
ক্রিকেটের মাঠে ভারত-পাকিস্তান মানেই টানটান উত্তেজনা। কিন্তু মাঠের বাইরের প্লেয়ারদের সম্পর্ক যে সম্পূর্ণ আলাদা হতে পারে, আরও একবার যেন তারই প্রমাণ পাওয়া গেল। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং বিশ্বকাপজয়ী অধিনায়কের শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে চিঠি দিলেন বিশ্ব ক্রিকেটের ২২ জন প্রাক্তন আন্তর্জাতিক অধিনায়ক। তাঁদের মধ্যে রয়েছেন ভারতের দুই বিশ্বকাপ জয়ী, কপিল দেব এবং সুনীল গাভাসকর।
৭৩ বছর বয়সী ইমরান গত প্রায় তিন বছর ধরে জেলবন্দি। তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ক্রিকেটের একাধিক প্রাক্তন তারকা। তাঁদের দাবি, ইমরানের চিকিৎসার ক্ষেত্রে পাকিস্তান সরকারের আরও স্বচ্ছ এবং নিরপেক্ষ হওয়া প্রয়োজন।
ইমরানের চিকিৎসা নিয়ে উদ্বেগ
সূত্রের খবর, ইমরানের শারীরিক পরীক্ষা নিয়ে পাকিস্তানের সুপ্রিম কোর্ট একটি বিশেষ মেডিক্যাল বোর্ড গঠনের নির্দেশ দিয়েছিল। পাশাপাশি পরিবারের সদস্যদের প্রতি সপ্তাহে জেলে গিয়ে তাঁর সঙ্গে দেখা করার অনুমতিও দেওয়া হয়েছিল।
কিন্তু প্রাক্তন অধিনায়কদের দাবি, আদালতের নির্দেশ অনুযায়ী পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা করা হয়নি। তাঁদের অভিযোগ, ইমরানকে মাত্র কয়েক ঘণ্টার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে সরকারি চিকিৎসকরা তাঁকে শারীরিকভাবে সুস্থ বলে জানান। এর পরেই তাঁকে ফের অ্যাডিয়ালা জেলে পাঠানো হয়।
এই ঘটনায় আদালতের নির্দেশ যথাযথভাবে মানা হয়েছে কি না, তা নিয়েই প্রশ্ন তুলেছেন ক্রিকেটের প্রাক্তন অধিনায়কেরা।
কী দাবি ২২ প্রাক্তন অধিনায়কের?
অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক গ্রেগ চ্যাপেলের উদ্যোগে এই চিঠি। চিঠিতে স্পষ্ট জানানো হয়েছে, তাঁরা কোনও রাজনৈতিক অবস্থান থেকে এই আবেদন করছেন না। বরং ক্রিকেটের দীর্ঘদিনের সতীর্থ এবং সহকর্মী হিসেবেই ইমরানের পাশে দাঁড়িয়েছেন।
চিঠিতে মূলত তিনটি দাবি জানানো হয়েছে।
প্রথমত, আদালতের নির্দেশ মেনে একটি স্বাধীন মেডিক্যাল বোর্ড গঠন করতে হবে। সেই বোর্ডে ইমরানের ব্যক্তিগত চিকিৎসকদেরও রাখার দাবি জানানো হয়েছে। তাঁর সম্পূর্ণ স্বাস্থ্য পরীক্ষা করার পাশাপাশি বিশেষ ভাবে ডান চোখের দৃষ্টিশক্তি কমে যাওয়ার অভিযোগ খতিয়ে দেখার কথা বলা হয়েছে।
দ্বিতীয়ত, চিকিৎসকেরা যে চিকিৎসার পরামর্শ দেবেন, তা যেন কোনও রকম দেরি না করে ইমরানকে দেওয়া হয়।
তৃতীয়ত, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ইমরানের পরিবারের সদস্যদের প্রতি সপ্তাহে তাঁর সঙ্গে দেখা করার সুযোগ দিতে হবে। প্রশাসনের তরফে সেই সাক্ষাতে কোনও বাধা দেওয়া যাবে না বলেও আর্জি জানানো হয়েছে।
গাভাসকর-কপিল ছাড়াও এই চিঠিতে কারা আছেন?
এই চিঠিতে বিশ্বের ৯টি দেশের প্রাক্তন অধিনায়করা স্বাক্ষর করেছেন বলে জানা গিয়েছে। ভারতের হয়ে সই করেছেন সুনীল গাভাসকর, কপিল দেব এবং দিলীপ বেঙ্কটসরকার।
এ ছাড়াও অস্ট্রেলিয়ার অ্যালান বর্ডার, গ্রেগ চ্যাপেল এবং ইয়ান চ্যাপেল, ইংল্যান্ডের নাসির হুসেন ও অ্যালেস্টার কুক এবং ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক ক্লাইভ লয়েড-সহ একাধিক প্রাক্তন তারকা রয়েছেন তালিকায়।
ক্রিকেটের মাঠে এক সময় ইমরানের ক্যাপ্টেন্সিতে পাকিস্তানের বিরুদ্ধে খেলেছেন এই তারকারা। ক্রীড়াজগতের সেই পুরনো সম্পর্কের জায়গা থেকেই এবার তাঁর চিকিৎসা এবং পরিবারের সঙ্গে দেখা করার অধিকার নিশ্চিত করার দাবি তুললেন প্রাক্তন ক্রিকেটাররা।