটে অভিষেক শর্মা, ঈশান কিষানরা দারুণ ছন্দে। ভাল পারফর্ম করছেন আর্শদীপ, বরুণ চক্রবর্তীরাও। ফলে বেশ ভাল জায়গায় টিম ইন্ডিয়া।