
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হারের পর, চাপে পড়ে গিয়েছে ভারতের মহিলা দল (Team India)। টি২০ বিশ্বকাপে (T20 World Cup 2026) আজ মুখোমুখি হচ্ছে ভারত ও বাংলাদেশ (India vs Bangladesh)। এই ম্যাচে জিততেই হবে হরমনপ্রীত কৌরদের (Harmanpreet Kaur)। গ্রুপ ‘এ’-র তিন ম্যাচ থেকে তারা চার পয়েন্ট সংগ্রহ করেছে। আপাতত ভারত পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে দাঁড়িয়ে রয়েছে। এই পরিস্থিতিতে শেষ ২ ম্যাচে বাংলাদেশ (IND W vs BAN W) এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভালো ফল করতেই হবে।
ম্যানচেস্টারে বাংলাদেশের (India vs Bangladesh) বিরুদ্ধে মাঠে নামবে ভারত। এই ম্যাচে জয় ছাড়া অন্য কোনও ফল কার্যত ভারতের সেমিফাইনালের সম্ভাবনাকে বড় ধাক্কা দিতে পারে। কারণ এরপরই অপেক্ষা করছে শক্তিশালী অস্ট্রেলিয়া। তাই বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচটি ভারতের কাছে ‘জীবন-মরণ’ লড়াই হিসেবেই দেখা হচ্ছে।
হেড টু হেড লড়াইয়ে কারা এগিয়ে?
মহিলা টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটে ভারত ও বাংলাদেশের মধ্যে এখনও পর্যন্ত ২৩ ম্যাচ খেলা হয়েছে। এর মধ্যে ভারত জিতেছে ২০ ম্যাচ। আর বাংলাদেশ জিতেছে মাত্র তিনটেয়। পরিসংখ্যান স্পষ্টভাবেই ভারতের আধিপত্যের কথা বলছে। বিশ্বকাপের মঞ্চেও দুই দলের মধ্যে তিনবার মুখোমুখি লড়াই হয়েছে। আর প্রতিবারই জয়লাভ করেছে ভারতের প্রমীলাবাহিনী। ফলে এই প্রতিযোগিতায় বাংলাদেশের বিরুদ্ধে ১০০ শতাংশ জয়ের রেকর্ড ধরে রাখাই হবে ভারতের লক্ষ্য।
সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত?
বাংলাদেশের বিরুদ্ধে জয় শুধু ২ পয়েন্টই এনে দেবে না, অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে নামার আগে দলের আত্মবিশ্বাসও অনেকটা বাড়াবে। তাই ম্যানচেস্টারের এই ম্যাচ ভারতীয় মহিলা দলের বিশ্বকাপ অভিযানের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় হতে চলেছে।
কখন ম্যাচ? কীভাবে দেখবেন?
ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায়। টস হবে সাতটায়। জিও হটস্টারে দেখা যাবে এই ম্যাচ। টিভিতে স্টার স্পোর্টসে ম্যাচ দেখতে পারবেন। গত বছর ৫০ ওভারের বিশ্বকাপ জিতেছিল ভারতের মেয়েরা। টি২০ বিশ্বকাপে কি এবার সেরা হতে পারবে তারা?