
পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় দলে বদল আনতে বললেন সুনীল গাভাস্কার (Sunil Gavaskar)। টি২০ বিশ্বকাপের (ICC T20 World Cup 2026) মহারণের আগে বিশেষ পরামর্শ ভারতের প্রাক্তন তারকার। টুর্নামেন্টের প্রথম দুটি ম্যাচে এখনও পর্যন্ত সুন্দরকে খেলা হয়নি, কারণ ভারত দুই স্পিনার হিসেবে বরুণ চক্রবর্তী এবং অক্ষর প্যাটেলকে বেছে নিয়েছে।
প্রেমাদাসা স্টেডিয়াম স্পিনাররা দারুণ সাহায্য পাবেন বলে আশা করা হচ্ছে, তাই গাভাস্কার আর্শদীপ সিংয়ের পরিবর্তে ওয়াশিংটন সুন্দরকে দলে নিয়ে একজন অতিরিক্ত স্পিনারকে খেলানোর পরামর্শ দিয়েছেন। বাঁহাতি এই পেসার এখন পর্যন্ত দুটি ম্যাচেই খেলেছেন এবং তিনটি উইকেট নিয়েছেন।
আজ তককে দেওয়া সাক্ষাৎকারে মুখ খুলেছেন গাভাস্কার। তিনি বলেন, 'আমি আরও বলব যে যদি পিচ স্পিন সহায়ক হয়, তাহলে আমি চাইব ভারতীয় দল হার্দিক পান্ডিয়া এবং জসপ্রীত বুমরাকে নিয়ে বোলিং শুরু করুক এবং ওয়াশিংটন সুন্দরকে দলে রাখুক। ওয়াশিংটন সুন্দর স্পিন বোলিং করতে পারেন এবং তিনি একজন বাঁ হাতি ব্যাটার যিনি আট নম্বরে নেমে রান করতে পারেন। তাই আমি চাই টিম ম্যানেজমেন্ট প্লেয়িং ইলেভেন চূড়ান্ত করার আগে পিচ এবং কন্ডিশন সাবধানে মূল্যায়ন করুক।'
উসমান তারিকের বোলিং কি সমস্যায় ফেলবে ভারতীয় দলকে? গাভাস্কার বলেন, 'আগের ম্যাচে আবরারের বিপক্ষে খেলেছে ভারতীয় দল, তাই তার বিপক্ষে খুব বেশি সমস্যার সম্মুখীন হয়নি। উসমান তারিক নতুন, এবং আমি শুনেছি যে পাকিস্তানি ব্যাটসম্যানরাও যারা খেলছিল তাদের খুব বেশি সমস্যা হয়নি। আমার মনে হয় না খুব বেশি সমস্যা হবে। তবে, যদি বল তীব্রভাবে ঘুরতে শুরু করে, তাহলে এটি যেকোনো ব্যাটসম্যানকে সমস্যায় ফেলতে পারে।'
ভারতীয় দল কলম্বো উড়ে যাওয়ার আগে ঈশান কিষান সাংবাদিক সম্মেলনে বলেন, 'টি-টোয়েন্টি ক্রিকেট অনেক বেশি মানসিকতার খেলা। আমরা উসমান তারিকের কিছু ভিডিও ফুটেজ দেখেছি, তাই ওর বোলিং সম্পর্কে কিছুটা ধারণা আমাদের আছে। তবে কোনো এক জন বোলারকে নিয়ে আলাদা করে অতি-চিন্তা করে আমরা নিজেদের ওপর চাপ বাড়াতে চাই না।' ঈশান আরও যোগ করেন, 'আমাদের পরিকল্পনা খুব সহজ, যেমন বল করবে সেই অনুযায়ী নিজেদের স্বাভাবিক শট খেলব। যদি বোলার ভুল করে এবং মারার মতো বল পাই, তবে বড় শট খেলতে আমরা পিছপা হব না।'